আজ জীবন খুঁজে পাবি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন অনিক (ছদ্মনাম)। চট্টগ্রাম থেকে ঢাকায় পড়তে এসে বেশ কজন নতুন বন্ধুও জুটে যায় তাঁর। নতুন বন্ধুদের একজনের পীড়াপীড়িতে ধূমপান শুরু হয় অনিকের। গ্রীষ্মের ছুটিতে বাড়িতে গেলে অনিকের মা-বাবা দেখলেন অনিক কেমন যেন বদলে গেছে। আগের মতো হাসিখুশি নেই, সারা দিন ধরে ঝিমায়, চোখের নিচে কালি পড়ে গেছে। ব্যাংকার বাবা অনিককে নিয়ে ছুটলেন হাসপাতালে। চিকিৎসক জানালেন অনিকের ধূমপান আসক্তির কথা। পরিবারের সবাই মিলে অনিকের ওপর চাপ শুরু করলেন ধূমপান ছেড়ে দিতে। কিন্তু অনিক উল্টো অবাধ্য হয়ে ঢাকায় চলে এসে আরও বড় ধরনের নেশার ভুবনে জড়িয়ে পড়েন। মা-বাবা চট্টগ্রাম থেকে ছেলের জন্য ঢাকায় চলে আসেন। অনিককে নিয়ে যান তাঁর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দপ্তরে। মাস ছয়েকের মধ্যে পরিবারের সবার সহযোগিতা, বিশ্ববিদ্যালয়ের পরামর্শদান দপ্তরের কাউন্সিলরদের সহায়তায় ধীরে ধীরে সুস্থ হয়ে আবারও অনিক আগের মতো হাসিখুশি জীবনে ফিরে এসেছেন।একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ পড়ুয়া শিক্ষার্থী নাঈম (ছদ্মনাম)। নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিকে জিপিএ-৫ অর্জনের পর সরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় প্রকৌশল বিষয়ে পড়ার চেষ্টা করেন। কিন্তু ভর্তিযুদ্ধে হেরে গিয়ে পাড়ার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে নিজের অজান্তেই মাদককে বন্ধু করে ফেলেন। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএতে ভর্তি হয়ে নতুন বন্ধুদের পাল্লায় মাদকাসক্ত হয়ে পড়েন নাঈম। একসময় পরিবারের সবাই জেনে যান নাঈমের অন্ধকার জীবনের কথা। নাঈমও অবাধ্য হয়ে রঙিন দুনিয়ার সন্ধানে এলোমেলো জীবন কাটাতে শুরু করেন। অতিমাত্রার ইয়াবা সেবন করে নানা মানসিক সমস্যা দেখা দেয় তাঁর। একপর্যায়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও নাঈমের মাদকাসক্তির কথা জেনে যায়। বেশ কবার সাবধান করার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নাঈমকে বহিষ্কার করে। এ রকম ঘটনা আমাদের আশপাশে অনেক দেখা যায়।প্রথম আলো, ২৩ জুন, ২০১২ সংখ্যায় প্রকাশিত তথ্যমতে, আমাদের দেশে ৭০ লাখের বেশি তরুণ মাদকাসক্ত। এই তরুণদের বেশির ভাগই কলেজ অথবা বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী। মাদকের প্রভাবে আমাদের তরুণেরা ধীরে ধীরে তাঁদের অমিত সম্ভাবনাকে ধ্বংস করে ফেলছেন। পরিবার, বন্ধুবান্ধবের কারণেই যেমন মাদকাসক্ত হয়ে পড়েন শিক্ষার্থীরা; আবার পরিবার-বন্ধুবান্ধবের হাত ধরেই মাদকাসক্ত কেউ আবারও পূর্ণাঙ্গ স্বাভাবিক জীবনে চলে আসেন। পরিবার, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ তরুণদের মাদকাসক্তির হাত থেকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শিক্ষার্থীরা যেন মাদকে জড়িয়ে না পড়েন, তার জন্য সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রয়েছে কাউন্সিলিং সেন্টার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাদকাসক্তিতে যেন জড়িয়ে না পড়েন, সে জন্য পরামর্শ প্রদান এবং আক্রান্ত ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় মনোচিকিৎসা প্রদান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দপ্তর। টিএসসির তৃতীয় তলায় শিক্ষার্থীদের কাউন্সেলিং করার জন্য আছেন একজন পূর্ণকালীন কাউন্সেলর। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য কাউন্সেলিং প্রদান করেন কয়েকজন শিক্ষানবিশ কাউন্সেলর, যাঁরা সবাই এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের বিভাগের শিক্ষার্থী। মাদকসেবী হতাশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কেন্দ্র থেকে পরামর্শ গ্রহণ করতে পারেন। সমস্যাক্রান্ত শিক্ষার্থীকে কমপক্ষে তিন মাস ফলোআপ করা হয়। পুরো সেবাটিই প্রদান করা হয় বিনা মূল্যে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র-শিক্ষককেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের পরামর্শ প্রদানের কেন্দ্র থাকে। মাদকাসক্ত শিক্ষার্থী বা তাঁর বন্ধুরা ইচ্ছা করলে সেসব কেন্দ্রের সহায়তায় নিজের মাদকাসক্ত বন্ধুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারেন।