আগ্রাবাদ সিজিএস কলোনিতে ২০৯টি অবৈধ ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের আগ্রাবাদ সিজিএস কলোনিতে বস্তির আদলে ২০৯টি ঘর তৈরি করে বহিরাগত লোকজনকে বসবাসের সুযোগ করে দেওয়া হয়েছে। এসব অবৈধ স্থাপনায় কলোনির ভবন থেকে সরবরাহ দেওয়া হচ্ছে বিদ্যুত্, পানি ও গ্যাস। কলোনির একশ্রেণীর সরকারি কর্মচারী ও রাজনৈতিক নেতা এসব ঘর বহিরাগত লোকজনের কাছে ভাড়া দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, সরকারি কর্মচারীদের জন্য গড়ে তোলা হয় সিজিএস কলোনি। কিন্তু সেখানে বহিরাগত লোকজন ঢুকে পড়ায় পরিবেশ অস্বস্থিকর হয়ে ওঠে। কলোনিটি এখন অপরাধীদেরও নিরাপদ আস্তানা বলে অভিযোগ করেন কলোনির বাসিন্দারা। জানা গেছে, ‘প্রায় নয় বছর আগে চারদলীয় জোট সরকারের আমলে সিজিএস কলোনিতে বস্তির আদলে অবৈধ ঘর তৈরি শুরু হয়। কলোনির বিভিন্ন আবাসিক ভবনের নিচতলার বাসিন্দারা তাঁদের ফ্ল্যাটের পাশে ঢেউটিন ও বেড়া দিয়ে এসব অবৈধ ঘর তৈরি করেন। অনেকে ভবনের সামনে খোলা জায়গায় ঘর করেছেন। প্রতিটি ঘর গড়ে এক হাজার টাকায় বহিরাগতদের ভাড়া দেওয়া হয়।কলোনির একজন সরকারি কর্মচারী নাম প্রকাশ না করে বলেন, অবৈধ স্থাপনা থেকে মাসে দেড় থেকে দুই লাখ টাকা ভাড়া তোলা হয়। কিছু সরকারি কর্মচারী ও একটি ছাত্রসংগঠনের নেতারা ভাড়ার টাকা ভাগ করে নেন। গণপূর্ত অধিদপ্তরের কিছু কর্মচারীও ভাগ পান বলে জানা যায়।আরেক কর্মচারী বলেন, ‘বহিরাগত লোকজনের কারণে কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কিশোরী-তরুণীদের চলাচলে সমস্যা হচ্ছে। অথচ প্রতিবাদ করার মতো সাহস আমাদের নেই। একটি সরকারি কলোনি বহিরাগত লোকজনের নিরাপদ আবাস হয়ে উঠবে তা বিশ্বাস করতে কষ্ট হয়।’ অভিযোগ রয়েছে, নিচতলার ফ্ল্যাট থেকে অবৈধভাবে ভাড়াঘরে বিদ্যুত্ ও পানির সংযোগ দেওয়া হয়েছে। বেশির ভাগ ফ্ল্যাটের ভেতর বহিরাগতদের রান্নাবান্নার কাজ চলে। গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহাদাত্ হোসেন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘অবৈধ স্থাপনায় বসবাসকারীদের একটি তালিকা আবাসন পরিদপ্তরের কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে। তাঁদের উচ্ছেদের দায়িত্ব আবাসন পরিদপ্তরের। বাইরের কোনো চাপ না থাকলে জেলা প্রশাসনের মাধ্যমে অবৈধ বাসিন্দাদের উচ্ছেদ সহজ হবে বলে আমরা আশাবাদী।’নির্বাহী প্রকৌশলী আরও বলেন, ‘সিজিএস কলোনিতে অবৈধ স্থাপনা তৈরি ও বহিরাগত লোকজনের আস্তানা গড়ে ওঠায় আইনশৃঙ্খলা নিয়েও কলোনিবাসী চিন্তিত। অবৈধ ঘরে সন্ত্রাসী নেই—এমন নিশ্চয়তা আমরা দিতে পারি না।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গণপূর্ত অধিদপ্তরের লোকজন অবৈধ স্থাপনা নির্মাণে জড়িত—এমন অভিযোগ আমার কাছে নেই।’ কলোনিবাসীর অভিযোগ, বিগত জোট সরকারের আমলে স্থানীয় ছাত্রদলের ক্যাডাররা প্রভাব খাটিয়ে অবৈধ স্থাপনা নির্মাণে সহযোগিতা করে। ছয়-সাত বছর ধরে ছাত্রদলের ক্যাডারদের দাপট ছিল। সরকার পরিবর্তনের সঙ্গে ছাত্রদলের ক্যাডারদের দাপট কমে আসে। এখন স্থানীয় ছাত্রলীগের ক্যাডারদের দাপট বেড়ে গেছে। দেড়-দুই লাখ টাকা ভাড়ার ভাগ ছাত্রলীগের একটি অংশ পাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরকারি আবাসন পরিদপ্তরের উপপরিচালক (উপসচিব) মো. মাহবুব কবীর প্রথম আলোকে বলেন, ‘আগ্রাবাদ সিজিএস কলোনিতে অবৈধ বসবাসকারীদের একটি তালিকা আমরা গণপূর্ত অধিদপ্তর থেকে পেয়েছি। এ ব্যাপারে শিগগির আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে আমরা কলোনির একটি অংশের অবৈধ উচ্ছেদ সম্পন্ন করেছি।’ তিনি আরও বলেন, ‘অবৈধ স্থাপনার ব্যাপারে কলোনিবাসী থেকে আমরা অনেক অভিযোগ পেয়েছি। তাঁরা আইনশৃঙ্খলা নিয়ে চিন্তিত এবং সরকারেরও বিপুল ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন।’