আছে কেবল টিনের ছাউনি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওপরে টিনের ছাউনি, এক পাশে জীর্ণ বাঁশের বেড়া। লম্বা টানা ঘরটির তিন দিকেই খোলা, ওপরে নেই কোনো সিলিং। এমন পরিবেশে একটি কক্ষে পাঠদান করছিলেন চারজন শিক্ষক। ৭ জুলাই দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নে অবস্থিত উত্তর রাঙ্গাপানিছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে।দীঘিনালা উপজেলা সদর থেকে ২২ কিলোমিটার দূরে প্রত্যন্ত রাঙ্গাপানিছড়া গ্রামে এই বিদ্যালয় অবস্থিত। ৯৩ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক আছেন বিদ্যালয়ে। নিয়মিত পাঠদানও হয়। তবে অবকাঠামো বলতে কেবল আছে মাথার ওপর একটি টিনের ছাউনি। দীর্ঘদিন ধরে একটি কাঁচা ঘরেই এই বিদ্যালয়ের কার্যক্রম চলছিল। তবে এখন এই ঘরের চার দেয়ালের বাঁশের বেড়াও অটুট নেই। উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করে জানা যায়, এই অর্থবছরে বিদ্যালয় ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। ভবন না হওয়া পর্যন্ত এভাবেই চলবে বিদ্যালয়ের কার্যক্রম।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মন্টু বিকাশ চাকমা বলেন, ‘এলাকার লোকজন খুবই গরিব। পাঁচ বছর আগে গ্রামের প্রতিটি পরিবার থেকে অর্থ সংগ্রহ করে টিনের ছাউনি দেওয়া বাঁশের ঘরটি নির্মাণ করা হয়েছিল। ঘরটির বেড়া ভেঙে পড়ছে। বাঁশের অভাবে ঘরটি সংস্কার করাও সম্ভব হচ্ছে না। দীঘিনালা থেকে বাঁশ আনলে প্রতিটি বাঁশের দাম ৩০ টাকার বেশি পড়ে। তবে গ্রামবাসী বাঁশ পেলে নিজেরাই স্বেচ্ছাশ্রম দিয়ে ভাঙা শ্রেণীকক্ষ সংস্কার করতে পারবেন।’দীঘিনালা উপজেলা শিক্ষা কর্মকর্তা মংগ্রি মগ বলেন, ‘রাঙ্গাপানিছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এক সপ্তাহ আগে দরপত্র গ্রহণের প্রক্রিয়াও শেষ হয়েছে। বর্ষা শেষ হলে ভবনের নির্মাণকাজ শুরু হবে।’বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, বর্ষার পর ভবনের নির্মাণকাজ শুরু হবে। নির্মাণকাজ শেষ হতে সময় লাগবে। নতুন ভবন চালু হতে অন্তত আরও এক-দেড় বছর সময় লাগবে। তবে এই এক-দেড় বছর জীর্ণশীর্ণ বিদ্যালয়ঘরটি টিকবে কি না, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন শিক্ষক ও অভিভাবকেরা।