আছে অনেক কারণ
রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে মুটে হিসেবে কাজ করে ইউসুফ। বয়স বড়জোর ১১। সংসার চালাতে তাকে এ বয়সেই কাজে নেমে পড়তে হয়েছে। ইউসুফের ভাষায়, ‘খুব কষ্ট হয়। তয় কাম না করলে কেউ খাইতে দিব না। স্কুলে পড়তাম। ক্যালাচ থিরি পর্যন্ত পড়চি। কিন্তু আমার বাপে কোনো কাম করে না। সারা দিন খালি ঝিমায়। মায়ে বাড়ি বাড়ি কাম কইরা সংসার চালাইতে পারে না। আমার ছোট তিনটা বইন আচে। অগো আমি খুব আদর করি। অগোর লাইগ্যাই এই কাম নিচি।’চট্টগ্রামের পাহাড়তলীর দক্ষিণ খুলশী এলাকার বিহারি কলোনির বাসিন্দা রোজী আক্তার (১৫)। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পাস করেছে। কিন্তু অভাবের কারণে আর এগোতে পারেনি। সংসারের চাহিদা মেটাতে রোজী এখন সেলাইয়ের কাজ শিখছে। রোজী বলে, ‘বৃদ্ধ বাবা-মা কোনো কাজ করতে পারে না। বড় দুই ভাই-বোন গার্মেন্টসে কাজ করে সংসারের খরচ চালায়। পড়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু খরচ দেবে কে?’ ‘পড়তে ভালো লাগে, পড়া মুখস্থ করি, কিন্তু ইশকুলে গিয়ে পড়া মনে থাকে না। মাস্টাররা বকাঝকা করে, পড়া না পারলে ক্লাসের সবাই হাসাহাসি করে। তাই বাবাক কছি আর স্কুলে যামু না। বাবা আর কিছু কয়নি।’ কথাগুলো জয়পুরহাটের সদর উপজেলার ১১ বছর বয়সী সজীবের। সজীব এখন সংসারে সাহায্য করার জন্য ওয়েল্ডিংয়ের কাজ শিখছে।রাজশাহীর বাগমারা উপজেলার আনোয়ার হোসেন (১০) একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়েছে। বছর খানেক আগে মা-বাবার মধ্যে ছাড়াছাড়ি হলে সে মায়ের সঙ্গে নানার বাড়ি চলে আসে। পরে আর সে স্কুলে ভর্তি হয়নি। এখন সে একটি মুদি দোকানে চাকরি নিয়েছে।রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে শ্রমিকের কাজ করে শাকিল শেখ (৯)। এক বছর আগে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসে পড়া না পারায় এক শিক্ষক তাকে মারধর করেন। এর পর থেকে সে আর বিদ্যালয়ে যায় না। ওপরের ঘটনাগুলো থেকে বোঝা যায়, কী কী কারণে শিশুরা বিদ্যালয় থেকে ঝরে পড়ছে। প্রাথমিক বিদ্যালয়ের পাঠটুকু শেষ করতে না পারার পেছনে নির্দিষ্ট বা একক কোনো কারণ নেই। একেকজনের বাস্তবতা একেক রকমের। তবে প্রাথমিক শিক্ষাব্যবস্থা নিয়ে কাজ করা ব্যক্তিদের মতে, দারিদ্র্যই মূল কারণ। এর পেছনে আর যেসব কারণ কাজ করছে সেগুলো হচ্ছে, অভিভাবকদের অসচেতনতা, স্কুলে পাঠদানের ক্ষেত্রে সমস্যা, শিক্ষার নিম্নমান, শিক্ষা খাতে সরকারের অপ্রতুল বরাদ্দ (বাংলাদেশে মোট দেশজ উৎপাদন বা জিডিপির মাত্র ২ দশমিক ৬ ভাগ বরাদ্দ দেওয়া হয়), বাল্যবিবাহ ইত্যাদি।২০০৯ সালের জুন মাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত ‘পার্টিসিপেটরি ইভালুয়েশন: কজেস অব প্রাইমারি স্কুল ড্রপ আউট’ শীর্ষক গবেষণা বলছে, প্রায় অর্ধেক শিশু ঝরে পড়ায় দেশে অর্থের ব্যাপক অপচয় হচ্ছে। ২০১৫ সালের মধ্যে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাধার সৃষ্টি করছে। