আগ্রাবাদে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নগরের আগ্রাবাদে একটি যাত্রীবাহী টেম্পো দাঁড়িয়ে থাকা একটি বাসকে ধাক্কা দিলে তিনজন নিহত ও অপর চারজন আহত হন। নিহত ব্যক্তিরা সবাই টেম্পোর যাত্রী। গত রোববার রাত নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন আব্বাস মিয়া (৩৮), সাইফুল ইসলাম (২৭) ও অজ্ঞাত পরিচয় এক পুরুষ। তাঁর বয়স প্রায় ৪৫ বছর। আহতদের মধ্যে মো. হাসান নামে একজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুল কবীর জানান, রাত নয়টার দিকে আগ্রাবাদ বেতার ভবনের সামনে একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে একটি যাত্রীবাহী টেম্পো এসে বাসটিকে ধাক্কা দেয়। এতে টেম্পোটি দুমড়ে-মুচড়ে যায়। হতাহতদের চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তিনজনকে মৃত ঘোষণা করেন। পুলিশ বাস ও টেম্পোটি আটক করেছে ।