১৯৯৮ সাল। আমার বয়স তখন আট। আমরা বনানীর যে বাসায় থাকতাম, তার একাংশেই ছিল আব্বুর চেম্বার। ভীষণ দুষ্টু আর চঞ্চল হওয়ায় সেখানে আমার আসা-যাওয়া হরদম। আব্বুর রোগীদের মধ্যে গুটিকয়েকেরই সঙ্গে আমাদের পরিচয় ছিল।একদিন আব্বু বাসায় নিয়ে এলেন একজন বৃদ্ধাকে। তাঁর শ্বেতশুভ্র চুল, শাড়ি আর স্মিত হাসিমাখা মুখখানা দেখে আমার মনে হয়েছিল যেন কোনো পরি এসেছেন আমাদের বাড়িতে। তিনি হাতে করে নিয়ে এসেছিলেন এক বোতল আচার। সেই আচার খাওয়ার পর আমি তাঁর একনিষ্ঠ ভক্ত বনে গেলাম। সেই থেকে শুরু। তিনি প্রায়ই আসতেন বাসায়, যখনই চেম্বারে আসতেন। প্রত্যেক সময়ই সঙ্গে সুন্দরভাবে প্যাকেটে মোড়ানো আচার। তাঁর আমের কাশ্মীরি আচারের স্বাদ আমি আজও ভুলতে পারিনি।আব্বু তাঁকে ডাকতেন মিসেস ইসমাইল বলে, আর আমার ডাক ছিল ‘আচারওয়ালা দাদু।’ আমাকে নাতনি করে নিয়েছিলেন প্রথম দিনই। আপনার চুলগুলো এত সাদা, আপনার বয়স কত? আমার এ প্রশ্নের জবাবে বলেছিলেন, ‘তোমার বয়স কত শুনি?’ আমার বয়স আট শুনে তো তিনি অবাক, ‘ও মা! তোমার বয়স আর আমার বয়স তো একই!’ কীভাবে? ‘তোমার বয়স আট, আর আমারটা আটের সঙ্গে একটা শূন্য। শূন্যের কোনো দাম নেই, তো একই হলো না!’এর পরের বছর ক্লাস টুতে আম্মু আমাকে গানের স্কুলে ভর্তি করালেন। সবাইকে অবাক করে দিয়ে একদিন তিনি হারমোনিয়াম নিয়ে হাজির! ‘এটা আমার নাতনিটার জন্য কিনেছিলাম, কিন্তু ও গান শিখল না। তুই গান শিখবি, তাই তোর জন্য আনলাম।’ দাদুর স্মৃতি বলতে এই একটা জিনিসই এখনো আমার কাছে আছে। দাদুর সন্তানদের মধ্যে একজনই দেশে ছিলেন, আর তাঁর একমাত্র নাতনির লেখাপড়া তখন প্রায় শেষ। একাকী দাদু তাই আমাকে অসম্ভব ভালোবাসতেন। দাদুর বাসায় বেড়াতে গিয়ে একবার বিচ্ছু পড়ছিলাম (একটি সাপ্তাহিক হাসির ম্যাগাজিন)। ‘আমার বিচ্ছু খুব ভালো লাগে’ কথায় কথায় তাঁকে বলে ফেলেছিলাম। কয়েক দিন পর তাঁর বাসা থেকে আমার জন্য ২৫-৩০টা বিচ্ছু চলে এল। ক্লাস ফাইভে একবার আমার জন্য নিয়ে এলেন এক বাক্সভর্তি নামীদামি হোটেলের সাবান আর শ্যাম্পুর ছোট বোতল। তিনি জানতেন, ছোট ছোট বোতল আমার অসম্ভব প্রিয়। বিদেশ থেকে আসা চকলেট আমার জন্য আনতেন প্রায়ই। এ ছাড়া আরও অনেক বিচিত্র উপহার পেয়েছি দাদুর কাছ থেকে, যার মধ্যে টিন-কাটার আর ব্যাটারিচালিত ফ্যানের কথা আমার এখনো মনে আছে। দাদু ছিলেন খুব শৌখিন। তাঁর বাসার পেছনে খোলা একটা কংক্রিটের উঠান ছিল, যেখানে বিশাল বিশাল টবে বিভিন্ন ফলের গাছ ছিল। সঙ্গে ফুলগাছও ছিল অনেক। শখের বশেই বিভিন্নজনের জন্য খাবার রান্না করে নিয়ে যেতেন। ক্লাস সেভেনে থাকতে একবার দাদুর বাসায় গিয়ে দেখি, বড় হাঁড়িতে পুডিং বানাচ্ছেন। ‘দাদু, আপনি কীভাবে এত মজার রান্না করেন?’ এ প্রশ্নের জবাব ছিল, ‘আমি তোকে সব রান্না শিখিয়ে যাব।’এর পরের বছরই দাদু অসুস্থ হয়ে পড়েন, শরীরে স্থাপন করা হয় পেসমেকার। আমি আর আম্মু আব্বুকে বলে-কয়ে ব্যস্ততার মধ্যেও সময় বের করে দাদুকে দেখতে গিয়েছিলাম। ম্যাক্সি পরা অসুস্থ দাদু আমাদের সামনে এলেন। কথা বলতে কষ্ট হচ্ছিল তাঁর। ‘শরীরটা তো খারাপ হয়ে গেছে। এখন আর আগের মতো শক্তি পাই না, তোদের দেখতে যেতে পারি না।’ এটাই আমার স্মৃতিতে দাদুর শেষ কথা। এরপর প্রায় দেড় বছর রোগের সঙ্গে যুদ্ধ করে পরাজিত হয়েছিলেন আমার ‘অপরাজেয় দাদু’। তখন আমার এসএসসি পরীক্ষা একেবারে কাছে এসে যাওয়ায় শেষবারের মতো দাদুর শান্ত, স্নিগ্ধ মুখখানা দেখা হয়নি। সে জন্য আজীবন নিজেকে অপরাধী মনে করব আমি।দাদু, কেন আপনি আমাকে আরেকটু সময় দিলেন না? কেন আপনার অসাধারণ রান্না শিখিয়ে গেলেন না? আমি যে আজও ডিম ভাজি আর নুডল্স ছাড়া কিছুই রান্না করতে পারি না। সীমানা , বনানী, ঢাকা