আগের মতো পায় না সবাই মীনাকে

ডোরেমন আর অ্যাংরি বার্ডের ধাক্কায় মীনা কোথায় ভেসে গেছে। এখন আর কেউ মীনা খোঁজে না।’ কথাগুলো বলছিলেন রাজধানীর বেইলি রোডের বই বিচিত্রা লাইব্রেরির বিক্রয়কর্মী সাখাওয়াৎ হোসেন। মীনা কমিক বইয়ের খোঁজ করতে তিনি জানালেন, তাঁর দোকানে মীনা কমিক বই নেই। তিনি বলেন, স্যাটেলাইট চ্যানেলগুলোতে যেসব কার্টুন দেখায়, সেসব বইয়ের চাহিদা বেশি। আগে যখন টিভিতে মীনা কার্টুন দেখাত, তখন মীনার কমিক বইয়ের অনেক চাহিদা ছিল। এখন চাহিদা বলতে গেলে নেই। তাই মীনার বইও আর রাখা হয় না।একই কথা জানালেন বেইলি রোডের বিদ্যা ভবন দোকানের বিক্রয়কর্মী শাহাদাত হোসেন।জনপ্রিয়তার কারণে মীনা কার্টুন পোস্টার, বই এবং ভিডিও সিডি-ডিভিডি আকারে প্রকাশিত হয়েছে। কিন্তু সেসব আর আগের মতো সহজলভ্য নয়। এদিকে মীনার এসব সামগ্রী বিনা মূল্যে শিশুদের পাওয়ার কথা থাকলেও তা পাচ্ছে না তারা। বই ও সিডি-ভিসিডির দোকানগুলোতে বিক্রি হয়েছে মীনার পোস্টার, বই, ভিডিও, সিডি ও ডিভিডি। সরকারের এসব ব্যাপারে নজরদারির কথা থাকলেও সেটা একেবারেই নেই বলে জানান রাজধানীর বিভিন্ন দোকানের বিক্রয়কর্মীরা। রাজধানীর নিউমার্কেটের গ্রন্থকলি বইয়ের দোকানের বিক্রয়কর্মী ইকবাল হোসাইন বলেন, মীনা এখন অচল একটি আইটেমের নাম। টিভিতে যখন মীনা কার্টুনটি নিয়মিত প্রচারিত হতো, তখন কিংবা তার কাছাকাছি সময়টাতে এসব বইয়ের চাহিদা ছিল অনেক বেশি। এখন এর চাহিদা একেবারে কমে এসেছে।
কিন্তু মীনা কার্টুন সিরিজের বইগুলো তো বিক্রির জন্য নয়। এগুলো তো বিনা মূল্যে বিতরণের জন্য। এ ব্যাপারে জানতে চাইলে ইকবাল বলেন, ‘আমরাও জানি ব্যাপারটা। কিন্তু আমরা যখন কিনে আনি, তখন তো আমরা বিক্রিই করব, নাকি?’ এ ব্যাপারে সরকারিভাবে এবং ইউনিসেফকে আরও বেশি নজরদারি বাড়াতে হবে। মজার ব্যাপার হলো, মীনা কার্টুনের এই বইগুলো যে কোথা থেকে আসে, তা আমরা নিজেরাও জানি না। বিভিন্ন ফুটপাতেও এসব বই দেদার বিক্রি হচ্ছে।’
নিউমার্কেটের হাফিজ বুক সেন্টারে মীনার কমিক বইগুলো চাইলে দোকানি ভেতর থেকে বেশ কয়েকটি বই বের করে দিলেন। বইগুলোর ওপর ধুলাবালির আস্তর জমে আছে। দোকানি নিজে থেকেই জানালেন, এখন তো মীনা কমিক বইয়ের চাহিদা নেই। তাই খুব বেশি রাখাও হয় না। টিভিতে নানা ধরনের কার্টুন প্রচারিত হচ্ছে। বাচ্চারা এখন সেসব কার্টুনই দেখছে। তবে মীনা কার্টুন কিন্তু সব শ্রেণীর মানুষের কাছে দারুণ জনপ্রিয়। তাই এই কার্টুন সিরিজটিকে নিয়ে যদি নতুন করে কিছু ভাবা হয়, তাহলে এটি আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে। বিটিভির পাশাপাশি স্যাটেলাইট টেলিভিশনগুলোতে মীনা কার্টুন প্রচারের ব্যবস্থা করতে হবে।
মীনা কমিক বইয়ের চাহিদা কমে গেলেও সিডির চাহিদা নিয়ে দুই ধরনের মত প্রকাশ করল বসুন্ধরা, ধানমন্ডি ও বনানীর কয়েকটি সিডি ক্যাসেট বিক্রয় প্রতিষ্ঠান। বসুন্ধরা বেস্টি মিউজিক প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী শাহেদ হোসেন বলেন, মীনা কার্টুন সিরিজটির প্রতি বাচ্চাদের পাশাপাশি অভিভাবকদের বেশ আগ্রহ আছে। এই কার্টুন সিরিজের বিক্রিও বেশ ভালো।
