
কমলাপুর রেলস্টেশনের পাশে একটা কফিশপে বসে ছিলাম। খুব একটা সময় হয়নি এসেছি। হঠাৎ মেয়েলি কণ্ঠ—
‘এক্সকিউজ মি, আর ইউ মিস্টার আলম?’
‘ই...ইয়েস!’
আমি, ‘হ্যাঁ’ বলতে না-বলতেই মেয়েটা পাশ থেকে একটা চেয়ার টেনে আমার ঠিক সামনেই বসে পড়লেন। কোনো কথা বললেন না। ব্যাগের ফোনটা হাতে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। আমি দেখছি। ভাবছি। কিন্তু আগপাছ কিছুই মেলাতে পারছি না। মেয়েটা কি আদৌ আমার পরিচিত?
ততক্ষণে আমার কফি নিয়ে হাজির ওয়েটার। ভদ্রতার খাতিরে মেয়েটাকে জিজ্ঞেস করলাম, ‘আচ্ছা, আপনি ড্রিংক, কফি কোনটি খাবেন?’
ফোনের বাটন চাপতে চাপতে উত্তর দিলেন, ‘আর কেউ আসবে না?’
কী বলব আমি বুঝতে পারছি না। খাবারের প্রসঙ্গ ছেড়ে জিজ্ঞেস করলাম, ‘আপনার পরিচয়টা কি জানতে পারি?’
‘মানে...!’
প্রশ্নটা শুনেই মেয়েটা যেন একেবারে আকাশ থেকে পড়ল। কেবল একটা অস্ফুট শব্দ বের হলো মুখ দিয়ে। চেয়ার টেনে লাফ দিয়ে উঠে ‘ধেৎ! আপনি নাভিদ আলম নন, এটা আগে বলবেন না?’
রাগের তীব্রতা লক্ষ করলাম পুরো চেহারায়।
আমি আরেকটু আস্তে করে বললাম, ‘আপনি তো কেবল মিস্টার আলম বলেছেন। পুরো নামটা তো বলেননি। আমার সংক্ষিপ্ত নামও তো আলম।’
আমার কথাগুলো শুনেছে, তবে কিছু বলেনি। ডানে-বাঁয়ে একবার তাকিয়ে বের হয়ে যায়।
কফির মগ থেকে তখনো ধোঁয়া উড়ছে।
বন্ধু মাছুমের অপেক্ষায়। ও আসছে না। সময়টা পার করতেই আস্তে আস্তে কফি খাচ্ছি।
কিছুক্ষণ বাইরে থেকে মেয়েটা আবারও আমার পাশে এসে দাঁড়াল। কিছু বলতে যাবে তার আগে আমিই প্রশ্ন করি, ‘কিছু বলবেন, প্লিজ!’
‘ও আসেনি?’
মেয়েটার দিকে তাকাই। অগ্নিমূর্তি মুখটা এখন আর নেই। দুই চোখের কোনায় অশ্রু টলমল করছে। আমি চেয়ে আছি...।
রুমান হাফিজ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়