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সহায়তায় করা এ গবেষণায় অংশ নেওয়া শিশুদের ৮০ শতাংশই স্কুল থেকে ঝরে পড়ার পেছনে বড় কারণ হিসেবে পরিবারের অভাব-অনটনের কথা বলেছে। অভিভাবকদের সচেতনতার অভাবও অন্যতম একটি কারণ।দরিদ্র মানুষের বিবেচনায় সন্তানকে স্কুলে পাঠানোর চেয়ে তাকে অন্য কোনো কাজে লাগানো অর্থনৈতিকভাবে লাভজনক। এ ব্যাপারে ঢাকা আহ্ছানিয়া মিশনের কর্মসূচি বিভাগের উপপরিচালক সোহরাব উদ্দিন বলেন, দরিদ্র মা-বাবা শিক্ষার গুরুত্ব বুঝতে পারেন না। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে উপবৃত্তি দেওয়া হয়, তা যথেষ্ট নয়। তাই তাঁর যে সন্তানটি ইতিমধ্যে স্কুলে পড়ছে, পরিবারের দারিদ্র্য ঘোচাতে তাকে কাজে লাগিয়ে দেন।বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেনের শিক্ষা উপদেষ্টা হাবিবুর রহমান বলেন, ‘আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোর অবকাঠামোগত অবস্থা ভালো নয়। বেশির ভাগ বিদ্যালয়ে খেলার মাঠ নেই। যেসব বই পড়ানো হচ্ছে, সেগুলোর কতটা শিশুদের পাঠ-উপযোগী, তা ভাবার বিষয়। এসব বই শিশুদের আকর্ষণ করে না। হাবিবুর রহমান বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের ৩৩ শতাংশ নিরক্ষর। ফলে বিদ্যালয় থেকে দেওয়া বাড়ির কাজ করতে গিয়ে শিশুরা তাদের মা-বাবার সাহায্য পায় না। বাড়ির কাজ ঠিকমতো করে নিয়ে বিদ্যালয়ে যেতে না পারায় তারা শিক্ষকদের তিরস্কারের পাত্রে পরিণত হয়। এভাবে একসময় তারা বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়।’শিশুদের বিদ্যালয় থেকে ঝরে পড়ার আরেকটি কারণ হচ্ছে বাল্যবিবাহ। জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) ‘বিশ্ব শিশু পরিস্থিতি-২০১১’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে প্রতি তিনজনে দুজনের বাল্যবিবাহ হয়। অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ায় তাদের পড়ালেখা বন্ধ হয়ে যায়।হাওর, বাঁওড় ও পাহাড়ি এলাকার শিশুদের মধ্যে ঝরে পড়ার হার খুব বেশি। বাড়ি থেকে স্কুল দূরে, অনুন্নত যোগাযোগব্যবস্থা ও ভাষাগত সমস্যার কারণে পাহাড়ি এলাকার শিশুরা বিদ্যালয় থেকে ঝরে পড়ছে। ইউনিসেফের এক পরিসংখ্যানে দেখা গেছে, অনুন্নত যোগাযোগব্যবস্থা এবং ভৌগোলিকভাবে দুর্গম ও প্রত্যন্ত এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিশুদের উপস্থিতি বেশ কম। বিশেষ করে হাওর ও চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে মোট শিশুর অনুপাতে শিক্ষার্থীর হার মাত্র ৮ শতাংশ, পাহাড়ি এলাকায় এ হার ৩ শতাংশ এবং অতিদরিদ্র অঞ্চলে মাত্র ২ শতাংশ। প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয়ে ভর্তির হার অত্যন্ত কম। সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান প্রথম আলোকে বলেন, ২০০২ সালের এক হিসাব অনুযায়ী মাত্র ৪ শতাংশ প্রতিবন্ধী সব ধরনের শিক্ষার আওতায় এসেছে। এরপর আর সে ধরনের তথ্য নেই। তবে বর্তমানে এ পরিসংখ্যান বেড়ে খুব বেশি হলে ১৫ শতাংশ হতে পারে। (এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন চট্টগ্রাম, জয়পুরহাট, রাজশাহীর বাগমারা ও রাজবাড়ীর গোয়ালন্দ প্রতিনিধি।)