আগের সেই জৌলুশ নেই স্বাধীনতা পার্কে
ঢুকতেই জাতীয় সংসদ, তারপর ছোট কুঠি, বড় কুঠি, আহসান মঞ্জিল, কার্জন হল, সুপ্রিম কোর্ট, জাতীয় স্মৃতিসৌধ, ষাট গম্বুজ মসজিদ প্রভৃতি প্রসিদ্ধ স্থাপনা। কোথায় পাওয়া যাবে একসঙ্গে বড়জোর আধঘণ্টার মধ্যে এতগুলো প্রসিদ্ধ স্থাপনা দেখার সুযোগ? অনেকের ভাবতেই মনে হতে পারে এ কীভাবে সম্ভব! কিন্তু সেই অসম্ভবই সম্ভব হয়ে উঠেছে নগরের বহদ্দারহাট এলাকায় অবস্থিত মিনি বাংলাদেশ-খ্যাত স্বাধীনতা পার্কে। এখানে রয়েছে বাংলাদেশের ঐতিহ্যের প্রায় সব ধরনের নিদর্শন। মাত্র আধঘণ্টা সময় নিয়ে গেলেই এখানে দেখা মিলবে বিখ্যাত সব স্থাপনার। আরেকটু বেশি সময় নিয়ে গেলে উপভোগ করা যাবে বিভিন্ন রাইডে চড়ার আনন্দ। তবে ২০০৬ সালে চালু হওয়া এ পার্কে আগের সেই জৌলুশ এখন আর চোখে পড়ে না। লোকসমাগম আগের চেয়ে কম। শুরুতে এর নাম ছিল জিয়াস্মৃতি শিশুপার্ক। তবে মিনি বাংলাদেশ হিসেবেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এটি। প্রায় প্রতিদিন শিশু-কিশোরসহ বিপুল নারী-পুরুষের উপস্থিতিতে প্রাণচঞ্চল হয়ে উঠত পুরো পার্ক অঙ্গন। কিন্তু এখন সেই অবস্থা নেই। জানা গেছে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে তিন বছরের জন্য জায়গা লিজ নিয়ে ২০০৬ সালে শিশুপার্কটি স্থাপন করে কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক কর্তৃপক্ষ। মেয়াদ শেষে গত বছর নতুন করে দরপত্র আহ্বান করা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে লিজ পায় চট্টগ্রাম সিটি করপোরেশন। কিন্তু নির্বাচনী প্রক্রিয়ায় ব্যস্ততার কারণে করপোরেশন পার্কটি নিজস্ব ব্যবস্থাপনায় চালু করতে প্রায় ছয় মাস দেরি করে। গত ঈদের দিন থেকে এটি করপোরেশনের তত্ত্বাবধানে চালু হয়। লোকজন কেমন আসছে জানতে চাইলে টিকিট বিক্রেতা আবদুল হামিদ বলেন, ‘কয়েক মাস পার্কটি বন্ধ ছিল। এতে অনেকে মনে করেন এটি একেবারে বন্ধ গেছে। গত ঈদের দিন থেকে এটি পুনরায় চালু হলেও এ ব্যাপারে তেমন প্রচার না হওয়ায় আগের মতো লোকসমাগম হচ্ছে না।’জানা গেছে, পার্কে স্থাপিত আদিবাসীদের ঘরবাড়ির নকশাগুলো দেখে তাদের জীবনযাত্রার ধরন সম্পর্কে ধারণা পাওয়া যেত। কিন্তু সেই ঘরবাড়িগুলো এখন নেই। ‘পার্কের সৌন্দর্য আগের মতো নেই। আদিবাসীদের বাড়িগুলোও নেই, এখানে একটা কৃত্রিম ঝরনার মতো ছিল তা-ও বন্ধ। খুব একটা ভালো লাগছে না।’ হতাশার সুরে বললেন পার্কে বেড়াতে আসা ফারহানা তানজিরিন চৌধুরী।নাম না প্রকাশ করার শর্তে পার্কের এক কর্মকর্তা বলেন, ‘আগে পার্কটি ছিল কনকর্ডের তত্ত্বাবধানে। তারা চলে যাওয়ার সময় আদিবাসীদের বাড়ির নকশাগুলো ভাঙা পাওয়া গেছে। বর্তমানে সিটি করপোরেশন এর দায়িত্ব নিয়েছে। আশা করি এগুলো আবার সংস্কার হবে।’ তবে কনকর্ডের স্থানীয় জনসংযোগ কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘আমাদের পক্ষ থেকে নিরীক্ষা (অডিট) অনুযায়ী সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। আসলে পার্কটি চালু করতে দেরি হওয়া এবং রক্ষণাবেক্ষণ না করায় কিছু অস্থায়ী স্থাপনা নষ্ট হয়ে যেতে পারে।’কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কমপ্লেক্সের প্রবেশ মূল্য ও বিভিন্ন রাইডে চড়ার ফি আগের চেয়ে কমেছে। যেমন—প্রবেশ টিকিটের দাম আগে ছিল বড়দের ৯০ টাকা, ছোটদের ৫০ টাকা। এখন বড়দের ৫০ এবং ছোটদের ৩০ টাকা। রিভলভিং টাওয়ারে (রেস্টুরেন্ট) চড়ার জন্য আগে দিতে হতো এসি ১৫০ টাকা, নন এসি ১০০ টাকা। এখন উভয়ই ক্ষেত্রে নেওয়া হচ্ছে ৭০ টাকা। বিভিন্ন ধরনের রাইড যেমন—ফ্যামিলি কোস্টার, বেবি কেরাউসেল, বেলুন উইল, বাম্পার কার, ম্যাজিক সুইং ইত্যাদিতে চড়ার ফি আগের মতোই আছে। তবে প্যাডেল বোট ৪০ টাকার স্থলে ২০ টাকা, হ্যাপি জাম্প ২০ টাকার স্থলে ১০ টাকা করা হয়েছে। এখানে এসে কেমন লাগছে জানতে চাইলে পার্কে বেড়াতে আসা মহসিন কলেজের এইচএসসি পড়ুয়া তাহিয়া আজম বলেন, ‘আগের মতো সব রাইডার এখন চালু নেই। পরিবেশ কেমন জানি নোংরা। মনে হয়, দর্শকসংখ্যাও আগের চেয়ে অনেক কম।’ এবার কমপ্লেক্সে তথ্যকেন্দ্র খোলার মাধ্যমে কিছুটা নতুনত্ব আনা হয়েছে। কেউ জিনিসপত্র নিয়ে এলে সেগুলো রাখা, কারও কিছু হারিয়ে গেলে তার প্রচার কিংবা কোনো ধরনের তথ্যের প্রয়োজন হলে ওই তথ্যকেন্দ্রে যোগাযোগ করা যাবে। জানা যায়, আগে পার্কে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নির্দিষ্ট ফির বিনিময়ে শিক্ষাসফর কিংবা পিকনিক এবং করপোরেট কোম্পানিগুলো সভার আয়োজন করত। ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে প্রচার-প্রচারণা চালানো হলে পার্কটি আগের মতো চাঙা হয়ে উঠবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন।