
ধুর ছাই কিছুই ভালো লাগছে না। অফিসে রূম্পার (ছদ্মনাম) এই কথাটায় প্রায় অভ্যস্ত সবাই৷ প্রতিদিন কাজের মাঝে হয়তো ১২, ১৫ বা তার চেয়েও বেশি বার এই কথাটা বলে থাকে। এভাবেই মন খারাপ নিয়েই কাটিয়ে দেয় সারা দিন৷ রূম্পার জীবনে জটিল কোনো সমস্যা নেই৷ সবকিছুই চলছে নিয়মমতো৷ তারপরও কেন যে তার কিছুই ভালো লাগে না, এটা সে কিছুতেই বুঝে পায় না৷ রুম্পার মতো কোনো জটিল কারণ ছাড়াই মন খারাপের এই সমস্যায় কমবেশি পড়তে হয় সবাইকে৷
>শারীরিক কিছু জটিলতার কারণেও মন খারাপ হতে পারে৷ বিশেষ করে হরমোনজনিত কারণ যেমন থাইরয়েডের সমস্যা থাকলে মেয়েদের মধ্যে এই প্রবণতা দেখা দেয়৷ এই ধরনের হঠাৎ কোনো কারণ ছাড়াই মন খারাপে প্রিয় মানুষের সঙ্গ খুব কাজে দেয়৷
সাধারণত খুব কাছের মানুষের মৃত্যু, নিজের জীবনের নির্দিষ্ট লক্ষ্যে না পৌঁছানো এই ধরনের কারণে আমাদের মন খারাপ হয়ে থাকে। জানালেন বারডেম জেনারেল হাসপাতালের ল্যাবরেটরি সার্ভিসেস বিভাগের প্রধান অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী৷ এগুলো তো মন খারাপের যৌক্তিক কারণ৷ তবে সব সময় যে মন খারাপের কোনো উপলক্ষ থাকতে হবে তেমনটা কিন্তু নয়৷ আবহাওয়ার বৈচিত্র৵তাও অনেক সময় মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়, পশ্চিমা দেশগুলোতে সাধারণত এমনটা হয়ে থাকে৷ যেমন একটানা হয়তো বরফ পড়ছে, অথবা বাইরে খুব বেশি ঠান্ডা বা অন্ধকার যে বিষয়গুলো মন খারাপ হওয়ার নেপথ্যে কাজ করে৷ তবে সবারই যে এই ধরনের কারণে মন খারাপ হবে, তেমনটাও কিন্তু নয়৷ এটা আসলে নির্ভর করে ব্যক্তি বিশেষের ওপর। শারীরিক কিছু জটিলতার কারণেও মন খারাপ হতে পারে৷ বিশেষ করে হরমোনজনিত কারণ যেমন থাইরয়েডের সমস্যা থাকলে মেয়েদের মধ্যে এই প্রবণতা দেখা দেয়৷ এই ধরনের হঠাৎ কোনো কারণ ছাড়াই মন খারাপে প্রিয় মানুষের সঙ্গ খুব কাজে দেয়৷
কাছের মানুষের সঙ্গে একটু গল্প করা বা ঘুরে আসা তাৎক্ষণিকভাবে মন ভালো করতে সাহায্য করে৷ শুভাগত চৌধুরী জানালেন, অফিসে মন খারাপ লাগলে কাজের মাঝে একটু বিরতি নিন৷ পাচঁ মিনিটের জন্য অফিসের বাইরে থেকে ঘুরে আসুন৷ বই পড়া, সিনেমা দেখা বা গান শোনা অনেকের ক্ষেত্রে মন ভালো রাখতে সাহায্য করে৷ আবার সবার ক্ষেত্রে তা নয়৷ কারণ অনেক সময় দেখা যায় কোনো গান, সিনেমা বা বই মন খারাপ লাগাকে আরও বাড়িয়ে দেয়৷
বাহ্যিকভাবে এই ধরনের সমস্যাটা হয়তো ছোট, তবে এই বিষয়টা কিন্তু মোটেও হেলাফেলার নয়৷ কারণ দীর্ঘদিন ধরে এভাবেই মন খারাপ লাগা চলতে থাকলে একসময় তা ভয়াবহ বিষণ্নতায় রূপ নেয়৷ যা মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দিতে পারে৷ এই ধরনের সমস্যা দেখা দিলে প্রথমেই একজন মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলাটা জরুরি৷