আগে কী সুন্দর ঈদ কাটাইতাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল এই যুগে তো ফেসবুকেই ঈদ হয়ে যায়! আশা করি, এ ঈদেও যে যার সামর্থ্য অনুযায়ী ‘স্ট্যাটাস’ দেবেন। গতানুগতিক স্ট্যাটাসের বাইরে কারও কারও স্ট্যাটাসে হয়তো উঠে আসবে দেশভাবনার মতো গম্ভীর টপিক! সঙ্গে কম খাওয়া-পরার বিষয়টি তো আছেই। বছরের অন্যান্য সময় বিভিন্ন স্ট্যাটাসের কমেন্টে পাল্টাপাল্টি ধাওয়া বা পিকেটিংয়ের মতো ঘটনা নজরে পড়লেও ঈদে ফেসবুকে সবাইকে বেশ সৌহার্দ্যপূর্ণ ঈদ উদ্যাপন করতে দেখা যায়। ফেসবুকে ‘কোলাকুলি’ করার কোনো ‘অ্যাপ্লিকেশন’ থাকলে সৌহার্দ্যের ব্যাপারটি আরও জমত! তখন ফেসবুকে ঈদের কোলাকুলিটাও সেরে নেওয়া যেত। ঈদের দিনশেষে বান্ধবীদের দেখা যায় নিজের হাতে রান্না করা স্পেশাল ঈদ আইটেমের ছবি ফেসবুকে আপলোড করতে। ডিজিটাল যুগে সেসব ফটো ‘লাইক’ করে পেট ভরাতে হয়! ফেসবুক আসার আগে ঈদে সামনাসামনি প্রিয়জনদের ফেস না দেখা পর্যন্ত বুকে শান্তি লাগত না। দিন বদলে গেছে।প্রাণী হিসেবে পান্ডা বেশ ঠান্ডা স্বভাবের। এই পান্ডা এবং মানুষের মধ্যে একটি বিষয়ে মিল খুঁজে পাওয়া যায়। পান্ডা সারা জীবন বাঁশ খেয়ে পার করে দেয়। অন্যদিকে মানুষেরও সারা জীবন কেটে যায় বাঁশ খেয়ে! দ্রব্যমূল্যের আকাশ জয়ের ফলে এখন ঈদের শপিং সেন্টারগুলো বাঁশ খাওয়ার অন্যতম স্থান। তার পরও যদি পোশাক-আশাকের অবস্থা ভালো হতো! রফিক সাহেব তাঁর মেয়ের জন্য শাড়ি কিনতে গিয়ে দেখেন, মশারি বিক্রি হচ্ছে; অথচ বলা হচ্ছে নেটের শাড়ি! আবার ছেলের জন্য একটা পরিষ্কার প্যান্টও তিনি পেলেন না। দেখে মনে হয়, যেন পুরোনো প্যান্টগুলোতে ফরমালিন মাখিয়ে তরতাজা বানানোর চেষ্টা করা হয়েছে! ঘষে প্যান্টের রং তোলা, ঝুট দিয়ে তালি মারা, কোথাও ইঁদুরের গর্ত—একেবারে এ দেশের রাস্তাঘাটের মতো অবস্থা!ছেলেবেলা থেকে শুনে আসছি, ঘোড়ার পেছনে আর পুলিশের সামনে যেতে নেই। এ কথার সঙ্গে তো প্রায় যুক্ত হয়ে গেছে আরেকটু অংশ, ঈদে টেলিভিশনের সামনেও যেতে নেই! এতে শরীর ও মনের অবস্থা দেশের বর্তমান নাজুক অবস্থার মতো হতে পারে! আগে ঈদে অনেক উপভোগ্য অনুষ্ঠান প্রচারিত হতো। সেগুলোর জায়গা দখল করেছে কিছু ভোগ্য-বিজ্ঞাপন ও প্রচার-অযোগ্য অনুষ্ঠান! তবে আশার কথা এই, এখনো ঈদের চাঁদের মতো হঠাৎ অল্প সময়ের জন্য ভালো অনুষ্ঠানের দেখা মেলে। সে জন্য দর্শককে বিভিন্ন চ্যানেলে ক্রমাগত হাতড়াতে হয়। তাই টিভির রিমোট কন্ট্রোলের কাজ এখন শুধু টেলিভিশন চালানো বা বন্ধ করায় সীমাবদ্ধ নেই। মানুষ যতক্ষণ টিভির সামনে থাকেন, এই অপরিহার্য যন্ত্রটি হাতেই রাখতে হয়।আমাদের দেশে একদিকে যেমন সমতল রাস্তায় গর্ত হয়ে নালা-নর্দমার সৃষ্টি হচ্ছে, অন্যদিকে তেমনি জলাশয় ভরাট করে তৈরি করা হচ্ছে সমতল ভূমি। তবে ঈদে ঘরমুখো মানুষের রাস্তার কনফিগারেশন নিয়ে ভাবার সময় নেই। কারণ, টিকিট সংগ্রহ করতেই তাদের ‘নার্ভাস নাইন্টি’ পার হতে হয়! আবার যাত্রাপথেও জান হাতে নিয়ে বসে থাকতে হয়। লাইসেন্সবিহীন চালককে তো আর চেহারা দেখে চেনার উপায় নেই। এত কিছুর পরও তীব্র যানজটের কারণে অনেকের ঈদ কাটে রাস্তায়। এমন ভয়াবহ পরিস্থিতিতে প্রকৃতির ডাকে সাড়া দিতে প্রকৃতির কোল বেছে নেওয়া ছাড়া উপায় থাকে না। সে দিন রাস্তায় দেখলাম, এক পাগল চোখে-মুখে বিরক্তি ফুটিয়ে চিৎকার করে বলছে, ‘আমরা বেঁচে আছি বলেই নির্যাতিত হচ্ছি।’ কথাটি আমাকে ভাবিয়ে তুলল। কথা সত্য। আমরা নির্যাতিত হচ্ছি। তবে কিছুই কি করার নেই! যাহোক, সবাইকে ঈদের রস+আলো শুভেচ্ছা!