আঙুর ফল আসলেই টক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস চলছিল রাস্তায়, ঠিক চলছিল বললে ভুল হবে, বাসের ইঞ্জিনটা চলছিল কিন্তু বাস ছিল স্থির। মাঝেমধ্যে একটু নড়েচড়ে উঠছিল। হিউম্যান বডির ক্ষেত্রে হলে একে বলা হতো কোমায় থাকা বাস। এতে তেল বিক্রেতাদের লাভ। বসে বসে তেল পোড়ানো। বসে বসে খেলে নাকি রাজার স্টকও ফুরিয়ে যায়। গেলে যাক, সেটা ভিন্ন প্রসঙ্গ।বাসে বসে আছি। কিচ্ছু করার নেই। বাইরে বিপরীত দিকের রাস্তারও একই অবস্থা। বসে বসে বিভিন্ন ভাগে গাড়ি গুনছি। কয়টা বাস, কয়টা প্রাইভেট কার, কয়টার রং সাদা, কয়টা মোটরবাইকের পেছনে লেখা এএফআর, কয়টা অরিজিনাল সিএনজি আর কয়টা আসল প্রাইভেট সিএনজি, কয়টা নকল প্রাইভেট সিএনজি ভাড়ায় খাটছে ইত্যাদি। আসলে জ্যামে বসে থাকলেও কাজ করার ইচ্ছা থাকলে করার মতো কাজের অভাব নেই! আমার পাশের ভদ্রলোক জানালার পাশের সিটে। ফলে আমাকে একটু মাথা বাড়িয়ে কসরত করে এই বিশাল গবেষণার মতো কাজটি করতে হচ্ছিল। হঠাৎ নড়েচড়ে উঠলেন ভদ্রলোক। বয়স চল্লিশের ওপরে। মাথার চুলের তিন অবস্থা—কিছু কালো, কিছু সাদা আর কিছু এখন আর নেই। তিনিও সমান আগ্রহে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন। আমার দৃষ্টি দূর থেকে কাছে আনতে বাধ্য হলাম। ঠিক যে দৃশ্যটির ওপর তার দৃষ্টি নিবদ্ধ, সেই দৃশ্য দেখে আমারও দৃষ্টি নিবদ্ধ হয়ে গেল।আমাদের বাসের ঠিক পাশে দু-তিন গজের মধ্যে একটা বাইক এসে জ্যামে অংশ নিল। বাইকটা দৃষ্টি নিবদ্ধ হওয়ার মতো বিষয় নয়। বিষয় ছিল বাইকের পেছনে। মেয়েটির বয়স বিশ কি বাইশ। আন্দাজেই বলছি, তবে এর বেশি হলে একদমই মেনে নেব না। কালো লম্বা খোলা চুলগুলো পিঠ অবধি লম্বা। কালো চোখে আরও কালো করে কাজল দেওয়া, ওর চাহনিতে যদি সম্মোহন বলে কিছু না থাকে, তাহলে পৃথিবীতে সম্মোহন বলে কিছুই নেই। প্লাক করে সুন্দরভাবে রাখা একজোড়া চিকন ভ্রু, যেন এমন চোখের জন্যই কোনো বিখ্যাত শিল্পীর তুলিতে আঁকা এক জোড়া ভ্রু। কপালে সুন্দর ছোট্ট একটি টিপ, ভালো করে লক্ষ না করলে চোখে পড়ার মতো নয় এমন ছোট। নাকটি চিকন, বাঁশির মতো। নাকের নিচটা মসৃণ, মাখনের মতো। কিন্তু কেন জানি আমার মনে হলো, মেয়েটি এ জায়গার অবাঞ্ছিত লোম তুলতে কোনো লেজার রশ্মির নিচে মাথা রাখেনি, ও এমনই প্রাকৃতিকভাবেই সুন্দরী! হালকা রঙের ঠোঁটজোড়া, লিপস্টিকের কারসাজি বললে কেউ বলতে পারেন, কিন্তু আমি বিশ্বাস করব না। ঠোঁটের এক পাশে একটি ছোট্ট তিল। তিলটি কৃত্রিম—এ কথা কেউ বললেও আমি আপাতত মেনে নিচ্ছি না। এ রকম একটি তিল যদি সৃষ্টিকর্তা ওকে না দিয়ে থাকেন, তাহলে বড় অন্যায় হবে। মুখের নিচে ধারালো চিবুক। মুখটা ঠিক গোলও নয়, আবার ঠিক লম্বাটেও নয়। যেন এ মুখটার