আগে ছিল কাদা এখন যন্ত্রণা ইটের খোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়ার ঢেমশা হাইস্কুল সড়কে ইটের খোয়া ​ফেলেই কাজ বন্ধ করে দিয়েছেন ঠিকাদার। খোয়া বিছানো পথে চলাফেরায় নিত্য দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের l প্রথম আলো
সাতকানিয়ার ঢেমশা হাইস্কুল সড়কে ইটের খোয়া ​ফেলেই কাজ বন্ধ করে দিয়েছেন ঠিকাদার। খোয়া বিছানো পথে চলাফেরায় নিত্য দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের l প্রথম আলো

ছড়িয়ে-ছিটিয়ে আছে ইটের খোয়া। হাঁটতে গেলে পায়ের তলায় পড়ছে। প্রায় সময় হোঁচট খেয়ে পড়ছেন পথচারীরা। আর গাড়িতে গেলে চলতে হচ্ছে ঝাঁকুনি খেতে খেতে। এ ভোগান্তি সাতকানিয়ার ঢেমশা হাইস্কুল সড়কের।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কটি আগে ছিল কাদায় একাকার। এখন যন্ত্রণা ইটের খোয়ার।
সরেজমিনে দেখা গেছে, সড়কের স্থানে স্থানে ইটের খোয়া উঠে গিয়ে ছোট-ছোট গর্তের সৃষ্টি হয়েছে। গাড়ি চলার সঙ্গে সঙ্গে উড়ছে ধুলাবালু।
ঢেমশা উচ্চবিদ্যালয়ের শিক্ষক সুকান্ত বিকাশ ধর জানান, ঢেমশা ইউনিয়নের চৌধুরীহাট, বড়ুয়াপাড়া, বিল্লাপাড়া ও নলুয়া ইউনিয়নের মরিচ্ছাপাড়া, মরফলা গ্রামের লোকজন কম সময়ের মধ্যে কেরানীহাট হয়ে সাতকানিয়া সদর ও চট্টগ্রামে আসা-যাওয়া করতে এই সড়ক ব্যবহার করেন। কিন্তু সড়কটির কাজ অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকায় মানুষের কষ্ট বেড়েছে।
স্থানীয় বাসিন্দা মো. নাজিম উদ্দিন (৩৬) বলেন, দীর্ঘদিন ধরে ইটের খোয়া ফেলে রাখায় সড়কের অবস্থা আরও বেশি নাজুক হয়ে পড়েছে। হেঁটে চলাচল করতে গিয়ে প্রায় সময় হোঁচট খেয়ে পড়তে হয়।
এলজিইডি সূত্রে জানা যায়, ২০১২ সালের ৩০ জানুয়ারি ওই সড়কের প্রায় ১ কিলোমিটার অংশ পাকা করার দরপত্র আহ্বান করা হয়। প্রায় ৩০ লাখ ৭১ হাজার টাকার কাজটি পায় মেসার্স আল মদিনা ইন্টারন্যাশনাল নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদার দেড় মাসের মধ্যে কার্যাদেশ পেয়ে ওই সড়কে কাজ শুরু করেন। ইটের খোয়া আর বালু ফেলে সেগুলো রোলার দিয়ে শক্তও করা হয়। ওই বছরের আগস্ট মাসে কাজটির কার্যাদেশের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু অর্থ সংকটের কারণে ঠিকাদার ঢিমেতালে কাজ করে কয়েক দফা সময় বাড়িয়ে নেন। এরপর গত বছরের জানুয়ারি মাস থেকে সড়কের কাজ বন্ধ রয়েছে। ইতিমধ্যে ঠিকাদারকে কাজটি শেষ করার বিষয়ে তাগাদা দেওয়া হয়েছে। ঠিকাদার অল্প কিছু দিনের মধ্যে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে ঠিকাদার মো. সোনা মিয়া বলেন, অর্থ সংকটের কারণে সড়কটির পাকা করার কাজ নির্দিষ্ট সময়ে শেষ করা সম্ভব হয়নি। তাই কয়েক দফা সময় বাড়িয়ে নেওয়া হয়েছে। এখন অর্থ সংকট কেটে গেছে। অল্প কিছু দিনের মধ্যে পিচ ঢালাইয়ের কাজ শুরু করা হবে।
এলজিইডির উপসহকারী প্রকৌশলী এ কে এম শহিদুল ইসলাম বলেন, সড়কের প্রায় ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। অর্থ সংকটের কারণে ঠিকাদার কাজ বন্ধ রেখেছিলেন। এখন অর্থ সংকট নেই। তাই ঠিকাদার শিগগির কাজ শুরু করবেন বলে নিশ্চিত করেছেন।