আজ ঢাকায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুর বছর তো এসেই গেল। আজ না হয় বাদ দিন কাজ, প্রিয়জনকে নিয়ে কাটুক না সকাল-সাঁঝ। তার আগে দেখে নিন সারা দিনে নগরের নানা আয়োজন।

উৎসবের আমেজে ঘুরেফিরে কেটে যাবে নতুন বছরের প্রথম দিন। ছবি: নকশা
উৎসবের আমেজে ঘুরেফিরে কেটে যাবে নতুন বছরের প্রথম দিন। ছবি: নকশা

রমনার বটমূল
সূর্যোদয়ের সঙ্গে বৈশাখী উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে রমনার বটমূলে। ছায়ানটের শিল্পীরা বরণ করে নেবেন বাংলা নতুন বছর। আরও নানা রকম সাংস্কৃতিক পরিবেশনা চলবে দুপুর পর্যন্ত।

মঙ্গল শোভাযাত্রা
সকাল আটটায় থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজন মঙ্গল শোভাযাত্রা। ঢাকঢোলের বাজনার তালে তালে শোভাযাত্রা নামবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদও বের করছে মঙ্গল শোভাযাত্রা। সকাল নয়টায় বিশ্ববিদ্যালয় গেট থেকে শুরু করে শাঁখারীবাজার, রায়সাহেব বাজার মোড় হয়ে গুলিস্তান পর্যন্ত চলবে। ফের বাহাদুর শাহ পার্ক ঘুরে বিশ্ববিদ্যালয়ে এসে শেষে হবে তা।

গানের আয়োজন
রমনা পার্কে থাকছে নবীন-প্রবীণ শিল্পীদের অংশগ্রহণে তিন-চারটি কনসার্ট। সকাল থেকেই শাহবাগের শিশুপার্ক প্রাঙ্গণে গানের আসর চলবে। শিশুপার্কের পরেই বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বিকেলে কনসার্ট হচ্ছে সেখানেও। আর টিএসসিতে ব্যান্ড গানের আয়োজন বসছে দুপুর থেকে সন্ধ্যারাত পর্যন্ত।

মিরপুর ১১-এর সিটি ক্লাব মাঠে দিনব্যাপী থাকছে বৈশাখী মেলা ও কনসার্টের আয়োজন।

বৈশাখী মেলা
বাংলা একাডেমি প্রাঙ্গণজুড়ে বৈশাখী মেলার আয়োজন করছে বাংলাদেশÿক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থা (বিসিক)। থাকবে দেশের নানা প্রান্ত থেকে আসা হস্ত ও কারুপণ্যের পসরা। মেলা চলবে বৈশাখ মাসের প্রথম ১০ দিন।
শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজন করছে দিনব্যাপী বৈশাখী মেলা। মেলার অর্ধেকজুড়ে থাকছে নানা লোকজ ও কারুপণ্য এবং জামদানি শাড়ির সমাহার। আর বাকি অর্ধেকজুড়ে থাকছে নানা স্বাদ ও নকশার পিঠাপুলি।
গুলশান সোসাইটি সাউথ পার্ক মাঠে বৈশাখী মেলার আয়োজন করছে গুলশান সোসাইটি ও গুলশান ক্লাব। থাকছে বৈশাখী গান, বাউলগান, আগুন নিয়ে খেলা, সাপের খেলা, বানরের খেলা, পুতুলনাচ ও নাগরদোলায় দোলার সুযোগ। থাকছে দেশি পোশাক ও মৃৎশিল্পের সমাহার।
বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ ও ২৭ নম্বর সড়কসংলগ্ন রাজউক মাঠে দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করছে কানেকাটিং এইজ এবং অরেঞ্জ ৩৬০ লিমিটেড। থাকছে নাগরদোলা, লাঠি খেলা, বানর খেলা, মোরগ লড়াই। কুটির ও হস্তশিল্পের পাশাপাশি থাকছে খাবারের দোকান। বিকেলে কনসার্ট থাকবে।
ঢাকেশ্বরী মন্দির, বাসাবো কালীমন্দির ও স্বামীবাগের লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পূজার পাশাপাশি আয়োজন করছে বর্ষবরণ মেলা।
ঢাকার ধানমন্ডিতে রবীন্দ্রসরোবর মঞ্চ থেকে শুরু করে পুরো ধানমন্ডি লেক এলাকা উৎসবমুখর হয়ে উঠবে জনতার ঢলে। নানান অনুষ্ঠান আর মেলা মিলিয়ে প্রাণবন্ত হয়ে উঠবে পুরোটা দিন। মেলা বসবে মোহাম্মদপুরের জাপান সিটি গার্ডেন ও মালিবাগ চৌধুরীপাড়ায়।
পুরান ঢাকার ধূপখোলা মাঠ, শাঁখারীবাজার, তাঁতীবাজার, বাহাদুর শাহ পার্ক, শ্যামপুর ও ফরিদাবাদে বসেছে বৈশাখী মেলার আসর।