আঙুলের ছোঁয়ায় শিল্প
আঙুলের ছোঁয়ায় নিছক একটি মাটির টুকরা হয়ে ওঠে অসাধারণ এক শিল্পকর্ম। আঙুলের সঙ্গে যে মানুষের আত্মিক সম্পর্ক! এ শিল্পকর্ম পৌঁছে যায় মানুষের কাছে। সেই মানুষ হচ্ছেন ভাস্কর-শিল্পী অলক রায়। ২০ জুলাই ছিল শিল্পীর ৬০তম জন্মবার্ষিকী। আর সে দিনই আঁলিয়স ফ্রঁসেজে উদ্বোধন করা হয় শিল্পী অলক রায়ের ‘হোমেজ টু পটার অ্যান্ড ফিঙ্গার’ শীর্ষক চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঁলিয়স ফ্রঁসেজের পরিচালক আদিল হোসেন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. রমিজউদ্দীন চৌধুরী।প্রদর্শনী সম্পর্কে শিল্পী বলেন, ‘মানুষ ৫০ বছর পূর্তি করে ১০০ বছর বাঁচার আশায়, আমি ৬০ বছর পূর্তি উপলক্ষে প্রদর্শনীর আয়োজন করলাম তা শুধু ১২০ বছর বাঁচার আশায় নয়। এত বছর ধরে যে কাজ করেছি, তার মূল্যায়ন করা। নিজের অবস্থানটা নিজের কাছে পরিষ্কার করা।’ তিনি আরও বলেন, ‘যাঁরা মাটির কাজ করে, যাঁদের আমরা কুমার বলি, আমি সবসময় তাঁদের সঙ্গে একধরনের সম্পর্ক অনুভব করি। মাটিকে পুড়িয়ে একটা আকারে নিয়ে আসা—এটাও সৃষ্টি, আর এই সৃষ্টি করতে সাহায্য করে হাতের আঙুল। এ আঙুল দিয়ে মাটিকে অনুভব করা যায়, তাকে ইচ্ছামতো গড়া যায়।’ শিল্পী এ যাবত যত ভাস্কর্য গড়েছেন তার একটা পূর্ণাঙ্গ চিত্র দেখানো হয়েছে প্রদর্শনীতে। দেশ ও বিদেশের বিভিন্ন জায়গায় তাঁর ভাস্কর্য ও নিজের পরিবারের ছবিসহ প্রদর্শনীতে দেখানো হয় একটি তথ্যচিত্র। তথ্যচিত্র ছিল স্টেপ টু ইকোলজি অব মাইন শিরোনামে ২০০৭ সালে অনুষ্ঠিত শিল্পীর প্রদর্শনীর ওপর। তথ্যচিত্রে শিল্পীর নিজের অনুভূতির কথাও জানান। প্রদর্শনীর মূল আকর্ষণ ছিল ‘ক্লিন’ (বিশেষ ধরনের চুলা, যার ভেতরে মাটির তৈরি ভাস্কর্যগুলো পোড়ানো হয়)। এ চুলার মাধ্যমে শিল্পী দেখানোর চেষ্টা করেছেন তার সৃষ্টিকর্মের ধারাবাহিক প্রক্রিয়া।চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা জাকিয়া সুলতানা এসেছেন প্রদর্শনীতে। কেমন লাগছে প্রদর্শনী? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি স্যারের একজন ছাত্রী। আমি নিজেও ছবি আঁকি। স্যারের কাজ অসাধারণ। ওনার কাছ থেকে অনেক কিছুই শেখা যায়। এত সৃজনশীলতা তাঁর কাজের মধ্যে, যা সত্যিই মুগ্ধ করার মতো।’ বিকেল চারটা থেকে আটটা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। আজ প্রদর্শনী শেষ হচ্ছে।