জন্য এই চোখ-ভ্রু-নাক-ঠোঁট-চিবুকগুলো আলাদা অর্ডার দিয়ে বানানো। লম্বা গলা। আর গায়ের রং? রক্তিম সাদা, যাকে বলে স্বচ্ছ। পোশাকের ঔদাসীন্যের কারণে পিঠের অনেকখানি অংশ উন্মুক্ত হলেও তারও অনেকখানি অংশ আবার সুন্দরভাবে চুলে ঢাকা পড়ে গেছে। ফলে দেখা-অদেখার যে একটা রহস্যময়তার সৃষ্টি হয়েছে, তাতে মনে হলো এ জ্যামটি আর কোনো দিন না ছাড়ুক! এভাবে কাটুক না কয়টা দিন।হঠাৎ হইচই। আশপাশের বাসগুলো, প্রাইভেট কারগুলো আর বজ্জাত সিএনজিগুলো বেরসিকের মতো একসঙ্গে চেঁচিয়ে উঠল। মনে হচ্ছে জ্যাম ছেড়ে দেবে। বাধ্য হয়ে বাসের ভেতরের দিকে ঘাড় ঘোরাতেই আমি অবাক। বাসে যারা দাঁড়িয়ে আছে, যারা বসে আছে, সবাই জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে, আর যারা ভালোভাবে তাকানোর সুযোগ পাচ্ছে না, নিজ নিজ অবস্থান থেকে তারাও উঁকিঝুঁকি মারার চেষ্টা করছে। আমার ভীষণ রাগ হলো, মানুষ এত নির্লজ্জ হয় কী করে! রাস্তায় একটা সুন্দর মেয়ে না হয় বাইকে চড়ে কোথাও যাচ্ছে, তাই বলে সবাইকে এভাবে তাকাতে হবে? এদের মধ্যে কি চক্ষুলজ্জা বলেও কোনো বাগ্ধারার অস্তিত্ব নেই! আরও অবাক হলাম, আমার পাশের চল্লিশোর্ধ্ব সেই ভদ্রলোকের অবস্থা দেখে, যার মাথার চুলের অলরেডি তিন অবস্থা, তিনি জানালায় হাত দিয়ে, সেই হাতে আবার মাথা দিয়ে নিবিষ্টচিত্তে বাইরে তাকিয়ে আছেন! আমি এতক্ষণ খেয়ালও করিনি!যা-ই হোক, জ্যাম ছাড়ল। মোটরবাইক সামান্য ফাঁকা পেয়ে ছুটে বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে পুরো বাসেই যেন গেল গেল বলে হতাশার নিঃশ্বাস বেরিয়ে গেল সবার। বাসের সব কটা চোখ মোটরবাইকটিকে ফলো করল কিছুক্ষণ, যতক্ষণ অন্য গাড়ির আড়াল না হলো। আমার পাশের ভদ্রলোকের উঁকিঝুঁকির জন্য মেয়েটাকে আমার আর শেষ দেখাটাও দেখা হলো না! একটা বাসের সব কটা পুরুষ এমন অসভ্য হতে পারে, চিন্তা করতেই আমার আর এ দেশে থাকতে ইচ্ছে করে না। কী হবে এই জাতিকে দিয়ে? ততক্ষণে বাসে গুঞ্জন শুরু হয়ে গেছে। কান খাড়া করে শুনলাম। সামনে থেকে কেউ একজন বলে উঠল, এভাবে কোনো সভ্য দেশের মেয়েরা পোশাক পরে! আমারও মনে হলো, আরে, তাই তো! আমিও বলতে ছাড়লাম না। বুঝলেন, তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এরা পোশাকেই সব। জিজ্ঞেস করে দেখেন, ডিম পোচ করতে হয় কীভাবে, সেটাও জানে না। কী হবে এদের দিয়ে! কিছুই না। এ জাতির ভবিষ্যৎ এ জন্যই বড়ই অন্ধকার। বাসের অনেকেই আমার সঙ্গে গলা মেলাল। অনেক দিন পর হঠাৎ নিজেকে হিরো মনে হলো।সামনের স্টপেজে বাস থামল। এটাই আমার শেষ স্টপেজ। বাসের হেলপার ড্রাইভারকে উদ্দেশ করে বলল, ওস্তাদ, আস্তে, একজন মুরব্বি নামবে। দাদু হাতটা দেন, আমি ধরে নামিয়ে দিই। আমিও নেমে গেলাম।