আগ্রাবাদ যেন আস্তাকুঁড়!
আগ্রাবাদের সাউথল্যান্ড সেন্টারের পূর্ব পাশ ঘেঁষে সিটি করপোরেশনের উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের মৌলভিপাড়া এলাকায় প্রবেশ পথ। এই পথ দিয়ে ঢুকতেই চোখে পড়ে রাস্তার দুই পাশে ময়লার স্তূপসহ স্যাঁতসেঁতে পরিবেশ। ময়লা আবর্জনায় স্থানীয় খালটি প্রায় ভরাট হয়ে গেছে। পঁচা আবর্জনার গন্ধে খালের পাশ দিয়ে হাঁটতে দম বন্ধ হয়ে আসে। খালটি কখন পরিষ্কার বা সংস্কার হয়েছিল বলে মনে করতে পারছেন না কেউ। শুধু এই প্রবেশ পথই নয়, পানওয়ালাপাড়া, মিস্ত্রিপাড়া, আসকারাবাদ, মনসুরাবাদ, মুহুরিপাড়া, মোল্লাপাড়া, হাজিপাড়া, রঙ্গীপাড়া, ব্যাপারীপাড়াসহ পুরো ওয়ার্ডেরই এটি সাধারণ চিত্র।এলাকার বাসিন্দা গোলাম সরওয়ার জানান, প্রতিদিন নাকে রুমাল দিয়ে এই পথে যাওয়া-আসা করতে হয়। দুর্গন্ধে পেটের নাড়ি-ভুঁড়ি বের হয়ে যেতে চায়। খালটি সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে। পূর্ব মোল্লাপাড়া এলাকার আকরাম শাহর মাজার এলাকায় গিয়ে দেখা যায়, সংলগ্ন পুকুরটি ময়লা আবর্জনায় প্রায় ভরাট হয়ে গেছে। পঁচা দুর্গন্ধ আর শেওলাযুক্ত পানিতে গোসল করছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। তাঁদের একজন মুহম্মদ ছলিম উদ্দিন জানান, এদিকে ওয়াসার পানি নেই। পানির বিকল্প কোনো উৎসও নেই। তাই বাধ্য হয়ে এই পানি ব্যবহার করতে হচ্ছে।আসকারাবাদ এলাকায় গিয়ে দেখা যায়, চারদিকে ময়লা আবর্জনা নালা উপচে রাস্তা দখল করে আছে। গন্ধে দম বন্ধ হওয়ার উপক্রম। নালাগুলোতে কতদিন আগে থেকে ময়লা জমে আছে, তা সঠিকভাবে কেউ মনে করতে পারছেন না। মো. সাইফুল ইসলাম, নুর উন নবী, স্বপন কুমার নাথসহ কয়েকজন বাসিন্দা জানান, সিটি করপোরেশনের কোনো ময়লার গাড়ি বা সেবক এলাকায় আসে না। এ রকম মুহুরিপাড়ার একটি বাড়িতে (১০৪ নম্বর, বার্ড বিল্ডিং) গিয়ে দেখা যায়, বর্ষা চলে যাওয়ার পরও বাড়িটির আঙিনায় হাঁটু পরিমাণ পানি জমে আছে। পার্শ্ববর্তী নালার পানি বাড়িটির আঙিনায় গড়িয়ে পড়ছে। বাড়ির ভেতরে প্রবেশ করার সুবিধার জন্য উঠানে ইট-পাথর বিছানো হয়েছে। বাড়িটির অস্থায়ী বাসিন্দা নাম প্রকাশ না করে জানান প্রতিদিন নালার পানি এসে বাড়ির ভেতর ঢোকে। নালাটি পরিষ্কারের ব্যাপারে বাড়িওয়ালা অনেকবার সিটি করপোরেশনের কাউন্সিলরের কাছে আবেদন করে কোনো প্রতিকার পাননি। তাই তিনি বাড়িটি ভাড়ায় দিয়ে অন্যত্র বসবাস করছেন। এ ছাড়া ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় রয়েছে নিরাপদ পানীয় জলের অভাব। পানওয়ালাপাড়া, হাজিপাড়া, রঙ্গীপাড়া, আসকারাবাদ, মনসুরাবাদসহ বেশির ভাগ মহল্লায় ওয়াসার কোনো সংযোগ নেই। কয়েকটি অগভীর নলকূপ থাকলেও সেগুলোর পানি লাল। রাস্তাঘাটের অবস্থা জরাজীর্ণ। বেশির ভাগ মহল্লায় গাড়ি চলাচলের উপযুক্ত পথ নেই। ওইসব সড়কে রিকশা ছাড়া অন্য গাড়ি ঢুকতে বা পাশ কাটাতে পারে না। যেকোনো ভারী জিনিসপত্র হাতে বা মাথায় করে নিয়ে যেতে হয়। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের কোনো সুযোগ নেই। স্থানীয় লোকজন অভিযোগ করেন, দিনের পর দিন এভাবে ময়লার ভাগারে পরিণত হওয়াসহ এলাকাটি নানা সমস্যায় জর্জড়িত হলেও সেদিকে কোনো নজর নেই সিটি করপোরেশনের।সিটি করপোরেশন নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণার জন্য যে এসেছিলেন ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম, এরপর আর কখনো এসব মহল্লায় আসেননি তিনি। তাঁর কার্যালয়ে গিয়েও প্রায় সময় তাঁর সাক্ষাৎ পাওয়া যায় না। এসব বিষয়ে যোগাগাযোগ করা হলে ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম বিভিন্ন সমস্যা থাকার কথা স্বীকার করে জানান, সব সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়।