আগের চেয়ে দ্রুত চিহ্নিত করা যাবে অপরাধীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চট্টগ্রাম বিভাগীয় পরীক্ষাগার গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষাগার উদ্বোধন করেন। এ সময় পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, অতিরিক্ত মহাপরিদর্শক ও পুলিশ পুনর্গঠন জাতীয় প্রকল্পের পরিচালক মো. মোখলেসুর রহমান, নগর পুলিশের কমিশনার মো. আবুল কাশেম, সিআইডির চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার মো. মুসলিমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও এই পরীক্ষাগারের আনুষঙ্গিক কাজ চলছে তিন মাস ধরে। ইতিমধ্যে এ পরীক্ষাগারে হত্যা, খুন, জালিয়াতিসংক্রান্ত মামলার অন্তত দুই হাজার আলামতের নমুনা পরীক্ষা সম্পন্ন করে এ-সংক্রান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। এতে অপরাধ ও অপরাধীদের শনাক্ত করা এবং মামলা নিষ্পত্তির কাজে গতি আসে বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান।উদ্বোধনী অনুষ্ঠানেও একই কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের বিজ্ঞানসম্মত পরীক্ষাগার স্থাপনের ফলে মানুষের ন্যায়বিচার নিশ্চিত হবে। অপরাধ ও অপরাধীদের আগের চেয়ে দ্রুত চিহ্নিত করা যাবে। এতে বিচারপ্রত্যাশীদের ভোগান্তি কমবে। বক্তব্য দেওয়ার আগে তিনি পরীক্ষাগারটি ঘুরেফিরে দেখেন। অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের ব্যাপারে বিস্তারিত বিবরণ তুলে ধরেন সিআইডির ফরেনসিক ল্যাব প্রকল্পের প্রধান ও বিশেষ পুলিশ সুপার মো. সরোয়ার। তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়নের ফলে দুটি মহানগর এবং চট্টগ্রাম বিভাগের ১১ ও সিলেটের চার জেলার মোট ১৫৯টি থানার সব ধরনের মামলা-মোকদ্দমাসংক্রান্ত প্রয়োজনীয় আলামতের নমুনা পরীক্ষা চট্টগ্রামের এই পরীক্ষাগারে সম্পন্ন করা যাবে। এতে নমুনা পরীক্ষার ফলাফলের জন্য মাসের পর মাস অপেক্ষা করার বিড়ম্বনা দূর হবে। খুলনা ও রাজশাহীতেও এ ধরনের দুটি ফরেনসিক ল্যাবরেটরি প্রতিষ্ঠার কাজ চলছে বলে তিনি জানান।অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন মো. মুসলিম। আরও উন্নত প্রযুক্তির পরীক্ষা-নিরীক্ষা সম্পাদনের জন্য তিনি চট্টগ্রামের ফরেনসিক পরীক্ষাগারের সঙ্গে ডিএনএ পরীক্ষারগার স্থাপনের প্রস্তাব দেন। পুলিশ সূত্র জানায়, চট্টগ্রামে এ ধরনের পরীক্ষাগার চালুর আগে প্রয়োজনীয় সব পরীক্ষার জন্য সারা দেশের আলামত পাঠানো হতো ঢাকার মহাখালী ও মালিবাগের পরীক্ষাগারে। ফলে আলামত পরীক্ষার প্রতিবেদন পাওয়ার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হতো সংশ্লিষ্ট থানার পুলিশকে। জানা গেছে, দেশে নতুন করে এসব পরীক্ষাগার স্থাপন প্রকল্পে অর্থ ও কারিগরি সহায়তা দিচ্ছে জাপানি সংস্থা জেডিসিএফ। এই সংস্থার অর্থায়নে ইতিমধ্যে চট্টগ্রামের পরীক্ষাগারের জন্য কেনা হয়েছে চারটি অপরাধ শনাক্তকরণ ল্যান্ডরোভার জিপ (ক্রাইমসিন ভ্যান)। এই গাড়িতে অত্যাধুনিক যন্ত্রপাতি বসানো হয়েছে। একই সঙ্গে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হয়েছে একদল দক্ষ জনশক্তি। কোনো অপরাধ সংগঠনের খবর পেলে এসব প্রশিক্ষিত লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আলামত সংগ্রহ করছেন এবং দ্রুততম সময়ের মধ্যে আলামত পরীক্ষা করে প্রতিবেদন দিচ্ছেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তারা হাটহাজারীতে নবনির্মিত হাটহাজারী মডেল থানা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।