আছে ঝালজামাই, কুসুমকলি, ঝিনুক পিঠা

নতুন জামাই বা অতিথি এলে হাজির করা হয় ‘তক্তি’ পিঠা। পিঠার সঙ্গে জামাই আদরের সম্পর্কটা বেশ। একটু বড় আকারের চাপ্টির নাম নাকি ‘ঝালজামাই’। নামের কারণেই হোক বা স্বাদের কারণেই হোক, মানুষের আগ্রহও কম নয়। নানান স্বাদের পিঠা ও কারুপণ্য নিয়ে শুরু হয়েছে পৌষ মেলা।
বেলা খনিকটা বাড়লেও প্রকৃতিতে সূর্যের দেখা তখনো মেলেনি। কুয়াশা আর গাছের ছায়ায় সূর্যের আলো ছিল ম্রিয়মাণ। কুয়াশাচ্ছন্ন এমনি প্রকৃতিতে শুক্রবার সকালে আবহমান বাংলার হাজারো বছরের লোকজ সাংস্কৃতিক ঐতিহ্যে তরুণদের উদ্বুদ্ধ করে উগ্রবাদ রুখে দেওয়ার প্রত্যয়ে শুরু হয়েছে তিন দিনের পৌষ মেলা।

পৌষ মেলা উদ্যাপন পরিষদের আয়োজনে বাংলা একাডেমির নজরুল মঞ্চে আয়োজিত পৌষ মেলা শুরু হয় সকাল আটটায়। রীতি অনুযায়ী, আইলা জ্বালিয়ে উদ্বোধন করা হয় ১৯তম পৌষ মেলার।
বাংলা একাডেমির মাঠের চারদিকে স্টল বানানো হয়েছে। কেউ কেউ এখনো পেরেক ঠুকছেন। গোছানো আরেকটু বাকি। বেশ কিছু স্টলে চুলা-হাঁড়ি-কড়াই আছে। অর্থাৎ ‘লাইভ পিঠা’ বানানো দেখতে পাবেন দর্শকেরা। সঙ্গে ঝাল-মিষ্টি ঘ্রাণ ফ্রি।

গোপালগঞ্জ পিঠাঘরের সোহেল মাহমুদ মৌসুমি পিঠা বিক্রেতা। গোপালগঞ্জের মানুষ তিনি। শীতকাল এলে নিজ এলাকার বিভিন্ন পিঠার স্বাদ দেন রাজধানীবাসীকে। ফার্মগেটে তাঁর অস্থায়ী পিঠার দোকান আছে। তবে সেখানে শুধু ভাপা-চিতই চলে। সোহেল বলেন, ‘একেক দেশে পিঠার একেক নাম। আমরা যেই পিঠারে চাপ্টি বলি, তা ঢাকায় আইসা হইছে ঝাল জামাই।’ একটি পাত্রে কয়েকটি পিঠা দুই টুকরা করা। টুকরাগুলোর মাঝে ডিম। দেখতে বেশ লোভনীয়। নাম তাঁর ‘কুসুমকলি’। এখানে পিঠার দাম ২০ থেকে ৫০ টাকা।
শাকিরা পিঠাঘরের তাসলিমা বেগমের স্টলেও মালপোয়া, ঝিনুক, চিকেন পুলি, মিষ্টি পুলিসহ নানান স্বাদের পিঠা আছে। রান্না তাঁর পেশা। রান্নাবিষয়ক মেলা হলেই ছুটে চলেন। বরিশাল ঐতিহ্যবাহী পিঠাঘরের স্টলে গুড় আর সুজির পাটিসাপটা দূর থেকেই নজর কাড়ছে। একটু ভিন্ন রকম পিঠা দেখা গেল। দেখতে কিছুটা কেকের মতো। এদের নাম ছানা পিঠা।

শওকত হোসেন ছেলেমেয়েকে নিয়ে এসেছেন। একাডেমির আমতলায় বসে দুধ চিতই খাচ্ছিলেন। তিনি বলেন, ‘প্রতিবারই চেষ্টা করি বাচ্চাদের নিয়ে আসার। বাসায় তো আর সব পিঠা বানানো সম্ভব হয় না। এ রকম জায়গায় এলে বিভিন্ন অঞ্চলের পিঠার স্বাদ নেওয়া যায় এবং পিঠা চেনাও হয়।’
এ মেলাতে পিঠার স্টলই বেশি। ৫০টি স্টলের ৪৬টি স্টল পিঠা ও খাবারের। বাকি ৪টি কারুপণ্যের জন্য।

সকালে মেলার উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। চারপাশে যখন জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে গেছে মন্তব্য করে পৌষ মেলার মাধ্যমে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, হাজারো বছরের সাংস্কৃতিক ঐতিহ্য বারবার বাংলার প্রতিরোধের হাতিয়ার হয়েছে, এ পৌষ মেলা তারই অংশ। বিদেশি অপসংস্কৃতি মানুষ হত্যাকারীদের পশুদের বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদের বঙ্গ সংস্কৃতির উৎসবগুলোর চর্চা বাড়াতে হবে।
পৌষমেলা উদ্যাপন পরিষদের সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুছ বলেন, ‘নগরে বেড়ে ওঠা তরুণটি যখন ভুলে যায় তার শিকড়ের কথা, যখন বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন বাঙালির সংস্কৃতির এই উপাদানগুলোকে আমরা এমন মেলার মাধ্যমে তাদের সামনে তুলে ধরতে চাই।’

মেলার সহ-আয়োজক বাংলা একাডেমির ফোকলোর বিভাগের পরিচালক শাহিদা খাতুন বলেন, ‘আমরা এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এ মুহূর্তে তরুণদের হাজার বছরের বাংলা ঐতিহ্য আর ইতিহাসে তরুণদের সম্পৃক্ত করতে হবে। পৌষ মেলার মতো সাংস্কৃতিক আয়োজনগুলো অব্যাহত রাখতে হবে।’
অনুষ্ঠানের ঘোষণাপত্র পাঠ করেন পৌষ মেলা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মেলা চলবে সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত।