মিউজিক গার্ডেনের রফিকুল হক বলেন, মীনা কার্টুনের সিডি ও ভিসিডি বিক্রি বেশ ভালো।
তবে ধানমন্ডির এ আর প্লাজার সিডি ভিসতা দোকানের মালিক রায়হান রাইদ জানান, তাঁরা একটা সময় মীনা কার্টুন সিরিজের অসংখ্য সিডি বিক্রি করেছেন। এখন আর সেই অবস্থা নেই।
বনানীর ফাহিম মিউজিকের কর্মকর্তা হারুনুর রশীদ বলেন, এখন নতুন নতুন অনেক কার্টুনের সিডি এসেছে, যার ফলে মীনা কার্টুনের চাহিদা অনেকটাই কম।
বিটিভির পাশাপাশি একটা সময় দেশের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি এবং দেশ টিভিও মীনা কার্টুন প্রচার করে। কিন্তু মীনা কার্টুনের পর্বসংখ্যার স্বল্পতার কারণে জনপ্রিয়তা থাকা সত্ত্বেও অনুষ্ঠানটি আর নিয়মিত প্রচার করা সম্ভব হয়নি বলে জানালেন এসব চ্যানেলের অনুষ্ঠান বিভাগের প্রধানেরা।
এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ প্রথম আলোকে বলেন, ‘ঠিক মাস, তারিখটা এই মুহূর্তে মনে পড়ছে না। তবে ২০০৫ সালে সম্ভবত আমরা প্রথম মীনা কার্টুন সিরিজটি এনটিভির পর্দায় প্রচার শুরু করি। এটা যেহেতু আমাদের নিজস্ব অনুষ্ঠান নয়, তাই ইউনিসেফ কর্তৃপক্ষ আমাদের যে পর্বগুলো সরবরাহ করত, আমরা সেগুলো প্রচার করতাম। শুধু তা-ই নয়, আমরা এই কার্টুন সিরিজ এনটিভিতে পুনঃপ্রচারও করেছি। আমরা যদি কার্টুন সিরিজটি নিয়মিত পাই, তাহলে আমাদের নিয়মিতভাবে প্রচার করতে কোনো আপত্তি নেই।’
দেশ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান (চলতি) রবিউল করিম প্রথম আলোকে বলেন, ‘মীনা অনেক জনপ্রিয় এবং শিক্ষামূলক একটি কার্টুন সিরিজ। দেশ টিভিতে ২০০৯ সালের মার্চে প্রথম এটির প্রচার শুরু করি। যে কটি পর্ব আমরা হাতে পেয়েছি, ঠিক ততগুলোই প্রচার করেছি। এ বছরের মার্চেও আমরা বেশ কয়েকটি পর্ব পেয়েছিলাম। শিশুদের কথা ভেবে সেগুলোও বেশ গুরুত্বের সঙ্গে আমরা প্রচারে উদ্যোগী হয়েছি। নিয়মিত সরবরাহ পেলে মীনা কার্টুন প্রচার করতে কোনো আপত্তি নেই।’
বাংলাদেশ টেলিভিশনের পরিচালক অনুষ্ঠান ও পরিকল্পনা বিভাগের প্রধান গোলাম সফিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মাত্র দুই মাস হলো আমি দায়িত্বে এসেছি। বিটিভিতে এখন ২৭০টির মতো নিয়মিত অনুষ্ঠান চলছে। এরই মধ্যে মীনা কার্টুনকে আবার নতুন করে চালুর ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বলা হয়েছে।’
এ ব্যাপারে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের বলেন, ‘মীনাকে কীভাবে আরও বেশি জনগণের কাছে পৌঁছানো যায়, আমি মনে করি, ব্যাপারটি নিয়ে আরও ভাবা উচিত। কারণ, আমাদের দেশে মেয়েদের শিক্ষার উন্নয়নে মীনা কার্টুন কিছুটা হলেও ভূমিকা রেখেছে। স্কুলগুলোতে যাতে মীন কমিক বই বিনা মূল্যে দেওয়া হয়, সে ব্যাপারে আমরা উদ্যোগ নেব।’