আচার পাঠান এখনই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আচার তৈরি করেছেন? না করলে তৈরির প্রক্রিয়া শুরু করুন। কেননা আর মাত্র কদিন বাকি ১১তম ‘প্রাণ-প্রথম আলো আচার প্রতিযোগিতা ২০১০’-এ আচার পাঠানোর। এবার বর্ষসেরা আচারের জন্য এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আর প্রতিটি বিভাগে প্রথম স্থান অর্জনকারী পাবেন ফ্রিজ, দ্বিতীয় হলে এলসিডি টিভি এবং তৃতীয় স্থান অর্জনকারী পাবেন ওয়াশিং মেশিন। বরাবরের মতো এবারের প্রতিযোগিতায়ও কিছু নিয়ম ও শর্তাবলি রয়েছে বলে জানান প্রাণের বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক আদিল খান। টক, মিষ্টি, ঝাল ও মসলাযুক্ত এবং অন্যান্য এই চারটি বিভাগে আচার পাঠাতে পারবেন। প্রথমেই পত্রিকায় প্রকাশিত এন্ট্রি কুপনটি সঠিকভাবে পূরণ করতে হবে। প্রতিটি আচারের কমপক্ষে ৩০০ গ্রাম করে নমুনা বয়ামে প্যাক করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। ত্রুটিপূর্ণ প্যাকিংয়ের জন্য আচার নষ্ট হলে তা গ্রহণযোগ্য হবে না। বয়ামের লেবেলে প্রস্তুতকারীর নাম, ঠিকানা, প্রস্তুতের তারিখ, কোন ধরনের আচার এবং যেসব উপাদান দিয়ে তৈরি তার নাম স্পষ্টভাবে লিখতে হবে। প্রতিটি নমুনা আচারের সঙ্গে আলাদা কাগজে প্রস্তুতপ্রণালি লিখে পাঠাতে হবে। তবে প্রস্তুতপ্রণালি বয়ামের গায়ে আটকে দেওয়া যাবে না। স্বাদ, বাহ্যিক বৈশিষ্ট্য, সংরক্ষণকাল, পুষ্টি বা খাদ্যমান, নতুনত্ব ও আকর্ষণীয় প্যাকিং—এই ছয় গুণের ওপর ভিত্তি করে বিজয়ী নির্বাচন করা হবে। দেশের খাদ্য ও পুষ্টি বিশেষজ্ঞ এবং বিশিষ্ট নারীরা এ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করবেন। এন্ট্রি কুপনের ফটোকপি গ্রহণযোগ্য কিন্তু প্রস্তুতপ্রণালি ছাড়া পাঠানো আচার বা নির্ধারিত সময়ের পরে পাঠানো আচার বিবেচনা করা হবে না। দেশ ও দেশের বাইরের বাংলাদেশি নারীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। একজন প্রতিযোগী একের বেশি আচার পাঠাতে পারবেন এবং একাধিক পুরস্কারও পেতে পারেন। ‘প্রাণ-প্রথম আলো আচার প্রতিযোগিতা ২০১০’-এর নমুনা আচার পাঠানোর শেষ তারিখ ১২ আগস্ট।