আজ চট্টগ্রাম গণহত্যা দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার চট্টগ্রাম গণহত্যা দিবস। ২৪ বছর আগে ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি নগরের লালদীঘি ময়দানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভা বানচাল করতে পুলিশ নির্বিচারে গুলি বর্ষণ করে। এতে ২৪ জন নিহত হয়। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ ও চট্টগ্রামের আইনজীবীরা আজ বিভিন্ন কর্মসূচি পালন করছে। কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের কাছে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দেবেন আওয়ামী লীগের নেতা-কর্মী ও আইনজীবীরা। এদিকে গণহত্যার ঘটনায় করা একটি মামলা চট্টগ্রামের আদালতে বিচারাধীন। সাক্ষীদের অনুপস্থিতি এবং বিভিন্ন কারণে ২৪ বছরেও চাঞ্চল্যকর মামলাটি নিষ্পত্তি হয়নি। আদালত সূত্র জানায়, চাঞ্চল্যকর এই মামলায় প্রায় এক-তৃতীয়াংশ ব্যক্তি আদালতে সাক্ষ্য দিয়েছেন। তাঁরা আদালতে ঘটনার ভয়াবহ চিত্র তুলে ধরে তৎকালীন পুলিশ কমিশনার মির্জা রকিবুল হুদাকে দায়ী করেন। এ মামলায় সাক্ষীর সংখ্যা ১৬৮ জন বলে জানা গেছে। আর মামলার বাদী ছিলেন আইনজীবী শহীদুল হুদা। তিনি মৃত্যুবরণ করেছেন। চট্টগ্রামের এই গণহত্যা বিষয়ে একটি বই প্রকাশ করেছেন চট্টগ্রামের সাংবাদিক নিরূপম দাশগুপ্ত। তিনি প্রথম আলোকে বলেন, ‘সরকারের অনাগ্রহ থাকার কারণে মামলাটির নিষ্পত্তি প্রক্রিয়া থেমে আছে বলে আমাদের মনে হয়। নইলে এতগুলো প্রাণ অকালে ঝরে যাওয়ার দুই যুগ পরও কেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বিচার পাবে না? আর নির্বিচারে গুলিবর্ষণে নিহত হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টানদের নগরের বলুয়াদীঘি পারের অভয়মিত্র শ্মশানে পুড়িয়ে ফেলা হয়। এই ঘটনায় জড়িত দায়ী পুলিশ কর্মকর্তাদের বিচার হওয়া উচিত।’