আজ টিআইসিতে গোধূলির আলো
সমুদ্র-তীরবর্তী ছোট্ট পুরোনো শহর। সমুদ্রের কাছেই মানসিক হাসপাতাল। ডাক্তার হাসানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন মধ্যবয়সী রোকেয়া। মুক্তিযুদ্ধে সন্তান হারানোর বেদনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত। ডা. হাসানের স্ত্রীও মুক্তিযুদ্ধে শহীদ। নানা আলাপচারিতায় এ দুজন মধ্যবয়সী নিঃসঙ্গ মানুষ নিজেদের ভালো লাগার ভাব বিনিময় করেন। ক্রমেই নিবিড় হয় তাঁদের সম্পর্ক। গড়ে ওঠে পরস্পরের প্রতি নির্ভরতা। কিন্তু তাঁদের একাকীত্ব ও নিঃসঙ্গতা ঘোচে না। সমাজের বাস্তবতায় এ নির্ভরতা পরিপূর্ণতা পায় না।একাডেমি অব পারফর্মিং আর্টসের ১১তম প্রযোজনা গোধূলির আলো থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে আজ সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে। রুশ নাট্যকার আলেক্সেই আর্বুঝভের নাটক স্তারোমোদোনাইয়া কোমোদীয়া-এর ইংরেজি ভাষান্তর অ্যান ওল্ড ওয়ার্ল্ড কমেডি থেকে ড. আনিসুজ্জামান বাংলা রূপান্তর করেন এবং নাম দেনপুরোনো পালা। এ নাটক অবলম্বনে নির্দেশক মুনির হেলাল নির্মাণ করেনগোধূলির আলো।