বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মৃদাত শারিমা রহমান খুন হন গত বছরের ২১ অক্টোবর। মর্মন্তুদ এ ঘটনা নিয়ে বিশেষ আয়োজন। লিখেছেন একরামুল হকমহানগর দায়রা জজ আদালতে আজ মৃদাত শারিমা রহমান হত্যা মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে। একই আদালতে মামলার একমাত্র আসামি এস এম তোহা ওরফে সৌরভের জবানবন্দি প্রত্যাহারের আবেদনের বিষয়টিও নিষ্পত্তি হতে পারে। মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি প্রত্যাহারের জন্য ৮ মার্চ তোহা মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেন। আদালত সূত্র জানায়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মৃদাত হত্যার ঘটনায় কোতোয়ালি থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) সুদীপ কুমার দাশ গত বছরের ১৪ নভেম্বর এস এম তোহাকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় সাক্ষী করা হয় ২৪ জনকে, যাঁদের মধ্যে মৃদাতের সহপাঠী এস এম সাফাত ইশতিয়াক ও তাসনিয়া জহির রয়েছেন। এঁরা চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এতে মৃদাতের সঙ্গে তোহার অসম প্রেম ও বিচ্ছেদের কাহিনি উঠে এসেছে। আর অসম প্রেমের ইতি টানতে এসে মৃদাত যেভাবে খুন হন তারও বিস্তারিত বর্ণনা আছে সাফাত ও তাসনিয়ার জবানবন্দিতে।প্রসঙ্গত, গত ২১ অক্টোবর সন্ধ্যায় নগরের আমিরবাগ আবাসিক এলাকার একটি বাড়ির ছাদে ছুরিকাঘাতে খুন হন মৃদাত। তিনি চট্টগ্রামের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্রী ছিলেন। ওই রাতে মৃদাতের বাবা মিজানুর রহমান বাদী হয়ে তোহাকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। ২৩ অক্টোবর রাতে ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার সময় ভাটিয়ারি এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে পুলিশ তোহাকে গ্রেপ্তার করে। আদালত সূত্র জানায়, গত বছরের ২৪ অক্টোবর চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তোহা। অসম প্রেমের সম্পর্ক ছিন্ন করায় তিনি মৃদাতকে ছুরিকাঘাতে খুন করেন বলে স্বীকার করেন। ওই দিন সকালে সাংবাদিকদের কাছেও ঘটনা স্বীকার করে বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন তিনি। আদালত সূত্র জানায়, অভিযোগপত্রে মৃদাতকে খুন করার জন্য তোহাকে সরাসরি দায়ী করেন তদন্ত কর্মকর্তা এসআই সুদীপ কুমার দাশ। এতে বলা হয়, আসামি তোহার অনুরোধের পরও কিছুতেই সম্পর্ক টিকিয়ে রাখতে রাজি ছিলেন না মৃদাত। এ কারণে তোহা নিজহাতে তাঁকে খুন করেন। তদন্ত কর্মকর্তা সুদীপ দাশ প্রথম আলোকে বলেন, ‘মৃদাত হত্যা মামলা তদন্ত করতে আমাকে বেগ পেতে হয়নি। অসম প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তোহা পরিকল্পিতভাবে মৃদাতকে খুন করে। আমি সব ধরনের আলামত ও সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করে আদালতে অভিযোগপত্র দিয়েছি।’ জানা যায়, মৃদাত হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ১০ ধরনের আলামত জব্দ করেছে। এর মধ্যে যে ছোরা দিয়ে হত্যা করা হয়েছিল তা উদ্ধার হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। এ ছাড়া ১০টি বিভিন্ন ধরনের উপহার কার্ড, ইংরেজি লেখা তিনটি চিঠি, একটি খাকি কাগজের খাম, যার মধ্যে হত্যাকাণ্ডে ব্যবহূত ছোরা ছিল, একটি পুরোনো রক্তমাখা গেঞ্জি, ছাই রঙের রক্তমাখা প্যান্ট আলামত হিসেবে জব্দ করা হয়। উল্লেখ্য, আলামত হিসেবে জব্দ করা চিঠিগুলো মৃদাতের হাতের লেখা ছিল। ওই চিঠি ফেরত দেওয়ার কথা বলে সাফাতদের বাড়ির ছাদে মৃদাতের সঙ্গে সাক্ষাৎ করেছিল তোহা।