পড়াশোনার ফাঁকে আড্ডা। এর সঙ্গে কিছু ভালো কাজ। এভাবেই ওদের কাটছে প্রতিদিন। আমাদের কাছে তারুণ্যের এই উচ্ছ্বাস যেন আকাশ ছোঁয়ার মতো। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মুখ থেকে এমনই কথা শোনা গেল।এক বছর পেরিয়ে সবেমাত্র দুই বছরে পদার্পণ করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। প্রথম বছর পাঁচটি বিষয়ে শিক্ষার্থী ছিল ৩০০ জন। এ বছর হয়েছে ১১টি বিভাগ। আর বর্তমানে মোট শিক্ষার্থী ৮৯০ জন।বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস শিক্ষক প্রশিক্ষক মহাবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা ক্লাস করছেন। ক্লাসের ফাঁকে আবার কখনো ওরা ভালো কাজ নিয়ে আড্ডায় মেতে উঠেছেন। এক বিভাগের শিক্ষার্থীর সঙ্গে আরেক বিভাগের শিক্ষার্থীর মিলও রয়েছে যথেষ্ট। পাশাপাশি শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের সৌহার্দ্যমূলক সম্পর্ক লক্ষ করার মতো।ক্যাম্পাসের এক আড্ডায় কথা হয় বাংলা প্রথম বর্ষের শিক্ষার্থী মো. সামিউল ওয়াকিলের সঙ্গে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়ার মজাই আলাদা। ব্যবসা-বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নওরীন তাসনুমান বললেন, খোলা আকাশে মুক্ত মনে ঘুরছি ফিরছি আর করছি পড়াশোনা। মার্কেটিং প্রথম বর্ষের নাজমুন্নাহারের মতে, বিশ্ববিদ্যালয়ে পড়া মানে তারুণ্যের উচ্ছ্বাস। বাঙালি সংস্কৃতিতে ভালো কাজ করতে আড্ডার প্রয়োজনীয়তা রয়েছে—বললেন বাংলার শিক্ষার্থী আরিফুল ইসলাম, আরমান হোসাইন, আসাদুজ্জামান, নাসিমুজ্জামান, মার্কেটিংয়ের আজামা, শাহেদুল আলম, রায়হান আজাদ, কায়সারুল আলম, শাহীনুর রহমান। এদিকে বিশ্ববিদ্যালয়ের বাংলার শিক্ষক ড. তুহীন ওয়াদুদ বলেন, এখানে এখন নিয়মিত কবিতা, সংগীত, বিতর্কসহ নানা বিষয়ে কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন শিক্ষার্থীরা। এটা একটা ভালো দিক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মু. আব্দুল জলিল বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কারমাইকেল কলেজের পূর্ব পাশে ৭৫ একর জমির ওপর এই বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণ হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, রংপুরে প্রতিষ্ঠিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১১টি বিষয় হলো গণিত, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বাংলা, ইংরেজি, অর্থনীতি, ব্যবসা প্রশাসন, পরিসংখ্যান, আইন, ব্যবস্থাপনা, মার্কেটিং ও ভূগোল।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ ২০০৮ সালের ৬ ডিসেম্বর কারমাইকেল কলেজের ৭৫ একর জায়গার মধ্যে রংপুর বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একই বছর ২২ অক্টোবর শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে রংপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করেন। নতুন সরকার ক্ষমতায় আসার পর বেগম রোকেয়ার নামে এ বিশ্ববিদ্যালয়ের নামকরণ হয়।