আগুনে ক্ষয়ক্ষতি বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুতল ভবন ও কলকারখানা তৈরিতে নিয়ম না মানার কারণে চট্টগ্রামে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। গত ১০ মাসে চট্টগ্রাম জেলায় আগুনে ক্ষতি হয়েছে প্রায় ২৮ কোটি টাকা। এ সময়ে এক হাজার তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসব ঘটনার বেশির ভাগই ঘটেছে বৈদ্যুতিক গোলযোগ (শর্টসার্কিট) থেকে। এতে ২০ জন নিহত এবং ২৬ জন আহত হয়। অগ্নিনির্বাপণকেন্দ্র (ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স) সূত্রে এসব তথ্য জানা যায়। সূত্র জানায়, গত জানুয়ারি-অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম জেলায় অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ ছিল ২৭ কোটি ৯৩ লাখ ৩৮ হাজার ১০০ টাকা। এর মধ্যে অগ্নিনির্বাপণকেন্দ্রের তৎপরতার কারণে প্রায় ১৬৫ কোটি ৪৩ লাখ ৪৩ হাজার টাকার সম্পদ রক্ষা পায়। সূত্র জানায়, শিল্পকারখানা, পোশাকশিল্প প্রতিষ্ঠান ও দোকানপাটের জন্য অগ্নিনির্বাপণকেন্দ্রের সনদ (ফায়ার লাইসেন্স) নেওয়ার নিয়ম রয়েছে। আগুন নেভানোর দক্ষতাসম্পন্ন প্রশিক্ষিত জনবল ও যন্ত্রপাতি থাকা সাপেক্ষে এ সনদ দেওয়া হয়। কিন্তু এ ক্ষেত্রে নানা রকম প্রভাব খাটিয়ে সনদ আদায় করার অভিযোগ রয়েছে। অপরদিকে, বহুতল ভবন তৈরির আগে এর আগুন নেভানোর মতো প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে এমন ‘অনাপত্তি ছাড়পত্র’ নিতে হয়। জরুরি অবস্থায় ভবন থেকে বেরিয়ে আসার জন্য অন্তত দুটি সিঁড়ি এবং একটি লিফট থাকা দরকার। কিন্তু এসব নিয়মও মানা হয় না সব ক্ষেত্রে। এ ব্যাপারে অগ্নিনির্বাপণকেন্দ্রের আগ্রাবাদ বিভাগীয় কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নিয়ম মেনে কলকারখানা, শিল্পপ্রতিষ্ঠান ও বহুতল ভবন তৈরি করলে অনেক বড় ধরনের দুর্ঘটনা ও ক্ষতির হাত থেকে বাঁচতে পারি আমরা। কিন্তু এ ক্ষেত্রে আমাদের উদাসীনতাই ঝুঁকি বাড়িয়ে দেয়।’ তিনি আরও জানান, ফায়ার লাইসেন্স না নেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৩ নভেম্বর হালিশহর, বন্দরটিলা ও ফৌজদারহাট এলাকার তিনটি শিল্পপ্রতিষ্ঠানের কাছ থেকে তিন লাখ টাকা জরিমানা আদায় করেন। তিনি বলেন, এভাবে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে সচেতনতা সৃষ্টি করা হয়। জানা যায়, দ্রুত আগুন নেভানো এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য অগ্নিনির্বাপণকেন্দ্র কর্তৃপক্ষ ইতিমধ্যে স্বেচ্ছাসেবক দল গড়ে তুলেছে। এ ক্ষেত্রে বিভিন্ন ওয়ার্ডের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বেছে নেওয়া হয়। পরে তাদের হাতে-কলমে আগুন নেভানোর কলাকৌশল শিখিয়ে সনদ দেওয়া হয়। এরাই অগ্নিনির্বাপণকেন্দ্রের সদস্যদের সহযোগী হিসেবে কাজ করেন। এ ব্যাপারে উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, চট্টগ্রাম জেলার ১৫টি অগ্নিনির্বাপণকেন্দ্রের মধ্যে সীতাকুণ্ড, কালুরঘাট, হাটহাজারী ও পটিয়া কেন্দ্রের সদস্যদের সহযোগিতার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবক দল গড়ে তোলা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য কেন্দ্রেও এ সুবিধা চালু করা হবে।’ তিনি আরও জানান, ‘২০ হাজার স্বেচ্ছাসেবক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে ৬০০ সদস্য আমাদের স্বেচ্ছাসেবক দলে অন্তর্ভুক্ত হয়েছে। এদের পাশাপাশি ক্যাডেট কোর, গার্লস গাইডস, ইমাম, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবীরাও আমাদের কাছ থেকে অগ্নিনির্বাপণের প্রশিক্ষণ নিয়েছেন।’