কক্সবাজারের রামু উপজেলার ফকিরাবাজারে বেশ কয়েক বছর আগে প্রসাধন সামগ্রীর দোকান দিয়েছিলেন মো. দেলোয়ার (৩৫)। ছোট পুঁজি নিয়ে ব্যবসা শুরু করলেও ধীরে আয়-উন্নতি হচ্ছিল। স্বপ্ন ছিল ব্যবসা বাড়াবেন। তবে গত সোমবার এক মুহূর্তে ছাই হয়ে গেছে দেলোয়ারের স্বপ্ন। কক্সবাজারের অন্যতম বড় এই বাজারে ১২ ডিসেম্বর রাত পৌনে ১১টার দিকে আগুন লাগলে প্রায় ১৫টি দোকান ও বসত-বাড়ি পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতি হয় এক কোটি টাকার। প্রত্যক্ষদর্শীরা জানান, ফকিরা বাজার জামে মসজিদের দক্ষিণ পাশে একটি ব্যবসা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। দ্রুত আগুনের শিখা ছড়িয়ে পড়লে ১২টি দোকান ও তিনটি বসতঘর পুড়ে যায়।রাত সাড়ে ১১টায় কক্সবাজার ও চকরিয়া থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নেভায়। পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে ওষুধ, প্রসাধন, তৈজসপত্র, ইলেকট্রনিকস ও চায়ের দোকান রয়েছে। ক্ষতিগ্রস্ত মো. দেলোয়ার তাঁর আধাপাকা দোকানের পেছনের অংশে পরিবার-পরিজন নিয়ে থাকতেন। এখন তাঁর থাকার জায়গাও নেই। দেলোয়ার জানান, প্রায় পাঁচ লাখ টাকার পুঁজি ছিল তাঁর। আবার কীভাবে ব্যবসা শুরু করবেন, জানেন না তিনি। ব্যবসায়ী আবদুল মান্নানের (৫০) তৈজসপত্রের দোকান পুড়ে গেছে অগ্নিকাণ্ডে। কয়েক দশক ধরে এই বাজারে ব্যবসা করছেন তিনি। তাঁর দোকানে প্রায় আট থেকে ১০ লাখ টাকার মালামাল ছিল বলে জানান তিনি।