আগ্রাবাদে ৯ এমএম পিস্তলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাব-৭-এর সদস্যরা নগরের ডবলমুরিং থানাধীন কর্ণফুলী শিশুপার্ক মার্কেটের পূর্ব দিকে জাম্বুরি বস্তির মাঠে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছেন। গতকাল বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের উপঅধিনায়ক মেজর আবদুস সামাদ এ অভিযান পরিচালনা করেন। র‌্যাবের উপস্থিতি আঁচ করতে পেরে সন্ত্রাসীরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।র‌্যাব সূত্র জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে ১৭ রাউন্ড গুলিসহ যুক্তরাষ্ট্রে তৈরি একটি ৯ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় একনলা বন্দুক, একটি এলজি এবং দুই রাউন্ড এলজির কার্তুজ রয়েছে।র‌্যাব-৭-এর উপঅধিনায়ক মেজর আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, ‘জাম্বুরি মাঠের আশপাশের বস্তিতে সন্ত্রাসীরা সশস্ত্র অবস্থায় আত্মগোপন করে ছিল। এ খবর পেয়ে আমরা মঙ্গলবার রাতে অভিযানে বের হই। বস্তি ঘেরাও করে সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা করি। একপর্যায়ে সন্ত্রাসীরা বস্তির কাছে অস্ত্র ও গোলাবারুদ ফেলে পালিয়ে যায়। পরে আমরা যুক্তরাষ্ট্রে তৈরি ৯ এমএম পিস্তলসহ আরও অনেক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছি।’সূত্র জানায়, জাম্বুরি মাঠের পাশে অনেক বস্তি গড়ে উঠেছে। নিম্নআয়ের লোকজনই এসব বস্তির বাসিন্দা। তাই অস্ত্রধারী সন্ত্রাসীরা নিরাপদ আশ্রয় হিসেবে এসব বস্তি বেছে নিয়েছিল। সেখানে অবস্থান করে সন্ত্রাসীরা আগ্রাবাদ ও আশপাশের এলাকাসহ নগরে চুরি, ডাকাতি ও ছিনতাই করে আসছিল বলে অভিযোগ আছে।