
কক্সবাজারের মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিউন পরিষদের পাঁচ চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এই পাঁচ চেয়ারম্যানপ্রার্থীই আওয়ামী লীগের সদস্য। ১৯ ফেব্রুয়ারি মনোনয়ন ঘোষণার তাঁরা নিজেদের সমর্থকদের নিয়ে মোটর শোভাযাত্রা করেন। অথচ ১১ ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী এমন শোভাযাত্রা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
মহেশখালী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানায়, গত ১১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন প্রথম ধাপের সারা দেশে ৭৫২টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে। তার মধ্যে প্রথমে ধাপে মহেশখালী উপজেলার সাতটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট গ্রাহণের তারিখ নির্ধারিত হয়েছে ২২ মার্চ।
দলীয় নেতা কর্মী ও এলাকাবাসী জানান, ১৯ ফেব্রুয়ারি কেন্দ্র থেকে মনোনয়ন ঘোষণা করার পর গাড়িবহর নিয়ে এলাকায় যান কালারমারছড়া ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সেলিম চৌধুরী। অবশ্য ২২ েফব্রুয়ারি কেন্দ্র থেকে সেলিমের দলীয় মনোনয়ন পরিবর্তন করে তারেক বিন ওচসমান শরীফকে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যানপ্রার্থী হিসেবে ঘোষণা করে। ২৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সেলিমের মনোনয়ন বাতিল করে। তবে তিনি এর বিরুদ্ধে আপিল করেছেন বলে জানান।

২০ ফেব্রুয়ারি বিকেলে গাড়িবহর নিয়ে এলাকায় শোভাযাত্রা করেন হোয়ানক ইউপির চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মোস্তফা কামাল।
ছোট মহেশখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জিহাদ বিন আলী ২১ ফেব্রুয়ারি দুপুর ১২টায় মহেশখালী জেটিঘাট এলাকা থেকে সমর্থকদের নিয়ে মোটর শোভাযাত্রা করেন। এসময় জিহাদ ঠেলা গাড়ির ওপর বসানো নৌকায় চড়ে বসেন। তার সামনে ও পেছনে অন্তত ৫০টি মোটরসাইকেল, ৪০টি টমটম ও পাঁচটি মাহেন্দ্র গাড়িতে কয়েকশ নেতা-কর্মী ও সমর্থক ছিলেন।
সেই দিন বিকেল মহেশখালী জেটিঘাট ঘাট থেকে বড় মহেশখালীর চেয়ারম্যানপদ প্রার্থী মোহাম্মদ শরীফ বাদশাহ। জেটিঘাট থেকে শরীফ বাদশাহ খোলা একটি মাইক্রোবাসে চড়ে মোটর শোভাযাত্রার নেতৃত্ব দেন। এ সময় তাঁর গাড়ির পেছনে ছিল ১০০ মাহেন্দ্র গাড়ি, ৫০টি জিপ, ২০টি টম ও ৩০টি মোটরসাইকেল। আর গাড়িবহর নিয়ে শরীফ বাদশাহ পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল নিজ গ্রামে পৌঁছান। এ সময় সড়কে যানজটে কবলে পড়ে দুর্ভোগে পড়ে কয়েক হাজার মানুষ। সর্বশেষ ২৪ ফেব্রুয়ারি বিকেলে গাড়িবহর নিয়ে শোভাযাত্রা করে এলাকায় যান মাতারবাড়ি ইউপির চেয়ারম্যানপ্রার্থী এনামূল হক চৌধুরী।

জানতে চাইলে ইউপি নির্বাচনের উপজেলা সমন্বয়কারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম প্রথম আলোকে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি অনুযায়ী কোনো ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌ-যান, ট্রেন কিংবা অন্য কোনো যান্ত্রিক যানবাহন সহকারে মিছিল বা মশাল মিছিল এবং শোভাযাত্রাসহ প্রতীক নিয়ে প্রচারণা করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগের চেয়ারম্যানপ্রার্থী মোহাম্মদ শরীফ বাদশাহ, মোহাম্মদ সেলিম চৌধুরী, মোহাম্মদ মোস্তাফা কামাল, এনামূল হক চৌধুরী ও মোহাম্মদ জিহাদ বিন আলী বিভিন্ন যানবাহন ও প্রতীক নিয়ে শোভাযাত্রা করেছে বলে শুনেছি। এ কারণে তাৎক্ষণিকভাবে চারপ্রার্থীকে মুঠোফোনের মাধ্যমে সতর্ক করে দেওয়া হয়েছে। তিনি বলেন, পরবর্তীতে কোনো প্রার্থী নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আচরণবিধি ভঙ্গের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ জিহাদ বিন আলী বলেন, নৌকার প্রতীক পাওয়ায় জনগণ খুশি হয়ে আমাকে সংবর্ধিত করেছে। কিন্তু এখনো পর্যন্ত আচরণবিধি সম্বন্ধে তাঁর কোনো ধারণা নেই। তাই সামনে আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণা চালানো হবে। জানতে চাইলে আওয়ামী লীগের চেয়ারম্যানপ্রার্থী মোহাম্মদ শরীফ বাদশাহ বলেন, জনগণকে গাড়িবহর নিয়ে জেটি ঘাটে আমাকে সংবর্ধিত করেছে। এতে কোনো আচরণবিধি লঙ্ঘন করা হয়নি।
তবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন দাবি করেন হোয়ানক ইউপি নির্বাচনের আওয়ামী লীগের চেয়ারম্যানপ্রার্থী মোহাম্মদ মোস্তাফা কামাল, মাতারবাড়ি ইউপি নির্বাচনের আওয়ামী লীগের চেয়ারম্যানপ্রার্থী এনামূল হক চৌধুরী ও কালারমারছড়া ইউপি নির্বাচনের চেয়ারম্যানপদ প্রার্থী মোহাম্মদ সেলিম চৌধুরী।