আজ জব্বারের বলীখেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠজুড়ে উপচে পড়া দর্শক। মাঝখানে উঁচু করে তৈরি মঞ্চ। ঢোলের তালে তালে নেচে নেচে এগিয়ে আসছেন মল্লযোদ্ধারা। তারপর শুরু হবে রুদ্ধশ্বাস লড়াই। সমর্থকদের উল্লাসধ্বনি আর চিৎকারে কেঁপে উঠবে চারপাশ। স্নায়ুক্ষয়ী যুদ্ধে নির্ধারিত হবেন বিজয়ী। এভাবেই চলে শারীরিক কসরতের প্রতিযোগিতা বলীখেলা। আজ বসছে ঐতিহাসিক জব্বারের বলীখেলার ১০৪তম আসর। জেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে ছুটে আসেন আগ্রহী দর্শক। প্রতিযোগীরাও আসেন দেশের বিভিন্ন জেলা থেকে। এবার কি নতুন কোনো বলী চ্যাম্পিয়ন হবেন? নাকি গতবারের চ্যাম্পিয়ন অলি বলীর গলায় উঠবে বিজয়মাল্য? নিষেধাজ্ঞা শেষে কি মাঠে নামছেন দিদার বলী? এমন সব জিজ্ঞাসা নিয়েই খেলা দেখতে আসবেন দর্শকেরা। সব প্রশ্নের জবাব পাওয়া যাবে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায়। খেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্্জুর আলম ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজ। এরপর শুরু হবে মাঠের লড়াই। চ্যানেল আই খেলাটি সরাসরি সম্প্রচার করবে। জব্বারের বলীখেলা উপলক্ষে ইতিমধ্যে গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে বৈশাখী মেলা। মেলা উপলক্ষে গতকাল বুধবার চট্টগ্রামে আধাবেলা হরতাল পালনেরও ঘোষণা দেয় ১৮ দল। অবশ্য হরতালের প্রথম দিন মঙ্গলবার থেকেই মেলা জমে ওঠে। জানা গেছে, ১৯১০ সালে বদরপাতির বাসিন্দা আবদুল জব্বার সওদাগর ১২ বৈশাখ লালদীঘি মাঠে সর্বপ্রথম বলীখেলার আয়োজন করেন। সেই থেকে প্রতিবছর বৈশাখের ১২ তারিখ বলীখেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এবার বসছে বলীখেলার ১০৪তম আসর।আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী প্রথম আলোকে বলেন, বলীখেলার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত শতাধিক বলীখেলায় অংশগ্রহণের জন্য নাম তালিকাভুক্ত করেছেন। আশা করি চট্টগ্রামবাসী প্রতিবারের মতো এবারও খেলা উপভোগ করবেন। উল্লেখ্য, বলীখেলায় অংশগ্রহণকারী মল্লযোদ্ধারা আসেন নগরের বাকলিয়া, ফিরিঙ্গিবাজার, পতেঙ্গা, রাউজান, হাটহাজারী, সীতাকুণ্ড, টেকনাফ, উখিয়া, মহেশখালী, চকরিয়া, পটিয়া, বাঁশখালী, কুমিল্লা, ভোলা, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে। মেলা কমিটি সূত্র জানায়, নিষেধাজ্ঞা শেষে আবার জব্বারের বলীখেলায় ফিরতে পারেন দিদার বলী। ২০০৯ সালে দিদার বলী ও মর্ম সিং ত্রিপুরাকে বলীখেলায় নিষিদ্ধ ঘোষণা করেন সে সময়ের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। গত বছর দিদার বলী খেলায় অংশ নেওয়ার কথা থাকলেও অসুস্থ থাকায় তা সম্ভব হয়নি। এবার অংশগ্রহণে নিজের আগ্রহের বিষয়টি তিনি লিখিতভাবে মেলা কমিটিকে জানিয়েছেন। মেলা কমিটি দিদার বলীকে খেলায় অংশগ্রহণের অনুমতি দিয়েছে। মেলা কমিটির সাধারণ সম্পাদক শওকত আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘আমার দাদার নামে এই বলীখেলা ও মেলা হলেও এটা চট্টগ্রামের ঐতিহ্য। এই ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে বুধবার আধাবেলা হরতাল করায় ১৮ দলকে ধন্যবাদ।’ তিনি সবাইকে বলীখেলা দেখার আমন্ত্রণ জানান।