আঙুলের ছাপের বহুমুখী ব্যবহার
>আঙুলের ছাপ, জাতীয় পরিচয়পত্র, ছবি—এসব ছাড়া শুধু টাকা দিয়েই মাগুরায় মিলছে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিম (সূত্র: প্রথম আলো, ৯ জুন ২০১৬)। এই খবরে নিশ্চয়ই বেজায় চটেছেন অনেকেই। তবে আঙুলের ছাপ দিয়ে শুধু সিম রেজিস্ট্রেশন না করে আর কোন কোন উপায়ে সেটা কাজে লাগানো যায়,
দেশ ও জাতির কল্যাণে সেই মহৎ চিন্তা করেছেন আসফিদুল হক
সম্পর্ক টিকিয়ে রাখতে
আপনার সম্পর্কের কি যায় যায় অবস্থা? তাহলে আজই প্রিয়জনকে একটি বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা সিম কিনে উপহার দিন। আর বলুন, ‘এই নাও, তোমার প্রিয় নায়ক আবুল খানের “বুইড়া” আঙুলের ছাপ দিয়ে তৈরি নিবন্ধিত সিম।’ দেখবেন, আপনার প্রিয় মানুষটি তার প্রিয় নায়কের আঙুলের ছাপসংবলিত সিম পেয়ে ‘এত্তগুলা’ খুশি হয়ে গেছে। এবং আপনাদের সম্পর্কও সুপার গ্লুর মতো আবার জোড়া লেগে যাবে।
সুপারহিট কবিতার ক্ষেত্রে
আমাদের মাঝে অনেকেই আছেন, যাঁরা নিজেকে একজন জন্ম-কবি বলে ভাবেন। অথচ লোকজন তাঁদের কবিতাকে পাত্তাই দিতে চায় না। এই ব্যর্থ কবিদের জন্য বায়োমেট্রিক সিম হতে পারে একটি হাতিয়ার। আজই আপনার কবিতায় বায়োমেট্রিক সিমের প্রসঙ্গ নিয়ে আসুন। ‘ও পাষাণী চলে গেছো শুধু রেখে গেছো তোমার বায়োমেট্রিক আঙুলের ছাপ’-এ ধরনের পঙ্ক্তি কবিতার ভেতর ঢুকিয়ে দিন। দেখবেন, এই যুগের বহু দেবদাস আপনার কবিতার মাঝে নিজেকে খুঁজে পাচ্ছে। ফলে আপনি এবং আপনার কবিতা দুটোই হবে সুপারহিট। তবে কবিতা ছাপানোর সময় সতর্কতাবশত কবিতার পাশে আপনার আঙুলের ছাপ দিয়ে রাখবেন। তা নাহলে আপনার কবিতা অন্য কেউ বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করে ছিনিয়ে নিতে পারে।
মহান চিত্রকর্ম তৈরিতে
ছোটবেলা থেকেই হয়তো আপনার শখ একজন মহান চিত্রশিল্পী হওয়ার। কিন্তু দেখা গেছে, প্র্যাকটিক্যাল খাতায় আঁকা আপনার ‘অসাধারণ’ ব্যাঙের ছবির সঙ্গে ক্লাসটিচার আপনার চেহারার মিল খুঁজে পেতেন। এ কারণে চিত্রশিল্পী হওয়ার বাসনা মনের মধ্যে চেপে রেখে আপনি হয়তো রড-সিমেন্ট বা পাথরের ব্যবসায় নেমে গেছেন। কিন্তু পাথরের ব্যবসা করলেও আপনার মনের শিল্পীসত্তা অমাবস্যা-পূর্ণিমায় নিয়মিত মাথাচাড়া দিয়ে ওঠে। আপনাদের মতো সুপ্ত প্রতিভাবানদের জন্যই আঙুলের ছাপ হতে পারে একটি সুবর্ণ সুযোগ। সিম কার্ড বিক্রি করে এমন দোকানগুলো থেকে প্রচুর আঙুলের ছাপ সংগ্রহ করুন। তারপর সেগুলো ছবি আকার ইজেলের ওপর এলোপাতাড়িভাবে বসিয়ে দিন। বসানোর পর ইজেলের ওপর মনের মাধুরী মিশিয়ে রং মেশান। ব্যস, এরপর ছবিগুলো নিয়ে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করে ফেলুন। দেখবেন, একেক মানুষ একেকভাবে ব্যাখ্যা করছে আপনার চিত্রকর্মগুলো। এমনকি ছোটবেলায় ব্যাঙের সঙ্গে আপনার চেহারার মিল খুঁজে পাওয়া সেই স্যারও আপনার চিত্রকর্মের দারুণ প্রশংসা করবেন। আর এভাবেই বায়োমেট্রিক আঙুলের ছাপের সঠিক ব্যবহারের মাধ্যমে আপনি হয়ে উঠবেন একজন কালজয়ী ‘বায়োমেট্রিক’ চিত্রশিল্পী।