আচরণবিধি মানার বালাই নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়ায় ২৩ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র চলছে প্রার্থীদের প্রচারণা। তবে প্রচারণা চালাতে গিয়ে অনেক প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন। দেয়ালে, ঘরের বেড়ায় ও বৈদ্যুতিক খুঁটিতে পোস্টার ও হ্যান্ডবিল সাঁটানো নিষিদ্ধ হলেও অনেক প্রার্থী এই বিধি মানছেন না।
সরেজমিনে দেখা গেছে, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পোস্টার-হ্যান্ডবিলে ছেয়ে গেছে উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত ভবন ও প্রতিষ্ঠানের দেয়াল। বাদ যায়নি দোকান, বসতঘরের বেড়া, বিদ্যুতিক খুঁটি ও চায়ের দোকান। সরকারি কার্যালয়, আদালত ও হাসপাতালের ভেতরও ঝোলানো হয়েছে পোস্টার। প্রচারে ব্যবহূত গাড়িতে লাগানো হয়েছে একাধিক মাইক এবং সাঁটানো হয়েছে পোস্টার। মাইকে প্রচার করা হচ্ছে প্রার্থীর দলীয় পরিচয় ও দলের শীর্ষ নেতা-নেত্রীর নাম। তবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা এখনো কোনো প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেননি। এ কারণে প্রচারণায় বিধি লঙ্ঘনের ঘটনা বাড়ছে।
আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে জানতে চাইলে বিএনপি-সমর্থিত প্রার্থী শেখ মো. মহিউদ্দিন বলেন, ‘আচরণবিধি লঙ্ঘন হওয়ার বিষয়টি আমার জানা নেই। প্রচারণার দায়িত্বে যাঁরা আছেন, তাঁদের এ বিষয়ে সতর্ক করা হবে।’
আওয়ামী লীগ-সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তাপস কান্তি দত্ত বলেন, ‘আমার পক্ষে যাঁরা কাজ করছেন, তাঁদের বলে দেওয়া হয়েছে আচরণবিধির বিষয়টি খেয়াল রাখার জন্য। তার পরও যদি ভুল হয়ে যায়, তবে আমি দ্রুত ব্যবস্থা নেব।’
এ ব্যাপারে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি এখনো আমাদের নজরে পড়েনি এবং কোনো প্রার্থী এ পর্যন্ত কোনো অভিযোগ করেননি। অভিযোগ পাওয়া গেলে এবং আচরণবিধি লঙ্ঘনের বিষযটি নজরে পড়লে অবশ্যই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’