আজ থেকে অফিস করবেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কিছু নেতা-কর্মীর হাতে লাঞ্ছিত হওয়ার আড়াই মাস পর আজ থেকে অফিস করবেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান। গত ২৬ আগস্ট ছাত্রলীগের একটি মিছিল থেকে আইউব খানের নেতৃত্বে কয়েকজন কর্মী উপজেলা পরিষদের কার্যালয়ে ঢুকে চেয়ারম্যানকে লাঞ্ছিত করেন। সেই থেকে পরিষদের অফিসে যাওয়া থেকে বিরত রয়েছেন তিনি। চেয়ারম্যানের ঘনিষ্ঠ সূত্র জানায়, ছাত্রলীগের কর্মীরা ওই সময় উপজেলা চেয়ারম্যানকে বিএনপির স্বার্থ রক্ষাকারী এবং ছাত্রলীগের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী হিসেবে আখ্যায়িত করেন। সে থেকে তিনি ক্ষোভে, অভিমানে উপজেলা কার্যালয়ে যাননি। তবে এ ব্যাপারে কোথাও লিখিত কোনো অভিযোগও দেননি। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে উপজেলা সমন্বয় সভায় উন্নয়ন প্রকল্প সম্পর্কে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণসহ বেশ কিছু দাপ্তরিক কাজের অগ্রগতি ব্যাহত হয়েছে। জানা যায়, উপজেলা চেয়ারম্যানকে লাঞ্ছিত করার সময় আনোয়ারার সদ্য প্রয়াত সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবু দেশে ছিলেন না। পরে তিনি দেশে ফিরলে উপজেলা চেয়ারম্যানকে ঘটনার সম্মানজনক সমাধানের আশ্বাস দেন। কিন্তু ব্যস্ততা ও শারীরিক অসুস্থতার কারণে আবার বিদেশ যাওয়ায় তা হয়ে ওঠেনি। সর্বশেষ বাবুর মৃত্যুর পর ৭ নভেম্বর উপজেলা চেয়ারম্যান পরিষদ কার্যালয়ে নিজকক্ষে বসেন। ওই দিন বাবুর জানাজা উপলক্ষে আসা স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফসহ কয়েকজন মন্ত্রী, সাংসদ ওই কার্যালয়ে গিয়েছিলেন।এরপর উপজেলা কার্যালয়ে বসবেন কি না এবং দাপ্তরিক কাজকর্মে অংশ নেবেন কি না জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘রোববার থেকে আমি অফিস করব। আজ আমাদের সবার অভিভাবক (আখতারুজ্জামান চৌধুরী) নেই। আতাউর রহমান খান কায়সারের ছোট ভাই হিসেবে তিনি আমাকে খুব বেশি স্নেহ করতেন। মৃত্যুর আগে তাঁর সঙ্গে কথা হয়েছিল। কিছু সমস্যা ছিল। তিনি সমাধানের উদ্যোগও নিয়েছিলেন। তিনি বেঁচে থাকলে তাঁর হাত ধরেই হয়তো পরিষদে যেতাম।’