নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা নানাভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রঙিন পোস্টার লাগানো, শক্তি প্রদর্শন ও সংঘর্ষে লিপ্ত হওয়ার মতো ঘটনায় আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। কেন্দ্রীয় তফসিল ঘোষণা এবং নিজ নিজ উপজেলায় মনোনয়নপত্র সংগ্রহের সময় ঘোষণার আগ পর্যন্ত মধ্যবর্তী সময়ে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ব্যবস্থা নেওয়ার বিধান গেজেট বিজ্ঞপ্তি আকারে জারি করা হয়নি। এ কারণে স্থানীয় নির্বাচন কর্মকর্তারা এসংক্রান্ত অভিযোগের কোনো ব্যবস্থা নিতে পারছেন না। এতে নির্বাচনের আগেই সহিংসতা বৃদ্ধির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। স্থানীয় নির্বাচন কমিশন কার্যালয় সূত্র জানায়, এ পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের দুটি সুনির্দিষ্ট অভিযোগ জমা পড়েছে। উপজেলাগুলো হচ্ছে—সন্দ্বীপ ও পটিয়া। সন্দ্বীপে দুই চেয়ারম্যান পদপ্রার্থী প্রচারণা শুরুর তারিখ ঘোষণার আগেই পোস্টার লাগিয়ে আচরণবিধি ভঙ্গ করেছেন। পটিয়ার জুলধা ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান রফিক আহমদ এবং সাবেক চেয়ারম্যান মো. নুরুল হকের সমর্থকদের মধ্যে গত রোববার সংঘর্ষ হয়েছে। এ নিয়ে থানায় দুটি মামলাও হয়েছে। এ দুজন আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইতিমধ্যে তর্যাপরতা শুরু করেছেন।এ প্রসঙ্গে পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক মিয়া বলেন, ‘জুলধার সংঘর্ষের ঘটনাটি শুনেছি। কিন্তু সেখানে এখনো তফসিল ঘোষণা হয়নি। তাই আপাতত আইনশৃঙ্খলার দায়িত্ব পুলিশের ওপর। তবে তফসিল ঘোষণার পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া যাবে।’ ২৫ মে থেকে পটিয়া উপজেলার ২২টি ইউনিয়নে মনোনয়নপত্র বিতরণের কাজ শুরু হবে। এখানে ভোট গ্রহণ করা হবে আগামী ২৮ জুন।সুনির্দিষ্ট অভিযোগ না এলেও অন্যান্য উপজেলায়ও একই ধরনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে বলে জানা যায়।এ প্রসঙ্গে চট্টগ্রামের উপনির্বাচন কর্মকর্তা এজাহারুল বলেন, ‘যখন কমিশন থেকে ১৯ এপ্রিল সারা দেশে ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা হলো তখন থেকেই কিছু বিধিবিধান কার্যকর রয়েছে। মেজবান দিয়ে লোকজন খাওয়ানো, পোস্টার লাগানো কিংবা কোনো সংঘর্ষের ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়া হবে। পটিয়ার বিষয়টাও খতিয়ে দেখা হবে।’চট্টগ্রাম জেলার ১৪ উপজেলার ১৮৫টি ইউনিয়নে আগামী ৪ জুন থেকে পর্যায়ক্রমে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথম উপজেলা হিসেবে সন্দ্বীপে ভোট গ্রহণ হবে ৪ জুন। এখানে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ ১৯ মে। এরপর শুরু হবে নির্বাচনী প্রচারণা। কিন্তু এখানে বেশ আগেই নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সন্দ্বীপের শিবেরহাট ইউনিয়নের দুই চেয়ারম্যান পদপ্রার্থী পোস্টার বের করে দেয়ালে লাগিয়েছেন। এ দুই প্রার্থীকে গত সোমবার মৌখিকভাবে সতর্ক করে দায়িত্ব শেষ করেছে কমিশন। বিষয়টি স্বীকার করে সন্দ্বীপের উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আবছার বলেন, ‘প্রচারণা শুরুর নির্ধারিত সময়ের আগেই কোনো কোনো প্রার্থী পোস্টার লাগিয়েছেন। এটা আচরণবিধির পরিপন্থী। আমরা শিবেরহাট ইউনিয়নের দুই চেয়ারম্যান পদপ্রার্থীকে ইতিমধ্যে মৌখিকভাবে সতর্ক করেছি। আচরণবিধি না মানলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’জানা গেছে, নির্বাচনী বিধিমালা অনুযায়ী প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করা যাবে। তফসিল ঘোষণার পর কোনো ধরনের মিছিল, সমাবেশ, গাড়ি মিছিল ও শক্তি প্রদর্শন করা যাবে না। তবে কর্মকর্তারা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন তফসিল ঘোষণার আগে নির্বাচনী প্রচার-প্রচারণা নিয়ে। জানা গেছে, আচরণবিধিতে এ ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া যায়, তা উল্লেখ নেই। তবে সারা দেশে ইউপি নির্বাচন শুরু হওয়ার আগে কমিশন থেকে সংশ্লিষ্ট জেলা কর্মকর্তাদের এ-সম্পর্কিত একটি চিঠি দেওয়া হয়। সেখানে বলা হয়েছিল, নির্বাচনের তফসিল ঘোষণার আগে সম্ভাব্য প্রার্থীদের কেউ যদি শক্তি প্রদর্শন, শুভেচ্ছা বাণী-সম্পর্কিত পোস্টার লাগায় কিংবা কোনো ধরনের হাঙ্গামা করে, তাহলে তা লিখিতভাবে যেন কমিশনকে অবহিত করা হয়।