আজ থেকে নগরবাসীর হাতে যাচ্ছে স্মার্ট কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আজ বৃহস্পতিবার থেকে নগরবাসীর হাতে যাচ্ছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড)। প্রথমে কোতোয়ালি ও ডবলমুরিং থানায় এই কার্ড বিতরণ করা হবে। কার্ড বিতরণের সময় সংশ্লিষ্ট ব্যক্তির ১০ আঙুলের ছাপ ও চোখের ছবি নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার কোতোয়ালি থানার স্মার্ট কার্ড বিতরণ শুরু হচ্ছে বাগমনিরাম আবদুর রশিদ সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় থেকে। সেখানে ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডের স্মার্ট কার্ড বিতরণ করা হবে। একই দিন ডবলমুরিং থানাধীন ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে টাইগারপাস বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে। সরকারি খোলার প্রতিটি দিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত কার্ড বিতরণ করা হবে।

এর আগে গত সোমবার সার্কিট হাউসে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রামে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। এই কার্ডে প্রায় ৩০ ধরনের তথ্য থাকবে বলে সিইসি জানান।

জানতে চাইলে কোতোয়ালি থানা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার থেকে কার্ড বিতরণ করব। পর্যায়ক্রমে সব ওয়ার্ডে এই কার্ড বিতরণ করা হবে। কার্ড বিতরণের সময় কিছু নিয়মকানুন ও প্রক্রিয়া রয়েছে। সেগুলো অনুসরণ করে এটা করা হবে।’

রেজাউল করিম বলেন, স্মার্ট কার্ড বিতরণের আগে সংশ্লিষ্ট ব্যক্তির দুই চোখের ছবি এবং হাতের ১০ আঙুলের ছাপ নেওয়া হবে। এসব প্রক্রিয়া সম্পাদন করে স্মার্ট কার্ড বিতরণ করা কিছুটা সময়সাপেক্ষ।

জানতে চাইলে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসাইন খান বলেন, ‘কোতোয়ালি ও ডবলমুরিং থানার সব কার্ড চলে এসেছে। আমরা পর্যায়ক্রমে এসব বিতরণ করব। এ জন্য আমাদের প্রায় ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে।’ উল্লেখ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্যগুলো এই স্মার্ট কার্ডে স্থানান্তর করা হয়েছে। চোখের ছবি ও আঙুলের ছাপের মধ্য দিয়ে এখানে আরও কিছু তথ্য থাকবে।

কোতোয়ালি থানা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘যেসব ব্যক্তি ছবি পরিবর্তন করতে চান, তাঁদের পরে আমাদের কার্যালয়ে যোগাযোগ করে করতে হবে। ওই প্রক্রিয়ায় আরেকটু সময় লাগবে। এখন স্মার্ট কার্ড বিতরণের সময় অবশ্যই জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে হবে।’