আগেভাগে নির্বাচনী দৌড়ঝাঁপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশন নির্বাচনের এখনো ছয়-সাত মাস বাকি। এর মধ্যে নগরে নির্বাচনের আগাম আমেজ পাওয়া যাচ্ছে। বিভিন্ন ওয়ার্ডে দেখা মিলছে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার ও ব্যানার। উৎসব অনুষ্ঠানে গণসংযোগ ও দানখয়রাতও চলছে সমানে। 
বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে আলাপে জানা গেছে, সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে মেয়র, সংরক্ষিত নারী কাউন্সিলর ও কাউন্সিলর পদে আগ্রহী প্রার্থীদের অনেকে এখন সক্রিয় হয়ে উঠেছেন। বড় উৎসব, বিশেষ করে ঈদ ও শারদীয় দুর্গাপূজায় সম্ভাব্য প্রার্থীদের পদচারণে মুখর ছিল এলাকা।
নগরের পাথরঘাটা ওয়ার্ড থেকে আগামী নির্বাচনে নিজেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রচার শুরু করেছেন ব্যবসায়ী অনুপ বিশ্বাস। তিনি ঈদ ও পূজার শুভেচ্ছা দিয়ে পোস্টার ব্যানার বের করেছেন। বিতরণ করেছেন উপহার সামগ্রীও। একই ওয়ার্ডে আরেক ব্যবসায়ী আশফাক আহমেদের নামেও পোস্টার দেখা গেছে।
অনুপ বিশ্বাস বলেন, ‘আমি এলাকার মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে আছি। কাজ করে যাচ্ছি। তাই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’
নগরের ফিরিঙ্গি বাজার ওয়ার্ড থেকে নির্বাচন করার ঘোষণা দিয়ে প্রচার শুরু করেছেন নগর যুবলীগের সদস্য হাসান মুরাদ। তিনি ঈদ ও পূজার শুভেচ্ছা দিয়ে পোস্টার লাগিয়েছেন। এ ছাড়া ঈদ ও পূজায় তিনিও নানা সামগ্রী বিতরণ করেছেন।
একইভাবে আলকরণ ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান ও সাবেক কাউন্সিলর তারেক সোলায়মানও প্রচারণা শুরু করেছেন। দুজনেই শুভেচ্ছা–সংবলিত পোস্টার বের করেছেন। এ ছাড়া জামালখান ওয়ার্ডের কাউন্সিলর বিজয় কুমার চৌধুরীও শুভেচ্ছা-সংবলিত পোস্টার সাঁটিয়েছেন।
এ ছাড়া বাগমনিরাম ওয়ার্ডে হাসান মামুন নামে আওয়ামী লীগ নেতা, শুলকবহর ওয়ার্ডে মো. মহসিন, একই ওয়ার্ডে মো. মোরশেদ, আন্দরকিল্লা ওয়ার্ডে আশীষ ভট্টাচার্য সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রচারণায় নেমে পড়েছেন।
সরেজমিনে ঘুরে নগরের ৪১ ওয়ার্ডের প্রতিটিতে এখন এই চিত্র দেখা যাচ্ছে। রঙিন পোস্টারে ছেয়ে গেছে সর্বত্র। নিজেরা পোস্টার বের করার পাশাপাশি দলের কর্মী সমর্থকদের দিয়েও পোস্টার বের করছেন অনেকে। নারী কাউন্সিলররাও পিছিয়ে নেয় প্রচারণায়। এর মধ্যে সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে গত বারের পরাজিত প্রার্থী নীলু নাগও পোস্টারের মাধ্যমে জানান দিচ্ছেন নির্বাচন করার।
তবে বর্তমান কাউন্সিলররা পোস্টারের চেয়ে গত ঈদ ও পূজায় এলাকার মানুষের সঙ্গে গণসংযোগ, শাড়ি, ইফতারসামগ্রী বিতরণের মাধ্যমে এখন থেকে ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মেয়র পদেও পিছিয়ে নেয় সম্ভাব্য প্রার্থীরা। তবে এ ক্ষেত্রে নিজেরা সরাসরি প্রচারণা না চালিয়ে কৌশলের আশ্রয় নিয়েছেন তাঁরা। দলের কর্মী সমর্থকেরা তাঁদের নামে পোস্টার বের করে ঈদ-পূজার শুভেচ্ছার পাশাপাশি সরাসরি মেয়র পদে দেখতে চান বলে প্রচার চালিয়ে যাচ্ছেন।
প্রচারণার এই দৌড়ে এগিয়ে রয়েছেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নগর কমিটির আহ্বায়ক কাজী আকবর। মেয়র পদে দেখতে চায় বলে তাঁদের নামে পোস্টার বের করা হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের কেউ সরাসরি এ ধরনের বক্তব্য লিখে পোস্টার না দিলেও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিন, নগর কমিটির কোষাধ্যক্ষ আবদুচ ছালাম ঈদ ও পূজার শুভেচ্ছা জানিয়ে নগরের বিভিন্ন স্থানে পোস্টার সাঁটিয়েছেন।