আচারের বিচার
একজন হাইটেক। আর অন্যজন? ননটেক। বিপরীত ক্ষেত্রের দুজন বসেছেন পাশাপাশি। ছবি তুললেন একসঙ্গে। আশপাশ থেকে শুরু হলো হাসি। টেকিজন বেসিসের সহসভাপতি ফারহানা এ রহমান, আর স্বঘোষিত ননটেক শারমিন লাকী। বিভিন্ন ক্ষেত্রের সফল নারীরা সেদিন বসেছিলেন তাঁদের প্রতিদিনকার কাজের বাইরে একদমই ভিন্ন এক কাজে। এক বসায় ৪৮ পদের আচার খেয়ে বেছে নিতে হবে সেরাদের সেরাকে। ৫ ডিসেম্বর ঢাকার স্পেকট্রা কনভেনশন সেন্টারে হলো প্রাণ-প্রথম আলো জাতীয় আচার প্রতিযোগিতা, ২০১১-এর চূড়ান্ত পর্বের বিচারকাজ।এবার বিচারক ছিলেন সংগীতশিল্পী ফাতেমা-তুজ জোহরা, কনা, অনিমা রায়, অভিনয়শিল্পী মৌসুমী, সোহানা সাবা, রান্নাবিদ মিলা মঞ্জুষা, কল্পনা রহমান, ক্রীড়াবিদ জোবেরা রহমান লিনু, সংবাদ পাঠক মিশু রহমান, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা ও বেসিসের সহসভাপতি ফারহানা এ রহমান এবং মডেল নাবিলা। টক আচার চেখে শুরু। ঝাল, মিষ্টি পার করে অন্যান্যতে শেষ। প্যাকেজিং, স্বাদ, দেখতে কেমন, নতুনত্ব এ বিষয়গুলো যাচাই করে নম্বর দেবেন বিচারকেরা। আচার খেতে একদমই পছন্দ করেন না কনা। তাঁকে পরামর্শ দেওয়া হলো কাশ্মীরি আচারগুলো বেশি করে খেতে। তবে চাখার বেলায় দেখা গেল কনা মোটেও পিছিয়ে নেই। ‘আম, আদা, লেবু, আনারস, আমড়া সবই তো হলো। কাঁঠালের আচার আসেনি এবার?’ হাসতে হাসতে বললেন কনা। কনা আর নাবিলা বিচারক হচ্ছেন শুনে নাকি চিন্তায় পড়ে গিয়েছিলেন তাঁদের মায়েরা। ‘সবাই এত কষ্ট করে আচার বানিয়েছে। সবাইকে ভালো নম্বর দিবি’। বলে পাঠিয়েছিলেন কনার মা। আর নাবিলার মা বেশ প্রশিক্ষণ দিয়েই পাঠিয়েছেন মেয়েকে, ‘তুই আচারের কি বুঝিস! আমার কাছ থেকে শুনে যা।’সব মানদণ্ডে যাচাই করে নম্বর দিতে হবে। এক্কেবারে পুডিংয়ের মতো দেখতে আচার খেয়ে বিচারকদের ভারি আফসোস। স্বাদে তা পেল সবচাইতে বেশি নম্বর। কিন্তু আচার বোতলজাত করায় কম পেয়ে গেল সেটি। শারমিন লাকী বললেন, ‘এত ভালো আচার। কেন যে কাচের বয়ামে সুন্দর করে পাঠালেন না!’এক বোতলে পাওয়া গেল আস্ত আম। গোটা আমের আচার! তার চেয়েও তাজ্জব হতে হলো চামচ দিয়ে একটু ভেঙে। ভেতরে আবার পুর ভরা। তবে যতই নতুনত্ব থাকুক, খেতে একটু তেতো। মন্তব্য করলেন সাবা। অণিমা বললেন, খালি মুখে নয়। এই আচার ভালো লাগবে খিচুড়ি দিয়ে।ঝাল আচার আসলে কতখানি ঝাল তা সবচেয়ে ভালো বলতে পারবেন ফাতেমা-তুজ-জোহরা। একবার তো বোম্বাই মরিচের আচার খেয়ে ঝালের চোটে টেবিল ছেড়েই উঠে যেতে বাধ্য হলেন। একটু সইয়ে নিয়ে আবার শুরু হলো বিচার।একের পর এক আচার পরিবেশন হচ্ছে। আড্ডা জমছে। চলছে ছবি তোলা আর নিজেদের ফেসবুক আইডি আদান-প্রদান। সকালে যেটা মনে হচ্ছিল খুব কঠিন। দেখা গেল সেই কঠিন বিচার কাজটাই একসময় বেশ সহজে সেরে ফেললেন বিচারকেরা।