আগ্রহ নেই ভোটারদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ইরানের সরকারি টেলিভিশনে সরাসরি একটি অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছিল। এতে পথচারীদের একটি চেয়ারে বসিয়ে জিজ্ঞাসা করা হচ্ছিল, প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হলে তাঁরা কী করবেন।চেয়ারে বসা এক ব্যক্তি জানালেন, তিনি জনগণের জন্য কাজ করবেন। দ্বিতীয় ব্যক্তি প্রশ্ন শুনেই লাফিয়ে উঠলেন। বললেন, ‘আমি এই চেয়ার চাই না।’এক পর্যায়ে হঠাৎই এক তরুণী মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, ‘এটা একটা অর্থহীন অনুষ্ঠান। বাস্তবে যাঁরা ওই চেয়ারে বসেন, তাঁরা নিজের পকেট ভরার জন্যই কেবল দায়িত্ব নেন।’এরপর দ্রুত ওই অনুষ্ঠানে বিজ্ঞাপন বিরতি দেওয়া হয়। সরকারি টেলিভিশনে সাধারণ মানুষের মনোভাবের এ ধরনের প্রকাশ ইরানে সত্যিকার অর্থেই বিরল। রাজনীতি নিয়ে আমজনতার নিস্পৃহতা আর বিতৃষ্ণাই যেন ফুটে উঠেছে এ অনুষ্ঠানে। কেউ কেউ ইরানের এবারের নির্বাচনকে বলছিলেন, ‘রক্ষণশীল বনাম রক্ষণশীল’ লড়াই। সাবেক প্রেসিডেন্ট আলী আকবর হাশেমী রাফসানজানি ও মাশায়ির মতো মধ্যপন্থী বা তুলনামূলক উদার রাজনীতিকদের প্রার্থিতা বাতিল হয়তো তার একটি সুস্পষ্ট প্রমাণ। এ বিষয়টি রাজনীতি নিয়ে জনগণের আপাত আগ্রহহীনতাকে বাড়িয়ে দিতে পারে।অথচ আগের প্রেসিডেন্ট নির্বাচন নিয়েও মানুষের ব্যাপক আগ্রহ ছিল। সেবারের উৎসাহ-উদ্দীপনা আর আশাবাদের শেষ হয় অবশ্য সহিংস দমন-পীড়নের মধ্য দিয়ে। কিন্তু এবারের নির্বাচন হতে যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে। উৎসাহ- উদ্দীপনার জায়গা দখল করেছে এক ধরনের ভয়। সেই মাত্রায় জনপ্রিয়, সম্মোহনী ক্ষমতা আছে এমন প্রার্থীর অভাবে আসন্ন নির্বাচন জৌলুশহীন হবে বলে মনে করছেন অনেকে। এ নির্বাচন গণমানুষের জীবনে কোনো পরিবর্তন আনতে পারবে—এমন আশাবাদও দেখা যাচ্ছে না। ইরানের ২০০৯ সালের নির্বাচনে যেসব রাজনীতিক, ভিন্নমতাবলম্বী ও সাংবাদিক সামনের সারিতে ছিলেন, তাঁদের বেশির ভাগই এখন নীরব অথবা দেশ ছেড়েছেন। অনেকে কারাগারে। ২০০৯ সালের দুই প্রার্থী এবং কথিত ‘সবুজ আন্দোলনের’ নেতা মির হোসেইন মুসাভি ও মেহেদি কারুবি এখনো গৃহবন্দী। ২০০৯ সালের নির্বাচন নিয়ে অনেক ইরানি এখনো প্রতারিত বোধ করেন। এর কারণ ভোটের ফলাফল ততটা নয়, যতটা কি না তেহরানের রাজপথে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ভূমিকা। ৩২ বছর বয়সী হিসাবরক্ষক আসিয়ে বলেন, ‘চার বছর আগে আমি মুসাভিকে ভোট দিয়েছি। এরপর তারা লাঠি দিয়ে জবাব দিয়েছে।’ নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘বলছি না যে এবার আমি ভোট দেবই না। কিন্তু যদি ভোট দিই, তাহলে তাঁকেই দেব, যিনি বর্তমান শাসন ব্যবস্থার সবচেয়ে বড় সমালোচক।’নির্বাচনের প্রাক্কালে কিছু ব্যক্তিত্ব সতর্কভাবে খোলামেলা কিছু কথা বলছেন। সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি সম্প্রতি দেশের ‘দমবন্ধ করা নিরাপত্তা পরিবেশের’ নিন্দা করেছেন। বেশির ভাগ ভোটার উদ্বিগ্ন রুগ্ণ অর্থনীতি নিয়ে। দুই অঙ্কের মুদ্রাস্ফীতি তাদের জীবনযাত্রা কঠিন করে তুলেছে। পরমাণু কর্মসূচি ঘিরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এই অর্থনৈতিক দুর্গতির প্রধান কারণ। দেশের রাজনৈতিক গতিপথ নিয়েও শঙ্কা আছে নাগরিকদের মধ্যে। ব্যালটের মাধ্যমে ‘শোধ নিতে’ চান তারা। অনেকে বলছেন, ভোট যদি দেনই, তাহলে তা দেবেন কেবল চলমান পদ্ধতির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই। এদেরই এক প্রতিনিধি যুবক আলি আকবর। তেহরানের রাজপথে দাঁড়িয়ে থাকা আকবর বললেন, ক্ষমতাসীনদের বিরুদ্ধে যিনিই দাঁড়ান না কেন, তাঁকেই ভোট দেবেন।সাবেক প্রেসিডেন্ট প্রভাবশালী ব্যক্তিত্ব আলি আকবর হাশেমী রাফসানজানি শেষ মুহূর্তে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়ে আলোড়ন তুলেছিলেন। কিন্তু ধর্মীয় নেতাদের প্রাধান্যপুষ্ট অভিভাবক পরিষদ তাঁর প্রার্থিতা বাতিল করে দিয়েছে। বাদ পড়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের ডানহাত হিসেবে পরিচিত এসফানদিয়ার রহিম মাশায়িও। লক্ষ করার মতো বিষয়, ২০০৯ সালের নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা সত্ত্বেও এখনো ভোট বয়কটের ব্যাপারে কোনো কথা হচ্ছে না। সম্প্রতি তেহরানের কাছে এক বিয়ের অনুষ্ঠানে রাজনীতি নিয়ে আলাপ করছিলেন কয়েকজন অতিথি। সরকারের সমালোচক ইরানিরা কী রকম উভয়-সংকটের মধ্যে আছেন, তা ফুটে ওঠে সেখানকার দুই নারীর বক্তব্যে। সিমিন নামের একজন বলেন, ‘মন্দের মধ্যে কম মন্দকে নির্বাচিত করতে হবে আমাদের। এর মাধ্যমে হয়তো কিছু পরিবর্তন দেখতে পাব।’ তবে তাঁর বান্ধবী মারাল পরিবর্তনের ব্যাপারে নিশ্চিত নন। তিনি বললেন, ‘গতবার দেখেছি, আমাদের ভোট নিয়ে তারা কী করেছে। আমি আর কখনো ভোট দেব না।’এক ঝলকে নির্বাচন মে মাসের শেষ দিকে টিভি বিতর্ক (সরাসরি নয়) ১৩ জুন: নির্বাচন নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন বন্ধ ১৪ জুন: নির্বাচন ১৫ জুন: দিনের শুরুর দিকে ফল পাওয়া যাওয়ার কথা ২১ জুন: সম্ভাব্য দ্বিতীয় রাউন্ড আগস্ট: প্রেসিডেন্টের অভিষেক সূত্র: নিউইয়র্ক টাইমস ও বিবিসি