আগ্রাবাদে ধসে পড়েছে চারতলা বাণিজ্যিক ভবনের একাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের আগ্রাবাদ এলাকায় চারতলা একটি বাণিজ্যিক ভবনের একাংশ ধসে পড়েছে। ৩১৬/১২ শেখ মুজিব সড়কের ভবনটির নাম জেকস শপিং কমপ্লেক্স। ভবনটিতে একটি তৈরি পোশাক কারখানা, তিনটি বেসরকারি প্রতিষ্ঠান ও ৩২টি দোকান রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় এক হাজার নারী-পুরুষ কর্মরত রয়েছেন। ভবনটি ধসে পড়ায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। জানা গেছে, ভবনমালিক শেখ খুরশিদ আনোয়ার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যানসহ সরকারি অন্যান্য সংস্থাকে ভবনটি পরিদর্শনপূর্বক ঝুঁকিপূর্ণ ঘোষণা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত আবেদন করেছেন। জানতে চাইলে শেখ খুরশিদ আনোয়ার বলেন, ‘ভবনটিতে দুই বছর আগে ফাটল দেখা দেয়। তখনো বিষয়টি চউককে লিখিতভাবে জানিয়েছিলাম। সম্প্রতি আমাদের ভবনের দক্ষিণ পাশে ওহাব ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠান বহুতল ভবন গড়ে তোলার জন্য প্রিকাস্টিং পাইলিংয়ের কাজ শুরু করলে জেকস শপিং কমপ্লেক্সের দক্ষিণ পাশের একাংশ ধসে পড়ে।’ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘যেকোনো মুহূর্তে আমরা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছি। তবে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার দায়ভার আমরা নেব না বলে সংশ্লিষ্ট লোকজনকে জানিয়ে দিয়েছি।’ এ ব্যাপারে চউকের প্রধান প্রকৌশলী ইকবাল হোসেন মজুমদার ২৫ মে মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার বিষয়টি আমরা জেনেছি। ইতিমধ্যে চউকের একটি দল ভবনটি সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদনও দিয়েছে।’ এ ছাড়া তিনি বলেন, ‘দক্ষিণ পাশের নির্মাণাধীন ভবনের পাইলিং কাজের কারণে জেকস শপিং কমপ্লেক্সের একাংশ ধসে পড়েছে কি না তা-ও আমরা তদন্ত করে দেখব।’ জানা যায়, জেকস শপিং কমপ্লেক্স মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গত ২৭ এপ্রিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার বিষয়টি লিখিতভাবে জানানো হয়। এতে বলা হয়, ২৭ এপ্রিল দুপুরে পাশের নির্মাণাধীন বহুতল ভবনের পাইলিংয়ের কাজ করার সময় জেকস শপিং কমপ্লেক্সের দক্ষিণ পাশের একাংশ ধসে পড়ে। প্রায় ২০ শতক জায়গার ওপর ১৯৮৬ সালে ভবনটি নির্মাণ করা হয়। ২৬ মে ভবনটি পরিদর্শনে দেখা যায়, চার তলা ভবনের তৃতীয়তলা থেকে চতুর্থ তলা পর্যন্ত লাকি গ্রুপের একটি পোশাক কারখানায় বিপুলসংখ্যক শ্রমিক কাজ করছেন। ভবনের দক্ষিণ পাশের (প্রথম থেকে চতুর্থ তলা পর্যন্ত) বড় একটি অংশ ফেটে গেছে। দক্ষিণ দিকে কিছুটা হেলে পড়েছে। ভবনের অভ্যন্তরে একাধিক স্থানে বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে। দোতলায় রয়েছে একটি বিমা কোম্পানি। কোম্পানির কর্মচারী জহিরউদ্দীন ও আফরোজা শাহীন তাঁদের কার্যালয়ের ছাদ ও দেয়ালের ফেটে যাওয়া বিভিন্ন অংশ দেখিয়ে বলেন, ‘আমরা মৃত্যুঝুঁকি নিয়ে কাজ করছি।’ নিচতলার একটি সেলুনের কর্মচারী আশীষ কান্তি সুশীল বলেন, ‘প্রাণটা হাতে নিয়ে প্রতিদিন কাজ করি।’ একই রকম মন্তব্য করেন ভবনে অবস্থিত আমেরিকান লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে কর্মরত সুজন ভদ্র। ২৬ মে সরেজমিনে আরও দেখা যায়, ঝুঁকিপূর্ণ হয়ে পড়া জেকস শপিং কমপ্লেক্সের দক্ষিণ পাশে একটি বহুতল ভবন গড়ে তোলার জন্য পাইলিংয়ের কাজ শেষ হওয়ার পর ভূগর্ভের বিভিন্ন কাঠামোর ঢালাই চলছে। ইমারত নির্মাণের বিধিমালা অনুযায়ী একটি ভবন থেকে অন্য ভবনের দূরত্ব পাঁচ-ছয় ফুট রাখার কথা থাকলেও এ ক্ষেত্রে তা মানা হয়নি। জেকস শপিং কমপ্লেক্স থেকে ওহাব ব্রাদার্সের নির্মাণাধীন ভবনের দূরত্ব স্থানভেদে আড়াই-তিন ফুট।এ বিষয়ে জানতে চাইলে নির্মাণাধীন ভবনের নির্মাণ প্রকৌশলী পরিচয়দানকারী মোহাম্মদ তারেক বলেন, ‘আমরা ইমারত নির্মাণ বিধিমালা মেনেই ভবন করছি। জেকস শপিং কমপ্লেক্স থেকে আমাদের ভবনের পর্যাপ্ত দূরত্ব রয়েছে।’ তিনি পাল্টা অভিযোগ করে বলেন, জেকস ভবনের কর্তৃপক্ষ পর্যাপ্ত জায়গা না রেখেই ভবন তৈরি করেছিল। যোগাযোগ করলে নির্মাণাধীন ভবনের মালিক আবদুর রাজ্জাক বলেন, জেকস শপিং কমপ্লেক্সের ভবনটিতে আগে থেকে ফাটল ধরেছিল। পাইলিংয়ের কারণে ভবন ধসে পড়ার অভিযোগ তিনি অস্বীকার করেন।