আজ তাঁরা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাদা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, আদরের নাতনিকে দেখার ভীষণ ইচ্ছে। সে খবর এল শহরের পুত্রবধূর কানে। চাকরির ব্যস্ততা থেকে কিছুটা সময় ধার করে ছুটলেন ডুলাহাজারার শ্বশুরবাড়ির উদ্দেশে। কাজের চাপে যেতে পারছেন না স্বামী। তাই বলে মেয়ে কি একা যাবে? সঙ্গী হলেন বাবা-মা। দিনটি ছিল ২৯ মে ২০০৯। সকাল পৌনে নয়টায় দেবপাহাড়ের বাড়ি থেকে বের হলেন নিশাত শারমিন। সঙ্গে বাবা, মা আর সাড়ে তিন মাসের টুকটুকে লাল পরি রানজিবা নেহেরীন। পারিবারিক গাড়িটা ছুটল চকরিয়ার ডুলাহাজারার উদ্দেশে। সামনের আসনে নিশাতের বাবা। পেছনে মেয়েকে নিয়ে বসেছেন নিশাত, পাশে মা। গাড়ি চলার ছন্দে মনের আনন্দে হাসছিল রানজিবা। আর চলছিল নানা-নাতির খুুনসুটি।লোহাগাড়ার চুনতি এলাকায় পৌঁছার পর হঠাৎ বিপরীত দিক থেকে আসা হানিফ সার্ভিসের একটি বাস চাপা দিল নিশাতদের গাড়িটা। মুহূর্তে মিলিয়ে গেল হাসিখুশির ছবিটা। ঘটনাস্থলে মারা গেলেন চারজন। নিশাত ও দুধের শিশুটির সঙ্গে মারা গেলেন তাঁর মা ও গাড়িচালক। বাবা মঞ্জুর আহমেদ চৌধুরী ২৭ দিন পাঞ্জা লড়ে হার মানলেন মৃত্যুর সঙ্গে। ২৯ মে সেই মর্মন্তুদ ঘটনার এক বছর পার হলো। ঘটনাস্থল থেকে পালিয়ে যান চালক। তাঁর কোনো শাস্তি হয়নি। বাসমালিক ৪০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ৪০ হাজার টাকা এতগুলো মানুষের জীবনের ক্ষতিপূরণ হতে পারে না—তাই নেননি ক্ষতিগ্রস্তরা। নিশাতের ভাই সৈয়দ আবু রায়হান চৌধুরী জানান, হানিফ বাসের ওই চালক মুঠোফোনে কথা বলতে বলতে চাপা দেয় তাঁর মা-বাবা ও বোনদের গাড়িটা। তিনি বলেন, সেদিন তাঁরও যাওয়ার কথা ছিল কিন্তু জরুরি কাজে আটকে গিয়েছিলেন। নিশাতদের পরিবার ছিল তিন ভাই-বোন ও বাবা-মাকে নিয়ে। আজ শুধু আছেন দুজন। নিশাতের বোন রিফাত তাসনিম বলেন, ‘আমি থাকতাম লন্ডনে। ঘটনার তিন দিন পর আমার দেশে ফেরার কথা। ভাগ্নিকে দেখার খুব ইচ্ছে ছিল। আমি ফিরেছিলাম ঠিকই কিন্তু ফেরেননি তাঁরা কেউই। আজ আমাদের বাড়িটা বড় শূন্য। আমি এখনো খুঁজে ফিরি হারিয়ে যাওয়া স্বজনদের।’আবু রায়হান বলেন, ‘সেই ঘাতক বাসচালক ঘটনার পরপরই পালিয়ে যান, কিন্তু আমাদের গাড়ির চালক মারা যান। তাঁর স্ত্রী এখন চরম অনটনে দিন কাটান। তিনি আমাদের কাছে আসেন, আমরা যতটুকু পারি সাহায্য করি।’ তিনি আরও বলেন, ‘একজন চালকের খামখেয়ালির কারণে শেষ হয়ে গেল দুটি পরিবার। চালকদের এ কথাটা মনে রাখা দরকার, সামান্য অসতর্কতার জন্য তছনছ হয়ে যেতে পারে কারও সুখের সংসার।’