>

জঙ্গিবাদে জড়িত বিপথগামীরা আমাদের তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করে না। গোটা বাংলাদেশে আমাদের তরুণেরা জড়িয়ে আছেন নানামুখী শুভ উদ্যোগের সঙ্গে। তাঁদের অভিনব ও ইতিবাচক কিছু উদ্যোগ নিয়ে এবারের মূল আয়োজন।
চারপাশে টিলা। মাঝখানে ছোট্ট মাঠ। সেখানে জমায়েত জনা বিশেক তরুণ-তরুণী। গোল হয়ে শুনছেন মধ্যমণি দুই তরুণের নির্দেশনা। মিনিট খানেক পরেই শুরু হলো তাঁদের শারীরিক কসরত। মধ্যমণি দুই তরুণ সমস্বরে গুনছেন এক, দুই, তিন...। আর অন্যরা কখনো শূন্যে ছুড়ছেন পা। কখনো দুজনের দলে ভাগ হয়ে চলছে একে অপরকে কুপোকাত করার চেষ্টা। টানা আধা ঘণ্টার মতো চলল প্রশিক্ষণ। এরপর মিনিট পাঁচেকের বিশ্রাম। এতক্ষণ পর্যন্ত যা চলল, তা ছিল আসলে আত্মরক্ষার নানা কৌশলের অনুশীলন।
২ আগস্ট সকাল আটটায় চট্টগ্রাম নগরের সিআরবির শিরীষতলায় গেলে দেখা মেলে প্রাণোচ্ছল এই তরুণ-তরুণীদের। তাঁরা সবাই তরুণদের ফেসবুকভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন দ্য ক্র্যাক প্লাটুনের সদস্য। সপ্তাহে তিন দিন চলে এই কার্যক্রম। বিশ্রামের ফাঁকে কথা হয় মধ্যমণি তরুণের একজন মোহাম্মদ ইমরানের সঙ্গে। বছর চব্বিশের এই তরুণ সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাডমিন ও চট্টগ্রাম জেলা প্রশাসক ক্রীড়া সংস্থার কারাতে দলের শিক্ষার্থী। ইমরান বলেন, ‘মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখাতে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় গত বছরের ফেব্রুয়ারিতে। তাদের আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়। এতে মেয়েরা নিজেরাই আত্মরক্ষা করতে শিখছে। ইতিমধ্যে মেয়েরা খালি হাতে দু-একজন বখাটেকে প্রতিরোধও করেছে।’
ইমরানের সঙ্গে কথা বলার ফাঁকে পাশে এসে দাঁড়ান প্রশিক্ষণার্থীদের কয়েকজন। তাঁদের সবার বয়স উনিশের নিচে। পড়ছেন কলেজ-বিশ্ববিদ্যালয়ে। তাঁদের একজন নিশাত আনজুম। ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নিশাত প্রায় পাঁচ কিলোমিটার দূরের আকবর শাহ এলাকা থেকে সাইকেল চালিয়ে আসেন। এভাবে সাইকেল চালিয়ে সাতসকালে আসতে সমস্যা হয় না? প্রশ্ন করতেই তাঁর মুখে আত্মবিশ্বাসের হাসি। বললেন, ‘প্রথম দিকে অনেকে নানা কথা বলত। ধীরে ধীরে প্রতিবাদ করা শুরু করলে এসব বন্ধ হয়ে গেছে। এখন তো সাইকেল চালিয়ে আসতে দেখলে আগে আমাদের জায়গা করে দেয়।’

