আজ আমি সুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>জীবনে অনেক চড়াই-উতরাই পেরিয়ে সমাজে নিজেরা একটা অবস্থান তৈরি করেছেন। পাঠকেরা সেসব কাহিনী লিখে পাঠিয়েছেন নারীমঞ্চের ‘লড়াকু নারী’ বিভাগে। শুধু দেশের মধ্যেই নয়, ই-মেইল, চিঠিতে দেশের বাইরে থেকেও অসংখ্য লেখা এসেছে। সেখান থেকে নির্বাচিত লেখা আজ ছাপা হলো। আপনারা লেখা পাঠাতে থাকুন। নিয়মিত ছাপা হবে আপনাদের লড়াইয়ের গল্প

তখন বয়স মাত্র ১৬ বছর। মা-বাবার অমতে প্রেম করে বিয়ে করি। ছোট ছিলাম আর আমার পরিবারের সঙ্গে আমার স্বামীর পরিবারের শিক্ষা, আর্থিক, সামাজিক সব দিক থেকে বিস্তর বৈষম্য। ফলে তাঁরা এটা মেনে নিতে পারেননি। তাঁদের দোষ দিই না আমি। বিয়ের পাঁচ বছর পর আমার প্রথম সন্তান জন্মের পর আমাদের বিয়ে মেনে নেন তাঁরা। ভয়াবহ অভাবের মধ্যে আমার শ্বশুরের সহায়তায় আমি এইচএসসি, ডিগ্রি, মাস্টার্স পাস করি। আধুনিক এই যুগে একটানা তিন দিন শুধু পানি পান করে, মাসের পর মাস সাবান ছাড়া গোসল, দুই টাকার একটা মিনি ডিটারজেন্ট পাউডার কিনে তার এক-তৃতীয়াংশ দিয়ে চুল পরিষ্কার আর বাকিটুকু দিয়ে কাপড় ধোয়া, পাঁচ মাইল হেঁটে ছেঁড়া জামার কারণে কলেজে গিয়েছি বোরকা পরে। এসব কথা মনে পড়লে আজ আমি নিজেই আতঙ্কিত হয়ে পড়ি। কত বড় ভুল করেছিলাম আমি! ভাগ্যিস, স্বামী নামের ব্যক্তিটি ছিল খুব ভালো! তা না হলে কী দুর্দশাই না হতো আমার! রাতে শোয়ার মতো কোনো বিছানা, আলাদা কোনো ঘর ছিল না। প্রতিবন্ধী মেয়েকে কোলে নিয়ে বাসায় দুই বেলা ছাত্র পড়িয়েছি, সুই-সুতার কাজ করে আর বাবার দেওয়া প্রতি মাসের দুই হাজার টাকা দিয়ে কত যে কষ্টের মধ্যে দিনাতিপাত করেছি, তা লিখে প্রকাশ করা যাবে না।

এখন বিয়ের ১৭ বছর অতিক্রম করছি। বর্তমানে আমি একটি সরকারি সংস্থায় চাকরি করি। ভালো বেতন পাই। স্বামী এখন আধ্যাত্মিক জগতের মানুষ। তারপরও আজ আমি এত কঠিন জীবন পার করে কিছুটা সুখের মুখ দেখছি। আজ আমি সুখী।
সানজিদা, টাঙ্গাইল