আগুনে পুড়ে গেছে ১২ দোকান ও পাঁচ বসতঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে আগুনে পুড়ে গেছে ভুয়াছড়ি বাজারের ১২টি দোকান ও পাঁচটি বসতবাড়ি। ক্ষতির পরিমাণ কোটি টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে সাতটা দিকে ভূয়াছড়ি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। চুলা থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা না থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ঝাড়ুফুল, আদা ও হলুদের চারটি গুদাম ঘর পুড়ে গেছে। মজুদ পণ্যের দাম অর্ধকোটি টাকার বেশি হবে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান। বাজারের পাশে থাকা সাজেক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য কালা চোগা চাকমার বাড়িসহ পাঁচটি বসতঘরও পুড়ে ছাই হয়ে গেছে।ঝাড়ুফুল ব্যববসায়ী বিনয় প্রাসদ চাকমা বলেন, ‘আমার দোকানের প্রায় ১৫ লাখ টাকার ঝাড়ুফল পুড়ে গেছে। গত দুই মাস ধরে বিভিন্ন এলাকা থেকে ঝাড়ুফুল সংগ্রহ করে মজুদ করেছি।’ হলুদ ব্যবসায়ী রুপন চাকমা বলেন, ‘আমার সব শেষ। গয়না ও জমি বন্ধক দিয়ে হলুদ কিনে মজুদ রেখেছিলাম। অগ্নিনির্বাপণের ব্যবস্থা না থাকায় কিছুক্ষণের মধ্যে সব পুড়ে ছাই হয়ে গেছে।’ সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ‘একটি চুলা থেকে আগুনের সূত্রপাত। ১২টি দোকানঘরসহ ১৭টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে আমার একজন ইউপি সদস্যের বাড়ি রয়েছে।’