অবশেষে তিন মাস পর গ্যাস পেল আনোয়ারায় স্থাপিত কর্ণফুলী সার কারখানা লিমিটেড—কাফকো। গত বুধবার থেকে এ কারখানায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। তবে এখনো যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষার কাজ চলায় পুরোদমে উৎপাদন শুরু হবে আজ রোববার থেকে।
কাফকো সূত্র জানায়, গত ১ জুন থেকে কারখানার উৎপাদন বন্ধ করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে গ্যাস দেয় সরকার। ওই সময় এ গ্যাস ব্যবহার করে রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্র ও শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রে চালু রাখা হয়। অবশেষে গত বুধবার গ্যাস পায় কাফকো।
সূত্র আরও জানায়, বুধবার কাফকো চাহিদামতো গ্যাস পেলেও আপাতত দিনে ৫ মিলিয়ন ঘনফুট আর রাতে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ব্যবহার করছে। তবে রোববার থেকে কারখানা পুরোদমে উৎপাদনে গেলে তখন ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস ব্যবহার করবে। এ কারখানায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন সার উৎপাদিত হয়।
কাফকোর উপমহাব্যবস্থাপক (প্রশাসন) জাওয়াদুল হক বলেন, ‘আমরা বুধবারই গ্যাস পেয়েছি। পুরোপুরি উৎপাদন শুরু হবে রোববার (আজ) থেকে।’