আগ্রাবাদের পানওয়ালাপাড়ায় সড়কের ওপর স্ক্র্যাপ ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের উভয় পাশের বিশাল একটি অংশ দখল করে লোহালক্কড়সহ পুরোনো আসবাবপত্রের ব্যবসা চালিয়ে যাচ্ছেন উত্তর আগ্রাবাদের পানওয়ালাপাড়ার কিছু স্ক্র্যাপ ব্যবসায়ী। প্রায় সময় সড়কে দাঁড়িয়ে পণ্য ওঠানো-নামানো করে ট্রাক। এতে হাড্ডি কোম্পানি মোড়, হাজিপাড়াসহ আশপাশের এলাকার ট্রাফিক-ব্যবস্থায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এ ব্যাপারে ওয়ার্ড কাউন্সিলরের কাছে একাধিকবার অভিযোগ দিলেও কাজের কাজ কিছুই হচ্ছে না।১০ এপ্রিল সরেজমিনে পরিদর্শনে গেলে কথা হয় একাধিক স্ক্র্যাপ ব্যবসায়ীর সঙ্গে। তাঁরা সড়ক দখল করে স্ক্র্যাপ ব্যবসা পরিচালনার কারণে নাগরিক দুর্ভোগের কথা স্বীকার করেছেন। হাড্ডি কোম্পানি মোড়ে সড়কের বড় একটি অংশে মালামাল রেখে দীর্ঘদিন থেকে স্ক্র্যাপ ব্যবসা করছেন আবু তাহের সওদাগর। তিনি নাগরিক দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, ‘রাস্তা থেকে আমরা মালামাল সরিয়ে নেব।’ নামফলকবিহীন স্ক্র্যাপ মালামাল বিক্রির একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা তো সড়কের জায়গা দখল করিনি। একপাশে মালামাল রেখে ব্যবসা চালাচ্ছি।’সরেজমিনে দেখা যায়, পানওয়ালাপাড়ায় ঢোকার মুখে দুটি সড়কের উভয় পাশের বড় অংশজুড়ে অর্ধশতাধিক স্ক্র্যাপ বেচাকেনার প্রতিষ্ঠান রয়েছে। এসবের মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠানের মালামাল রাখা হয়েছে সড়কের ওপর।স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সেলিম বলেন, ‘স্ক্র্যাপ ব্যবসায়ীদের কারণে আমরা অতিষ্ঠ। তাঁরা কোনো কথাই শোনেন না। সড়কের ওপর মালামাল রেখে তাঁরা ব্যবসা করছেন কিন্তু মানুষের কষ্টের কথা বিবেচনায় আনা হচ্ছে না।’আলাউদ্দিন আলী, ফরিদ আহমদ, সহিদুল হকসহ স্থানীয় আরও কয়েকজন বাসিন্দা বলেন, রাস্তার ওপর ট্রাক দাঁড় করিয়ে তাঁরা (স্ক্র্যাপ ব্যবসায়ীরা) মালামাল তোলেন। এতে যানজটের সৃষ্টি হয়। বিদ্যালয়-কলেজে যাতায়াতকারী শিক্ষার্থীরা দুর্ভোগে পড়ে। ১০ এপ্রিল বেলা দুইটায় পানওয়ালাপাড়ায় গিয়ে আরও দেখা যায়, বৈশাখী মেলার জন্য হাড্ডি কোম্পানি মোড় থেকে জাস কিন্ডারগার্টেন স্কুল পর্যন্ত পানওয়ালাপাড়ার সড়কটির প্রায় পুরো অংশ দখল করে বৈশাখী পণ্য বিক্রির জন্য বসেছে অর্ধশত দোকান।ফলে এ সড়ক দিয়ে রিকশা, ট্যাক্সি চলাচল বন্ধ হয়ে গেছে। যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয় লোকজন।স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম হক পানওয়ালাপাড়ার নাগরিক ভোগান্তির বিষয়ে জানতে চাইলে বলেন, ‘আপনার সঙ্গে (প্রতিবেদক) কথা বলতে ইচ্ছে হয় না। আপনারা অনেক কিছু উল্টাপাল্টা লিখে ফেলেন। আমি মেয়রের অনুমতি ছাড়া কথা বলতে পারব না।’উপপুলিশ কমিশনার (যানবাহন) ফারুক আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, পানওয়ালাপাড়ার যানজটসংক্রান্ত সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাইনি। তবে এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।