নিশাতের সঙ্গে যোগ করেন নাসরিন আকতার। তিনিও সাইকেল চালিয়ে যাতায়াত করেন। ইভ টিজিং নিয়ে নাসরিনের পর্যবেক্ষণ ‘বখাটেরা তো এমনিতেই দুর্বল। প্রতিরোধ করলে ভয়ে পালায়।’ মোস্তফা হাকিম কলেজে বিবিএ-পড়ুয়া নাসরিন আসেন আকবর শাহ এলাকার পাশের ফয়’সলেক থেকে।
দলের সহকারী প্রশিক্ষক ফাহমিদা আহমেদের কথা তো আরও জোরালো। চোখেমুখে বেশ দৃঢ়তা। তিনি বলেন, ‘কেউ কিছু বললে আমি ভালো করে চোখ তুলেও তাকাতাম না। এখন তো আমি এক পা এগোলে ওরা দুই পা পেছায়।’
নাসরিন-নিশাতদের সহযোগিতা করতে আছেন ইনতিশার তাজওয়ার, ইব্রাহিম রাব্বী, আরমান আহমেদরাও। তাঁরা বলেন, ‘ইভ টিজিং করে কাপুরুষেরা। তাদের ঘৃণা করি।’
অবশ্য আত্মরক্ষার কৌশল শেখানো এটা সংগঠনের কার্যক্রমের একটি অংশ মাত্র। ক্র্যাক প্লাটুনের মূল কাজ অন্যায়ের প্রতিবাদ করা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ২০১৪ সালের মার্চে যাত্রা শুরু হওয়া সংগঠনটি ইতিমধ্যে সম্পন্ন করেছে বেশ কয়েকটি কাজ।
সংগঠনের পরামর্শক আনিন্দিতা ইসলাম জানান, উল্লেখযোগ্য কাজগুলো হলো ব্লাড ক্যানসার আক্রান্ত আবু নাসের, হার্টের বাল্ব নষ্ট হওয়া রাসনা কুমার দাশের চিকিৎসার জন্য তাদের পাশে দাঁড়ানো। তাদের জন্য তহবিল সংগ্রহে মাঠে নেমে নগরের মোড়ে মোড়ে গিয়ে অর্থ সংগ্রহ করেন সদস্যরা। এরপর সেই অর্থ তুলে দেওয়া হয় পরিবারের কাছে। এ বছরের মে মাসে বান্দরবানের থানচির শিশুদেরও সহায়তা করেছিলেন তাঁরা। সংগঠনের অন্যতম অ্যাডমিন (প্রশাসক) শোভনমিত্র তঞ্চঙ্গ্যা বলেন, ‘আমাদের শুরুও অভ্র নামের এক কারাতে খেলোয়াড়ের জীবন বাঁচাতে তহবিল সংগ্রহ করতে গিয়ে। তখন এ রকম সংগঠন ছিল না। ফেসবুকে অভ্রকে বাঁচানোর আকুতির একটি পোস্ট থেকে সবাই এক হলাম। যে পোস্টটি ব্যাপক সাড়া ফেলে। সাড়ে তিন শ স্বেচ্ছাসেবক কাজ করে তহবিল সংগ্রহের কাজে। এরপর ভাবলাম আমাদের নিজেদের একটি প্ল্যাটফর্ম দরকার। সেই থেকে দ্য ক্র্যাক প্লাটুনের যাত্রা শুরু। এখন আমাদের সদস্য ১১০ জন। কোনো ইভেন্ট ছাড়াও নিয়মিতভাবে আমাদের আড্ডা হয়।’
ক্র্যাক প্লাটুনের কর্মকাণ্ড নিয়ে আমাদের সঙ্গে কথা হয় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে। তিনি এই তরুণদের অভিনন্দন জানান। মেয়র বলেন, ‘এই তরুণদের পথ ধরে অন্যরাও এগিয়ে আসবে। এ ধরনের কার্যক্রম সমাজকে এগিয়ে নেবে। গড়ে তুলবে সুনাগরিক। এভাবে তরুণেরা এগিয়ে এলে জঙ্গিবাদ চিরতরে বন্ধ হয়ে যাবে।’
ক্র্যাক প্লাটুনের সদস্যদের আত্মরক্ষার কৌশল অনুশীলনের ভিডিও দেখুন: