আগুয়ান আসাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় ভাবনা, বড় কাজ আর শেষে বড় জায়গা দখল—ছোটবেলা থেকে এমন চিন্তার মধ্যেই বেড়ে ওঠা এস এম আসাদুজ্জামানের। কাজের প্রতি দ্বায়িত্ববোধ আর আত্মবিশ্বাসই আসাদুজ্জামানকে পৌঁছে দিল সাফল্যের শীর্ষে। এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন (স্নাতক) চূড়ান্ত পরীক্ষায় প্রথম শেণীতে প্রথম। শুধু তাই নয়, প্রথম সেমিস্টার থেকে শেষ সেমিস্টার পর্যন্ত প্রথম স্থানটি ছিল তাঁর নিজ দখলে! চলছে স্নাতকোত্তর। ‘এই স্নাতকোত্তরেও পূর্বের ধারাবাহিকতা রক্ষা করতে চাই।’ দৃপ্ত কণ্ঠ আসাদুজ্জামানের। আসাদুজ্জামানের সাফল্যের শুরু ঢাকার মণিপুর উচ্চবিদ্যালয় থেকে। মাধ্যমিকে পেয়েছেন জিপিএ-৫। একই ধারাবাহিকতায় উচ্চমাধ্যমিকেও কমার্স কলেজ থেকে পেয়েছেন জিপিএ-৫। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিপরীক্ষায় ‘ঘ’ ইউনিট থেকে মেধাতালিকায় হয়েছেন ৩৯তম। ভর্তি হয়েছেন লোকপ্রশাসন বিভাগে।এটুকু জেনে আপনার মনে হতে পারে, আসাদুজ্জামানের এ সাফল্য শুধুই পড়ার টেবিলকেন্দ্রিক। আসলে তা নয়। বাইরের জগৎটাও তাঁকে কম টানেনি। সেই টান থেকেই গার্মেন্টসকর্মীরা কোন ধরনের রাজনীতির সঙ্গে জড়িত তা নিয়ে গবেষণা করেছেন। গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ প্রকল্প নারীর ক্ষমতায়নে কতটা সহায়ক হয়েছে তা জানতে হেঁটেছেন তৃণমূল সমাজে। একটি পরিবেশবাদী উন্নয়ন সংস্থার হয়ে কাজ করেছেন ইলেকট্রনিক বর্জগুলো আবার কীভাবে কাজে লাগানো যায় তা নিয়ে। থামেনি পথচলা। নিজ আঙ্গিনা নিয়েও করেছেন গবেষণাধর্মী কাজ।এতো গেল লেখাপড়ার কথা। এবার জানা যাক ভালো কিংবা মন্দ লাগার কথা। ‘লোকগান ভালো লাগে, দেশাত্মবোধক গানও ভীষণ পছন্দের। সুযোগ পেলেই বসে যাই চলচ্চিত্র দেখতে। আর বন্ধুদের সঙ্গে আড্ডাও চলে বিরামহীন।’ বলছিলেন ঢাকার কাজীপাড়ায় বেড়ে ওঠা আসাদুজ্জামান। তিন ভাইয়ের মধ্যে বড় আসাদুজ্জামান এরপর জানালেন তাঁর মন্দ লাগার বিষয়। ‘ধূমপান একদমই পছন্দ না আমার। তাই আধুনিকের (আমরা ধূমপান নিবারণ করি) সঙ্গে কাজ করছি দশম শ্রেণী থেকে।’ সবশেষে জানা হলো স্বপ্নের কথা। আসাদুজ্জামানের স্বপ্ন উচ্চশিক্ষা শেষে একজন সফল শিক্ষক হতে চান। পাশাপাশি কোনো গবেষণা প্রতিষ্ঠানের হয়ে বিভিন্ন বিষয়ে গবেষণাও চালাতে চান সমানতালে।