পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের মাধ্যমে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, সাংসদ বিভিন্ন ইউনিয়নে নিজের অনুগত প্রার্থীদের সঙ্গে নিয়ে টিআর প্রকল্পের অর্থে বিভিন্ন প্রতিষ্ঠানে জেনারেটর ও রিকশা বিতরণ করছেন। এ ছাড়া স্থানীয় নেতা-কর্মীদের সার্কিট হাউসে ডেকে কিংবা ফোনে তাঁর অনুগত প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য প্ররোচিত করছেন। সংশ্লিষ্ট প্রার্থীরা মনে করেন, নির্বাচনের কয়েক দিন আগে সাংসদের এমন ভূমিকা নির্বাচনকে প্রভাবিত করবে। আজ পটিয়া উপজেলার ২২ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দলীয় সূত্রে জানা যায়, উপজেলার ২২ ইউনিয়নের মধ্যে পশ্চিম পটিয়ার পাঁচ ইউনিয়ন ছাড়া ১৭ ইউনিয়নে সাংসদ সামশুল হক চৌধুরীর সমর্থিত প্রার্থী রয়েছেন। ইতিমধ্যে ১২ ইউনিয়নে টিআর প্রকল্পের অর্থে জেনারেটর বিতরণ করা হয়েছে। কোনো কোনো ইউনিয়নে বিতরণ করা হয়েছে রিকশা।ভাটিখাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মাহবুবুল আলম জানান, ২৪ জুন সাংসদ তাঁর সমর্থনপুষ্ট চেয়ারম্যান পদপ্রার্থী জাফর আহমদের উপস্থিতিতে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে জেনারেটর বিতরণ করেছেন। তিনি বলেন, ‘সরকার ইউপি নির্বাচনকে নির্দলীয় বললেও প্রার্থীর উপস্থিতিতে জেনারেটর বিতরণের মাধ্যমে ভোটারদের ওই প্রার্থীর পক্ষে প্রভাবিত করা হচ্ছে। অথচ আমি এলাকার চেয়ারম্যান হলেও তিনি কখনো আমাকে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে দেননি।’ এ ব্যাপারে ২৫ জুন প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়া হয়েছে বলে তিনি জানান।জঙ্গলখাইন ইউনিয়নের ভোটার উজিরপুর গ্রামের আবদুর রহিম জানান, একই দিনে তাঁদের ইউনিয়নেও সাংসদ জেনারেটর বিতরণ করেছেন। ওই অনুষ্ঠানে সাংসদ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগের নেতা শাহাদত হোসেন উপস্থিত ছিলেন। আবদুর রহিমের প্রশ্ন, এ ধরনের আয়োজন নির্বাচনে প্রভাব ফেলবে না? প্রার্থী শাহাদত হোসেন বলেন, ‘আমি একজন দলের কর্মী হিসেবে অনুষ্ঠানে ছিলাম। এতে নির্বাচন প্রভাবিত হওয়ার কারণ নেই।’জিরি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান কাজী আমানউল্লাহ আমান বলেন, ‘সাংসদ আমার ইউনিয়নে চেয়ারম্যান পদে আবুল কালামকে সমর্থন দিয়েছেন। তিনি কখনো আওয়ামী লীগ করেননি। আমার পক্ষে দলের যেসব নেতা-কর্মী কাজ করছেন, তাঁদের ডেকে কিংবা ফোনে আবুল কালামের পক্ষে কাজ করার জন্য চাপ দিচ্ছেন সাংসদ।’কাজী আমান ২৬ জুন পটিয়ার একটি সামাজিককেন্দ্রে সংবাদ সম্মেলন ডেকে তাঁর ইউনিয়নে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা এবং নিজ নিজ কেন্দ্রে ভোট গণনা করার দাবি জানান।পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী বলেন, ‘সাংসদ কোনো প্রার্থী ঘোষণা দেননি। নির্বাচন নির্দলীয় হলেও দলের স্বার্থে আমরা দলীয়ভাবে ১৭ ইউনিয়নে একজন করে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছি।’ সাংসদ সামশুল হক চৌধুরীর সঙ্গে একাধিকবার চেষ্টা করেও ফোনে তাঁকে পাওয়া যায়নি। তবে তিনি ২৫ জুন পটিয়া উপজেলা সদরে জেনারেটর ও রিকশা বিতরণ অনুষ্ঠানে জানান, ইতিমধ্যে প্রায় ইউনিয়নে জেনারেটর বিতরণ করা হয়েছে। সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি তো বিভিন্ন প্রতিষ্ঠানে ওই সব জেনারেটর বিতরণ করছি। প্রতিষ্ঠান তো ভোট দেয় না। কাজেই এতে আচরণবিধি লঙ্ঘন হওয়ার কোনো কারণ নেই।’ এ ব্যাপারে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম বলেন, ‘আচরণবিধিতে সাংসদের ব্যাপারে কিছুই লেখা নেই। তবে কোনো প্রার্থীকে নিয়ে জেনারেটর বিতরণ করা হচ্ছে—এ ধরনের অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হোসেন বলেন, ‘টিআর প্রকল্পের জেনারেটর ও রিকশাগুলো ৩০ জুনের মধ্যে বিতরণের সময় নির্ধারিত রয়েছে। তবে এ উপলক্ষে অনুষ্ঠানে প্রার্থীর পক্ষে ভোট দিতে বললে আচরণবিধি লঙ্ঘন হবে।’