আগ্রাবাদ বাদামতলে এক সপ্তাহ ধরে বিদ্যুৎ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগ্রাবাদ বাদামতল এলাকায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎ নেই। ১৪ এপ্রিল সেখানকার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। গ্রাহকদের অভিযোগ, বিকল হওয়া ট্রান্সফরমার মেরামত করতে বিদ্যুৎ বিভাগের কিছু লোক গাফিলতি করছেন। তবে আগ্রাবাদ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মকবুল আহমদ মুঠোফোনে ১৯ এপ্রিল বলেন, আগামী দু-এক দিনের মধ্যে ট্রান্সফরমারটির মেরামতকাজ শেষ হবে। গতকাল সরেজমিনে বাদামতল এলাকায় দেখা যায়, এ ট্রান্সফরমারের আওতায় প্রায় তিন শ বাণিজ্যিক গ্রাহক আছে। এক সপ্তাহ ধরে বিদ্যুৎ না থাকায় এমকে টাওয়ার, প্রগ্রেসিভ টাওয়ার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সসহ শতাধিক বাণিজ্যিক ভবনে কার্যক্রম চলছে মোমবাতি জ্বালিয়ে। এমকে টাওয়ারের নিরাপত্তাকর্মী ইদ্রিস আলী বলেন, ‘বিদ্যুৎ না থাকায় খুব কষ্টে আছি।’ মধুবনের কর্মচারী সোহেল আহমদ বলেন, ‘এক সপ্তাহ ধরে জেনারেটর দিয়েও বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারছি না।’ এ এ সিকিউরিটিজ লিমিটেডের কর্মকর্তা শাহরিয়ার খান বলেন, ‘পিডিবির লোকজনের কাছে বারবার অনুরোধ করলেও তাঁরা নতুন ট্রান্সফরমার লাগাচ্ছেন না। আমাদের ভোগান্তির শেষ নেই।’ একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা আলমাস হোসেন বলেন, ‘বিদ্যুৎ নেই, তাই টাওয়ারের ওপরে রিজার্ভ ট্যাংকে পানিও নেই। বুঝতেই পারছেন কী অবস্থা।’ বাদামতল এলাকার বাসিন্দা রেদোয়ান, মামুনুর রশীদ, ফারদিন খান প্রমুখ বলেন, ‘পিডিবির কিছু লাইনম্যান দু-এক দিনের মধ্যে ট্রান্সফরমারটি ঠিক করে দিতে টাকা চেয়েছিল। টাকা না দিলে এটি মেরামত করতে ২০-২২ দিন সময় লেগে যাবে বলে আমাদের জানিয়েছেন।’ নির্বাহী প্রকৌশলী মকবুল আহমদ টাকা দাবি করার বিষয়টি নাকচ করে দেন।