আচার বিচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ নভেম্বর ঢাকার হোটেল পূর্বাণীতে হলো প্রাণ-প্রথম আলো জাতীয় আচার প্রতিযোগিতা ২০১০-এর চূড়ান্ত বিচারকাজ। সকাল ১০টার মধ্যেই বিচারকেরা সবাই পৌঁছে গেছেন। শুরু হয়ে গেল জমজমাট আড্ডা। নানা মাধ্যমের মানুষ। নতুন অনেকের সঙ্গে পরিচিত হওয়ার আনন্দ, পুরোনো পরিচয়ের বাঁধনটা আবার ঝালিয়ে নেওয়া—এটাও ছিল তাঁদের জন্য বড় পাওয়া।টেবিলে সাজানো বোতলবন্দী ৪৮ রকম আচার। কখন চেখে দেখা যাবে, উন্মুখ কেউ কেউ। তবে এঁদের মধ্যে কয়েকজনের আগেও অভিজ্ঞতা ছিল বিচারক হওয়ার। কোনো রকম বিরতি ছাড়াই চেখে দেখতে হবে ৪৮ রকম আচার, নম্বরও দিতে হবে। ঝাল আচারগুলো কাঁদিয়ে ছাড়বে, টক আচার পিলে চমকে দেবে। নতুনদের জন্য পুরোনোদের সাবধানবাণী। তবে সেসব কথা তখন কানে না তুললেও আচার চাখার সময় সবাই টের পেয়েছেন, আচারের বিচার বড় সহজ নয়।ঝাল, টক, মিষ্টি ও অন্যান্য—চারটি বিভাগে চূড়ান্ত মনোনয়ন পেয়েছিল ৪৮টি আচার। প্রতি বিভাগে ১২টি করে, ৪৮টি আচার নির্বাচন করা হয়েছে সারা দেশ থেকে আসা সাড়ে সাত হাজার আচারের মধ্য থেকে। এ গুরুদায়িত্ব ছিল গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ লায়লা আরজুমান্দ বানু ও তাঁর দলের কাঁধে। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি আচার তাঁরা পরখ করেছেন। সেখান থেকে সেরা ৪৮টি আচার তুলে দিয়েছেন চূড়ান্ত পর্বের বিচারের জন্য।চূড়ান্ত বিচার শুরু হলো ঝাল আচারগুলো চেখে দেখার মধ্য দিয়ে। গোল টেবিলে বসা বিচারকেরা কাগজ-কলম নিয়ে তৈরি। আচারের শুধু স্বাদ নয়, পুষ্টিমান, দেখতে কেমন ইত্যাদি বিষয় বিচার করতে হবে। তবে এবার ঝাল আচারে নাকানিচুবানি খেতে কাউকেই দেখা গেল না। রান্নাবিদ সিতারা ফিরদৌস, গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ লায়লা আরজুমান্দ বানু অবশ্য আগেই অন্যদের সাবধান করে দিয়েছিলেন, ‘অল্প করে চেখে দেখো, নইলে ঝাল লেগে যাবে।’ সে কথা মেনেই বোধহয় এবার বাকিরা বেঁচে গেলেন।আচার খেতে তেমন পছন্দ করেন না সারিকা। শুরুতে বলা কথাটা শুধরে নিলেন একটু পরই, ‘এখানে সব আচারই দারুণ মজা। খিচুড়ি থাকলে দারুণহতো।’একই আফসোস সবার। বিচারকের দায়িত্বটা বড় কঠিন। অন্য কোনো কিছুতে নয়, মনোযোগ দিতে হবে শুধু আচারেই। জিভের স্বাদ ঠিক রাখার জন্য অবশ্য আচারের সঙ্গে একটু রুটি, চানাচুর, বাদামভাজা খেয়ে নিচ্ছিলেন তাঁরা।এবারের প্রাণ-প্রথম আলো জাতীয় আচার প্রতিযোগিতায় বিচারক ছিলেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ লায়লা আরজুমান্দ বানু, সংগীতশিল্পী শাহীন সামাদ, রান্নাবিদ সিতারা ফিরদৌস, নৃত্যশিল্পী তামান্না রহমান, চিকিৎসক ও সংবাদ উপস্থাপক শাহনাজ চৌধুরী, ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার, অনুষ্ঠান উপস্থাপক ও টপ অব মাইন্ডের কর্মকর্তা সামিয়া আফরীন, সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপক ফারাহ শারমীন এবং মডেল ও অভিনয়শিল্পী শখ, বিদ্যা সিনহা মিম ও সারিকা। বিচারপর্বের অনুষ্ঠানটি ধারণ করা হয়েছিল। সেই ভিডিওচিত্র উপস্থাপনায় ছিলেন শান্তু।৬ ডিসেম্বর পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরুর আগে আগে দেখানো হয় এ ভিডিওচিত্র।