স্বাধীনতার ৪২ বছর ও নাট্যশিল্পের আলোয় মহান মুক্তিযুদ্ধ এই শিরোনামে আজ রোববার থেকে তিন দিনব্যাপী চট্টগ্রামের মুক্তিযুদ্ধের নাটক সোয়াত নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে। এই নাট্য উৎসবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় মুক্তিযুদ্ধের গান, কবিতা আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান এবং প্রতিদিন সন্ধ্যা সাতটায় মুক্তিযুদ্ধের নাটক সোয়াত পরিবেশিত হবে। মামুনুর রশীদ রচিত এবং আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত মুক্তিযুদ্ধের নাটক সোয়াত থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) তৃতীয় প্রযোজনা। ১৯৭১ সালের ২৪ মার্চ। পাকিস্তান শিপিং করপোরেশনের পণ্যবাহী জাহাজ এমভি সোয়াত চট্টগ্রাম বন্দরে নোঙর ফেলে। এতে করাচি থেকে খাদ্যশস্যের আড়ালে বিপুলসংখ্যক অস্ত্র বয়ে আনা হয়। এ তথ্য আর গোপন থাকেনি। হঠাৎ চট্টগ্রাম বন্দর উত্তাল ও অগ্নিগর্ভ হয়ে ওঠে। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দাউ দাউ করে জ্বলে ওঠে প্রতিরোধের স্ফুলিঙ্গ—মহান মুক্তিযুদ্ধের এই ঐতিহাসিক ঘটনা অবলম্বনে রচিত সোয়াত নাটকে অভিনয়ে ও নেপথ্যে রয়েছেন এম শাহীন চৌধুরী, মাহাবুবুল ইসলাম, আবদুল হাদী, মোহাম্মদ আলী, রিপন বড়ুয়া, রমিজ আহমেদ, প্রিয়ঙ্কর দেবনাথ, অলিউর রহমান, মানিক মিয়া, জুয়েল চাকমা, শ্যামল বড়ুয়া, অমিত চক্রবর্তী, মোহাম্মদ নুরুন্নবী ও আহমেদ ইকবাল হায়দার।