আছাড়
ঈদে অবশ্যই বাড়ি যেতে হয়, আর সেখানেই বাধে যত বিপত্তি। মাঠঘাট শুকনো থাকুক অথবা কর্দমাক্ত থাকুক, আমাকে অবশ্যই সেখানে আছাড় খেতে হবে। কয়েকটা উদাহরণ দেওয়া যাক। সবাই মিলে পুকুরঘাটে বড়শি দিয়ে মাছ ধরছে। আমিও যোগ দিতে ঘাটের সিঁড়ি ভেঙে নিচে নামছি। কথা নেই বার্তা নেই, পা পিছলে সোজা পুকুরের পানিতে পড়ে গেলাম। এদিকে ছোট বাচ্চারা আমাকে দেখে এতই মজা পেয়েছে, যেন কোনো সার্কাসের ভাঁড় দেখলেও তারা এত মজা পেত না। যাক, তবু রক্ষা, ঈদের দিন ভালোভাবে কাটাতে পেরেছিলাম। ঈদের দ্বিতীয় দিন ঠিক করলাম, সবাই মিলে মহামায়া (দেশের অন্যতম বৃহৎ কৃত্রিম হ্রদ) দেখতে যাব। আমার ধারণা ছিল, এবারও যাওয়া হবে না। কারণ, আমরা গত আট বছরে ১৬ বার প্ল্যান করেছি, ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন কোথায় কোথায় যাব। অবশেষে দেখা যায়, কোথাও না গিয়ে শহরেই ফিরতে হয়। তার পরও এবার যাওয়া হলো। লেকে গিয়ে প্রথমেই আমরা নৌকা ভাড়া করলাম এক ঘণ্টার জন্য। লেকের অনেক ভেতর পর্যন্ত গিয়েছি। মাঝির কাছে শুনলাম, এ হ্রদটা নাকি খাগড়াছড়ি পর্যন্ত বিস্তৃত।৩০ মিনিটেই যেন এক ঘণ্টা হয়ে গেল। তীরে এসে নৌকা থামার পর একে একে সবাই নামছিলাম। সবার শেষে আমি। সবাই কী সহজেই না নেমে গেল! কিন্তু বিপত্তি ঘটল আমার বেলায়! কোনোভাবেই নামতে পারছি না। সিদ্ধান্ত নিলাম, লাফ দেব। লাফ দেব বলায় সবাই বুঝে গেল, একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। পতেঙ্গা সি-বিচে বোট থেকে নামার সময় বালুমিশ্রিত পানিতে আছড়ে পড়ে গিয়েছিলাম। আজও বোধ হয় সেই দিনটা হাতছানি দিচ্ছে। আমি মনে সাহস রাখলাম। গতবার শিক্ষা হয়েছে, এবার তো তা হওয়ার প্রশ্নই আসে না। মনে মনে এই ভাব যে সবাইকে দেখিয়ে দেব। জোরে লাফ দিলাম। পড়ে গেলাম কাদামিশ্রিত পানিতে। পরিস্থিতি ইতিমধ্যেই আমার প্রতিকূলে চলে গেছে। আমার অবস্থা দেখে সবার মধ্যে হাসির রোল পড়ে গেল। এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি, কাউকে আছড়ে পড়তে দেখে আমার মজা পাওয়াটা কতটা অন্যায় ছিল। সব পর্যটকের দিকে তাকিয়ে দেখলাম, তারা বুঝি হ্রদ দেখার চেয়ে আমাকে দেখেই সবচেয়ে বেশি মজা পেয়েছে। তবু আমি ছোটবেলায় পড়া সেই কবিতার লাইনটাকে জীবনের আদর্শ হিসেবে নিয়েছি, ‘আছাড়ে করিয়া হেলা হাঁট বার বার।’ লুবনা সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম।