আচার পাঠানোর সময় বাড়ল
প্রাণ-প্রথম আলো জাতীয় আচার প্রতিযোগিতায় আচার পাঠানোর সময় আরও বাড়ল, ২০ জুলাই পর্যন্ত। এর মধ্যে যে কেউ তাঁর তৈরি করা সেরা আচারটি পাঠিয়ে দিতে পারেন নমুনা হিসেবে। সে ক্ষেত্রে প্রতিটি বয়ামে ৩০০ গ্রাম করে দুটি বয়ামে পাঠাতে হবে আচারের নমুনা। সেটি কোন ধরনের আচার সেটি অবশ্যই আচারের বয়ামের গায়ে লিখে দিতে হবে। এই প্রতিযোগিতায় আচারগুলোকে মূলত চারটি ভাগে ভাগ করা হয় ১. টক ২. ঝাল ৩. মিষ্টি ৪. অন্যান্য। যে কেউ চাইলে এক বা একাধিক ধরনের আচার নমুনা হিসেবে পাঠাতে পারবেন। সে ক্ষেত্রে নিচে দেওয়া কুপনটি কেটে পূরণ করে নিজের এলাকার ঠিকানায় পাঠাতে হবে। কুপনের ফটোকপিও পাঠাতে পারেন। দেশসেরা পুষ্টিবিদ ও রন্ধনশিল্পীরা ছয়টি গুণের ভিত্তিতে সেরা আচার নির্বাচন করবেন। সেগুলো হলো: ১. স্বাদ ২. নতুনত্ব ৩. সংরক্ষণকাল ৪. পুষ্টিমান ৫. বাহ্যিক বৈশিষ্ট্য ৬. আকর্ষণীয় প্যাকিং। প্রতিটি বিভাগ থেকে প্রাথমিকভাবে বাছাই করে ৪৮ জনকে নির্বাচন করা হবে। তারপর তাদের আচার অংশ নেবে চূড়ান্ত প্রতিযোগিতায়। সেখান থেকে প্রতিটি বিভাগে একজন করে মোট চারজন হবেন প্রথম স্থান অধিকারিণী। তাঁরা পাবেন ঢাকা-মালয়েশিয়া-ঢাকার দুটি এয়ার টিকিট। প্রতিটি বিভাগে দ্বিতীয় অবস্থানকারীরা পাবেন একটি করে ল্যাপটপ। এবং তৃতীয় স্থান অধিকারী চারজন প্রতিযোগী পাবেন একটি করে আইপিএস। একটি আচার নির্বাচন করা হবে, যেটি পাবে বর্ষসেরা আচারের তকমা। বর্ষসেরা আচার প্রস্তুতকারিণী জিতে নেবেন দুই লাখ টাকা। দেশ বা দেশের বাইরের যেকোনো নারী এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। কুপন কেটে আচার বয়ামে ভরে পাঠানোর সময় আচারের রেসিপিটা লিখে পাঠাতে ভুলবেন না যেন। তাহলে কিন্তু আপনার আচার প্রথম বিচারেই বাতিল হয়ে যাবে।